Cyclone Akvan 2026: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সবকিছু ঠিক থাকলে এটি হতে পারে চলতি বছরের বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড়। এর নাম রাখা হতে পারে ‘আকভান’ (Akvan)। এই নামটি দিয়েছে ইরান। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ এবং কোথায় আছড়ে পড়তে পারে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। অন্যদিকে, বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর নাগাদ তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়। ফলে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
কীভাবে শক্তি বাড়াবে নিম্নচাপ? (Cyclone Akvan 2026)
আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ১৪ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।এরপর ১৫ নভেম্বর নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে IMD।
কোথায় কতটা বাড়বে ঝোড়ো হাওয়ার গতি? (Cyclone Akvan 2026)
নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ১৩ থেকে ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও একই রকম আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে, ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাংলার দিকে আসবে ঘূর্ণিঝড়? (Cyclone Akvan 2026)
এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে এখনই স্পষ্ট ধারণা দিতে পারছেন না আবহাওয়াবিদরা। স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি যদি উত্তর-পূর্ব দিকে বাঁক নেয়, তাহলে বাংলাদেশের উপকূলের দিকে এগোতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা বাড়বে। চলতি মরশুমে এই প্রথম বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।অন্যদিকে, ঘূর্ণিঝড়টি প্রত্যাশিত পথে এগোলে ১৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূল এড়িয়ে ঝড়টি সমুদ্রের উপর দিয়েই বাঁক নিতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
এখনও সতর্ক অবস্থানে আবহাওয়া দফতর (Cyclone Akvan 2026)
অন্ধ্রপ্রদেশের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে IMD এখনও রাজ্য সরকারকে কোনও বিশেষ বার্তা দেয়নি। IMD অমরাবতীর বিশেষ বুলেটিনেও সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। তবে আবহাওয়া দফতরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি।স্কাইমেটের মতে, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেই তার শক্তি এবং গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। শনিবারের পর পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। ফলে আপাতত বঙ্গোপসাগরের উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। কোথায় আছড়ে পড়বে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।










“ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ‘আকভান’ ! কোন পথে এগোবে?”-এ 2-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।