Cyclone Akvan Bengal Weather Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্তমানে পুরী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ৪৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ‘আকভান’। শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যে শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert for Cyclone Akvan)
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা (Cyclone Akvan Alert for Fisherman)
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ও ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া যাবে না। নামখানা, ফ্রেজারগঞ্জ ও বকখালি উপকূলে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাতে শুরু করলে বৃষ্টির পরিমাণও কমবে।









