New Medical Colleges in West Bengal: বাংলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করতে রাজ্যে নতুন করে ৪টি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের দামি ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের সমস্ত হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। শুক্রবার, ২৭ নভেম্বর অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশ্বাস, চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে ছুটতে হবে না বাংলার মানুষকে। রাজ্যেই মিলবে উন্নত চিকিৎসার সুযোগ।
স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, তৈরি হবে ৪ মেডিক্যাল কলেজ (Medical Colleges)
রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলায় আরও চারটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। এই চারটি মেডিক্যাল কলেজের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। সরকারের লক্ষ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে নিজেদের কাছাকাছি এলাকায় উন্নত চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষার সুযোগ পান।
এদিন অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে তৈরি হবে ৫০০ শয্যার হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাসপাতাল তৈরি হলে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
ক্যানসারের ওষুধ মিলবে কম দামে (Cancer Medicines)
ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম অনেক বেশি। ফলে চিকিৎসার খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়েন বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। এই সমস্যা কমাতেই রাজ্যের সমস্ত হাসপাতালে অমৃত মেডিসিন সেন্টার খোলার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ কম দামে দামি ওষুধ কিনতে পারবেন। বিশেষ করে ক্যানসারের মতো রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ সস্তায় পাওয়ার ব্যবস্থা করা হবে। এতে রোগীদের পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা সরকারের।
সাড়ে ৮ কোটি মানুষকে ক্যাশলেস চিকিৎসা (Cashless Treatment Medical Colleges )
স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের প্রায় সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম। এছাড়াও নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে একটি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য ১০০০টি শয্যা বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে রাখা হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা (Medical Colleges Hospital Food)
হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ নিয়েও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের সময় হাসপাতালে রোগীদের তিনবেলার খাবারের জন্য দৈনিক বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। তাঁর অভিযোগ, জনপ্রতিনিধিদের বেতন বাড়লেও হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি।
মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতালে হৃদরোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভিনরাজ্যে চিকিৎসার প্রবণতা বদলাতে চান মুখ্যমন্ত্রী (Medical Colleges Healthcare in Bengal)
বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বিদেশের বহু মানুষ চিকিৎসার জন্য বাংলায় আসেন। অথচ বাংলার বাসিন্দাদের একটা বড় অংশ উন্নত চিকিৎসার আশায় ভিনরাজ্যে, বিশেষ করে ভেলোরে ছুটে যান। এই প্রবণতা বদলানো প্রয়োজন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য রাজ্যে যেতে হবে না। রাজ্যেই উন্নতমানের চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হবে। নতুন মেডিক্যাল কলেজ, ক্যানসার হাসপাতাল এবং অমৃত মেডিসিন সেন্টারের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে চায় সরকার।
এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আগের সরকারের আমলের হাসপাতাল পরিচালনা নিয়েও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি হাসপাতালের পরিষেবা এবং রোগীদের সুযোগ-সুবিধার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।











