Ritabrata Banerjee: বিরোধী দলনেতা পদে আর থাকছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ এবং মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগ—দুটিই বাতিল করেছে আদালত।
আদালতের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে এই দুই পদে নিয়োগ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষকে। ফলে বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
তবে আগামী ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিধানসভা বিরোধী দলনেতাহীন থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আদালতের নির্দেশের পর বিধানসভার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্তের নির্দেশ (Ritabrata Banerjee)
বিচারপতি কৃষ্ণ রাও এই রায় দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বিরোধী দলনেতা হিসেবে তাঁকেই মনোনীত করেছিল দল। তা সত্ত্বেও অধ্যক্ষ সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ওই পদে স্বীকৃতি দিয়েছেন। মামলার সূত্রপাত বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া মতবিরোধ থেকে।
গত ৩ জুন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথমে মামলাটি সিঙ্গেল বিচারপতির বেঞ্চে ওঠে, পরে তা ডিভিশন বেঞ্চে যায়। গত আগস্টে ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আরও দু’মাস বিরোধী দলনেতার দায়িত্বে থাকার অনুমতি দিয়েছিল। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল। অবশেষে শুক্রবার সিঙ্গেল বিচারপতির বেঞ্চ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ খারিজ করে বিধানসভার অধ্যক্ষকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।










