Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। শুক্রবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।
নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর (Cyclone Akvan Nabanna Emergency Meeting)
ঘূর্ণিঝড় আকভান ওড়িশার গোপালনগর এলাকায় স্থলভাগে প্রবেশ করেছে। এরপর শক্তি হারিয়ে সেটি ক্রমে নিম্নচাপের রূপ নিয়ে বাংলার দিকে এগোবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝেই শুক্রবার দুপুরে নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যসচিব সংঘমিত্রা ঘোষ-সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে এমন জেলাগুলির প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুর্যোগের সময় পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
চাষের জমি ও ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে খোঁজ (Crop Damage Due to Cyclone Akvan)
দুর্যোগের পাশাপাশি কৃষিক্ষেত্রে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির জেরে বিভিন্ন জেলায় চাষের জমি এবং ফসলের কী পরিস্থিতি, তা জানতে চান তিনি। কৃষকদের ক্ষতির বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন থেকে গোটা পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগের সময় সাধারণ মানুষের যাতায়াত, বিদ্যুৎ পরিষেবা এবং জল জমার মতো সমস্যাগুলির দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Akvan Heavy Rain Alert in South Bengal)
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। এছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতাতেও শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টি চলতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শহরের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মহানগরে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতায় জল জমার আশঙ্কা, বিশেষ নজরদারির নির্দেশ ( Cyclone Akvan Kolkata Rainfall Alert )
টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তায় জল জমতে পারে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কলকাতার জল জমার সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে, আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়া প্রতিকূল থাকার আশঙ্কা। তাই আগাম সতর্কতা এবং প্রশাসনিক তৎপরতার উপরই জোর দিচ্ছে রাজ্য সরকার। দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিষেবা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।










