Sheikh Hasina Bhomra Land Port Rumour: ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশ করবেন এবং সাতক্ষীরা হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে সমাজমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। এই গুঞ্জনের প্রতিবাদে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনও ধরনের তৎপরতা, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রাতারাতি মশাল মিছিল করেন সাতক্ষীরা জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মশাল মিছিল ঘিরে রাজনৈতিক তৎপরতা
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়। হাতে জ্বলন্ত মশাল নিয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। মিছিল চলাকালীন আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগানও শোনা যায়। পরে মিছিলটি একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের যে কোনও ধরনের কাজ রুখে দিতে তাঁরা প্রস্তুত রয়েছেন। কেউ দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যে কোনও ষড়যন্ত্র মোকাবিলায় সাতক্ষীরা জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও দাবি করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক ইফতেখার আলী, প্রাক্তন সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের প্রাক্তন সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের প্রাক্তন সভাপতি আহসানুল কাদীর স্বপন। এদিনের কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ হাসিনার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের যে খবর বা গুঞ্জনকে কেন্দ্র করে এই কর্মসূচি, তার সত্যতা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।








