Supriya Sule Cabinet Berth: মোদি সরকারের পুনর্বিন্যাস বিলকে সমর্থন জানাতে পারে শরদ পওয়ারের দল এনসিপি (এসপি)। তবে সেই সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা চান দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে। শুধু কেন্দ্রীয় মন্ত্রিত্ব নয়, মহারাষ্ট্র সরকারেও একাধিক মন্ত্রিত্বের দাবি জানাচ্ছে এনসিপি। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সূত্রের খবর, পুনর্বিন্যাস বিল নিয়ে সংসদে ভোটাভুটির আগেই বিজেপির সঙ্গে সমঝোতায় পৌঁছতে চাইছে শরদ পওয়ারের দল। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই পুনর্বিন্যাস বিল পাশ করানোর চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকার। সেই বিলকে সমর্থনের বিষয়ে এনসিপি (এসপি)-র অবস্থান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সূত্রের দাবি, বিলকে সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্র, দুই স্তরেই ক্ষমতার অংশীদার হতে চাইছে শরদ পওয়ারের দল।
সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দাবি (Supriya Sule Cabinet Berth)
কী চাইছে এনসিপি (এসপি)? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের প্রথম দাবি সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে হবে। পাশাপাশি মহারাষ্ট্র সরকারেও দু’টি পূর্ণমন্ত্রী পদ চাইছে তারা। শোনা যাচ্ছে, দলের নেতা জয়ন্ত পাটিলকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। জিতেন্দ্র আওহাদকেও মন্ত্রী করার প্রস্তাব রয়েছে। এ ছাড়াও আরও দু’টি প্রতিমন্ত্রী পদের জন্য দর কষাকষি চলছে বলে দাবি।
শুক্রবার এনসিপি (এসপি)-র বিধায়ক তথা জাতীয় মুখপাত্র জিতেন্দ্র আওহাদ জানান, অসুস্থ শরদ পওয়ারের সঙ্গে তাঁর কথা হয়েছে। অন্যদিকে, সুপ্রিয়া সুলে জানিয়েছেন, বিলের সম্পূর্ণ খসড়া পড়ার পরেই তাঁরা নিজেদের অবস্থান জানাবেন। অর্থাৎ, বিল নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। প্রসঙ্গত, নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছিল সুপ্রিয়া সুলেকে। তবে সাম্প্রতিক সময়ে পুনর্বিন্যাস বিলের পক্ষে তাঁর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা খারিজ (Supriya Sule Maharashtra)
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে সুপ্রিয়া সুলেকে সামনে আনতে পারেন শরদ পওয়ার, এমন জল্পনাও ছড়িয়েছিল। তবে সেই খবর খারিজ করা হয়েছে। সুপ্রিয়া নিজেও এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, মহারাষ্ট্র বিধানসভায় তাঁদের দলের মাত্র ১০ জন বিধায়ক রয়েছেন। তাই মুখ্যমন্ত্রিত্বের দাবি নিয়ে যে আলোচনা চলছে, তার বাস্তব ভিত্তি নেই।
কংগ্রেসের নিশানায় শরদ পওয়ার ( Supriya Sule Sharad Pawar NCP)
এনসিপি (এসপি)-র সম্ভাব্য অবস্থান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে শরদ পওয়ারের পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
কংগ্রেসের দাবি, ৮৫ বছর বয়সে শরদ পওয়ারকে ফের রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ২০২৬ সালের মার্চ মাসে মহারাষ্ট্রের সাতটি রাজ্যসভা আসনের নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সময় এনসিপির বিধায়ক সংখ্যা ছিল ১০। একটি আসনে জিততে প্রয়োজন ছিল ৩৬টি ভোট। অন্যদিকে, কংগ্রেসের হাতে ছিল ১৬ এবং উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে ছিল ২০ জন বিধায়ক। সেই পরিস্থিতিতে সুপ্রিয়া সুলে শরদ পওয়ারের জন্য কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে তাতে সম্মতি দিয়েছিলেন বলে দাবি কংগ্রেসের।
এখন সেই সমর্থনের কথা ভুলে বিজেপির পাশে দাঁড়িয়ে পুনর্বিন্যাস বিলকে সমর্থনের চেষ্টা করছে এনসিপি, এমনই অভিযোগ তাদের। গত জুলাই মাসে সংসদে শুরু হওয়া বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেনি কেন্দ্র। তারই বর্ধিত পর্ব আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় শুরু হচ্ছে। এই অধিবেশন ঘিরেই পুনর্বিন্যাস বিল নিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এনসিপি (এসপি) শেষ পর্যন্ত কোন অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।












