Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বেকার ভাতা থেকে বিদ্যুতের বিল, গোহত্যা বন্ধের ঘোষণা! একগুচ্ছ নবান্নে বড় ঘোষণা শুভেন্দুর

রণিতা সাহা
Published On: নভেম্বর 23, 2026 3:43 অপরাহ্ন

Suvendu Adhikari: নবান্নে মন্ত্রিসভার বৈঠক। আর সেই বৈঠকের পরেই একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্প, রাজ্যে গোহত্যা বন্ধে নতুন আইন, বিদ্যুতের বিল পাঠানোর নিয়মে বদল এবং রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব—সোমবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে চলেছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। কোন প্রকল্পে কত টাকা পাবেন সাধারণ মানুষ? কবে থেকে বদলাচ্ছে বিদ্যুতের বিলের নিয়ম? আর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবই বা কবে উঠবে বিধানসভায়? সাংবাদিক বৈঠকে একে একে সব বিষয়েই বিস্তারিত জানান শুভেন্দু অধিকারী।

জানুয়ারি থেকে চালু ‘ভরসা’ প্রকল্প, কারা কত টাকা পাবেন? (Suvendu Adhikari Bhorosha Scheme)

বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে নতুন বেকার ভাতা প্রকল্প ‘ভরসা’। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের বিস্তারিত জানান শুভেন্দু অধিকারী। আগে এই প্রকল্পের নাম ছিল ‘যুবসাথী’। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের নাম পরিবর্তন করে ‘ভরসা’ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২১ থেকে ৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আপাতত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে প্রথম ১৫ মাস ভাতার পরিমাণ কিছুটা কম রাখা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্নাতক এবং সরকারি কলেজ থেকে ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা প্রতি মাসে ২ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, জানুয়ারি থেকে প্রকল্প কার্যকর হলেও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা পৌঁছতে শুরু করবে। নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে স্নাতকদের মাসে ৩ হাজার টাকা এবং স্নাতক নন এমন বেকারদের মাসে ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত সেই প্রতিশ্রুতি পূরণ করা যাচ্ছে না। এ প্রসঙ্গে কর্মহীন যুবক-যুবতীদের উদ্দেশে দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) একটি বড় অংশ মেটাতে হয়েছে। ফলে সরকারি কোষাগারের উপর আর্থিক চাপ তৈরি হয়েছে। সেই কারণেই আপাতত কম টাকা দেওয়ার সিদ্ধান্ত। তবে আগামী ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে জানান তিনি। এই প্রকল্পে এক পরিবারের সর্বোচ্চ দু’জন সদস্য সুবিধা পাবেন। যাঁরা অন্নপূর্ণা যোজনা অথবা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন না।

গোহত্যা বন্ধে নতুন আইন, গোশালাকে বছরে এক লক্ষ টাকা (Suvendu Adhikari Cow Protection Law)

বেকার ভাতার পাশাপাশি গরু সংরক্ষণ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে গোহত্যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ জন্য নতুন বিল এনে আইন তৈরির কথাও জানিয়েছেন তিনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গোহত্যা বন্ধ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তাঁর দাবি, আইন থাকা সত্ত্বেও কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। এই ধরনের কাজ আর চলতে দেওয়া হবে না। এ বিষয়ে নির্দিষ্ট তথ্য থাকলে প্রশাসনকে জানানোর আবেদনও করেছেন তিনি। সেই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে ১৯৫০ সালের গবাদি পশু আইন বা ক্যাটল অ্যাক্টের কথাও উল্লেখ করেন শুভেন্দু। কলকাতা হাই কোর্টের নির্দেশের বিষয়টিও তুলে ধরেন তিনি। তবে স্লটার হাউস নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, অনুমতি নিয়ে স্লটার হাউসে কাজ করা এবং গরু হত্যার বিষয়টি এক নয়।

শুধু আইন তৈরি নয়, বয়স্ক গরুর দেখভালের জন্যও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের গোশালাগুলিকে প্রতি বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে। বয়স্ক গরুর লালন-পালন এবং রক্ষণাবেক্ষণের কাজে এই অর্থ ব্যবহার করা হবে।

রাজ্যের নাম বদলের প্রস্তাব ৯ ডিসেম্বর (Suvendu Adhikari West Bengal Name Change)

রাজ্যের নাম নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।

সোমবার শুভেন্দু অধিকারী জানান, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবটি বিধানসভায় পাশ হলে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। এর আগে তৃণমূল সরকারের আমলেও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন না মেলায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

প্রশাসনিক কাজের সুবিধার কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের দাবি উঠেছে। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কেন্দ্রীয় বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ওয়েস্ট বেঙ্গলকে অনেক সময় শেষের দিকে সুযোগ পেতে হয়। এই সমস্যার কথাও অতীতে উঠে এসেছে। ১৯৯৯ সালের ২০ জুলাই বাম আমলে বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় পশ্চিমবঙ্গ করার প্রস্তাব উঠেছিল। পরবর্তী সময়ে ‘বাংলা’ নামের পক্ষেও আলোচনা হয়। তবে কোনও উদ্যোগই শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এবার নতুন করে নাম পরিবর্তনের প্রস্তাব আনতে চলেছে বিজেপি সরকার। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানেই ৯ ডিসেম্বর এই প্রস্তাব পেশ করা হবে।

জানুয়ারি থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল (Suvendu Adhikari Electricity Bill)

সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হত। এবার থেকে প্রতি মাসে বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী জানুয়ারি মাস থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

শুভেন্দু অধিকারী জানান, তিন মাস অন্তর বিল পাঠানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। অনেক গ্রাহকের কাছেই একসঙ্গে তিন মাসের বিলের টাকা জমা দেওয়া সমস্যার কারণ হয়ে দাঁড়াত। সেই অসুবিধার কথা মাথায় রেখেই প্রতি মাসে মিটার রিডিং এবং বিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থাৎ, জানুয়ারি মাস থেকে গ্রাহকদের প্রতি মাসে বিদ্যুতের বিল মেটাতে হবে। এর ফলে একসঙ্গে অনেক টাকার বিল জমা দেওয়ার চাপ কমবে বলে মনে করছে সরকার।

এদিন রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ছয় মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। আগে রাজ্যে বিদ্যুতের উদ্বৃত্ত থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তির কথাও সামনে এসেছে। ওই চুক্তি অনুযায়ী, আগামী ২৫ বছরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয় এবং সরবরাহের দায়িত্বে থাকবে গৌতম আদানির সংস্থা। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে বেকার ভাতা, গরু সংরক্ষণ, রাজ্যের নাম পরিবর্তন এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসে এই ঘোষণাগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now