Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

নজরুলের কারাজীবনের অজানা কাহিনি এক মলাটে

রণিতা সাহা
Published On: নভেম্বর 23, 2026 11:18 অপরাহ্ন

Karagare Kobi Book Release: কখনও ব্রিটিশবিরোধী লেখার জন্য পুলিশের নজরে পড়া, কখনও গ্রেপ্তার হয়ে একের পর এক জেলে দিন কাটানো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের এমনই এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবার উঠে এল এক মলাটে। কলকাতা প্রেস ক্লাবে সোমবার, ২৩ নভেম্বর দুপুর ৩টে নাগাদ প্রকাশিত হল ‘কারাগারে কবি’। পারুল প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির সংকলন ও সম্পাদনা করেছেন সাংবাদিক মেহবুব কাদের চৌধুরী। আনন্দবাজার পত্রিকায় কর্মরত মেহবুবের এই উদ্যোগে উঠে এসেছে নজরুলের কারাজীবনের নানা অজানা ও স্বল্প আলোচিত ঘটনা।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, নজরুল গবেষক জিয়াদ আলি, কবির দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী এবং পৌত্র দীপু কাজী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য, অসাম্প্রদায়িক চিন্তাভাবনা এবং তাঁর কারাজীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে ।

1001343892 - নজরুলের কারাজীবনের অজানা কাহিনি এক মলাটে

কীভাবে গ্রেপ্তার হয়েছিলেন নজরুল? (Karagare Kobi)

নজরুলের কারাজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস। ১৯২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’। এরপর ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর পুজো সংখ্যায় ‘ধূমকেতু’ পত্রিকায় প্রকাশিত হয় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ছিল এই কবিতার মূল সুর। কবিতাটিকে কেন্দ্র করে ধূমকেতু পত্রিকার দফতরে হানা দেয় পুলিশ। পত্রিকাটিও বাজেয়াপ্ত করা হয়।

এরপর কলকাতা ছেড়ে কুমিল্লায় চলে যান নজরুল। সেখানে তাঁর ঘনিষ্ঠজন প্রমীলা সেনগুপ্তের বাড়িতে থাকাকালীন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ট্রেনে করে কলকাতায় আনার পর প্রথমে প্রেসিডেন্সি জেলে রাখা হয় তাঁকে। পরে আলিপুর, হুগলি এবং বহরমপুর জেলেও থাকতে হয়। সব মিলিয়ে এক বছর এক মাসের কারাদণ্ড হয়েছিল কবির।

1001343885 - নজরুলের কারাজীবনের অজানা কাহিনি এক মলাটে

নজরুলকে বুঝতে গেলে তাঁর কারাজীবন জানা জরুরি ( Nazrul Jail Life-Karagare Kobi )

বইটির সংকলক ও সম্পাদক মেহবুব কাদের চৌধুরীর কথায়, কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণার শেষ নেই। তাঁর কর্মজীবন ছিল মাত্র ২২ বছরের। ১৯৪৩ সালে অসুস্থ হয়ে পড়ার পর তিনি বাকশক্তি হারান। অথচ এই অল্প সময়ের মধ্যেই বাংলা সাহিত্য ও সংগীতে অসামান্য অবদান রেখেছেন তিনি।

মেহবুবের বক্তব্য, নজরুলের কারাজীবন নিয়ে বিচ্ছিন্নভাবে নানা লেখা ও স্মৃতিচারণ থাকলেও এই বিষয়কে কেন্দ্র করে একটি বইয়ের মধ্যে সব তথ্য তুলে ধরার চেষ্টা হয়েছে। বইটিতে রয়েছে নজরুলের গ্রেপ্তারি, জেলে থাকার অভিজ্ঞতা এবং সেই সময়ের নানা ঘটনা। পাশাপাশি কবির বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায় ও প্রাণতোষ চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণাও স্থান পেয়েছে। খান মুহাম্মদ মঈনুদ্দীনের স্মৃতিতে হুগলি জেলে নজরুলের সঙ্গে থাকার অভিজ্ঞতাও উঠে এসেছে। রয়েছে নজরুলের নিজের লেখা একটি অগ্রন্থিত প্রবন্ধ-সহ গুরুত্বপূর্ণ কিছু লেখা।

নজরুলকে স্কুল-কলেজে পড়ানোর দাবি খিলখিল কাজীর (Khilkhil Kazi on Nazrul)

অনুষ্ঠানে নজরুলের অসাম্প্রদায়িক চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন তাঁর নাতনি খিলখিল কাজী। তাঁর কথায়, নজরুল চেয়েছিলেন সমস্ত মানুষ ধর্মের বিভেদ ভুলে একসঙ্গে মিলেমিশে থাকুক। শ্যামাসংগীত থেকে ইসলামী গান, প্রেমের গান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতা—সব ক্ষেত্রেই তাঁর মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়।

খিলখিল কাজীর মতে, শুধু একটি কবিতা বা গান দিয়ে নজরুলকে চেনা সম্ভব নয়। নতুন প্রজন্মের কাছে তাঁর সম্পূর্ণ জীবন ও আদর্শ তুলে ধরা জরুরি। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে নজরুলের জীবনী আরও গুরুত্ব দিয়ে পড়ানোর দাবি জানান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলকে পাশাপাশি জানার উপরেও জোর দেন কবির নাতনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রাজনৈতিক মন্তব্য করতে চাননি তিনি। তবে তাঁর বক্তব্য, দুই বাংলাতেই অস্থিরতা রয়েছে। এই সময়ে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে নজরুলের গান ও কবিতা অত্যন্ত প্রয়োজনীয়।

দুই বাংলার মানুষের জন্য নজরুলের বার্তা (Nazrul’s Humanism)

কবির আর এক নাতনি মিষ্টি কাজীও দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন। তাঁর কথায়, নজরুলের গান ও কবিতা আজ শুধু ভারত বা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে উত্তেজনা ও অস্থিরতার আবহে নজরুলের মানবিক আদর্শ আরও বেশি করে মনে রাখা দরকার। পৌত্র দীপু কাজীও নজরুলের মানবতাবাদী চিন্তার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, শ্যামাসংগীত ও ইসলামী গান—দুই ধরনের সৃষ্টির মধ্যেই নজরুলের অসাম্প্রদায়িক মানসিকতার পরিচয় রয়েছে। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার বার্তাই দিয়েছিলেন কবি।

নজরুলের জীবনী নিয়ে আরও গবেষণার প্রয়োজন: পবিত্র সরকার (Nazrul Research-Karagare Kobi)

অনুষ্ঠানে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বহু খণ্ডে বিস্তারিত কাজ হলেও নজরুলের ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি। নজরুলের অসাধারণ প্রতিভা কীভাবে তৈরি হয়েছিল, এত অল্প সময়ে তিনি কীভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আরও গবেষণা প্রয়োজন। তাঁর মতে, নজরুলের প্রতিভা সম্পূর্ণভাবে বিকশিত হওয়ার আগেই অসুস্থতা তাঁর সৃষ্টিশীল জীবন থামিয়ে দেয়। এটি শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক বড় আক্ষেপ। সেই প্রেক্ষাপটে নজরুলের কারাজীবন নিয়ে মেহবুব কাদের চৌধুরীর এই সংকলন গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অর্থাৎ ‘কারাগারে কবি’ শুধু নজরুলের জেলজীবনের ঘটনাপঞ্জি নয়। ব্রিটিশবিরোধী আন্দোলন, কবির ব্যক্তিগত জীবন, সাহিত্যচর্চা এবং তাঁর সময়ের রাজনৈতিক পরিস্থিতি বুঝতেও বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নজরুল গবেষক ও সাহিত্যপ্রেমীদের কাছে বইটি বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now