West Bengal Industrial Investment: রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে জোড়া বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ার উদ্যোগ শুরু হয়েছে। অন্যদিকে, নদিয়ার হরিণঘাটায় তৈরি হতে চলেছে ক্যাম্পা কোলার কারখানা ও ফুড পার্ক। আগামী ১২ ডিসেম্বর এই প্রকল্পের ভূমিপূজন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানীর। মঙ্গলবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই দুই শিল্পপ্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরে জমি দিতে প্রস্তুত রাজ্য (Ashok Leyland Singur Factory)
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা তৈরির বিষয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। গত ২১ নভেম্বর কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়তে অশোক লেল্যান্ডের সঙ্গে কথাবার্তা এগিয়েছে। এবার সেই সম্ভাবনায় আরও স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সাক্ষাৎকারে শুভেন্দু জানান, এ দিন সকালেই হিন্দুজা গোষ্ঠীর তরফে তাঁর কাছে ফোন এসেছিল। অশোক লেল্যান্ডের সঙ্গে জমির বিষয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ফোনে সংস্থার তরফে জানতে চাওয়া হয়েছিল, কারখানার জন্য জমি প্রস্তুত রয়েছে কি না। উত্তরে তিনি জমি প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দিয়েছেন।মুখ্যমন্ত্রী আরও জানান, সিঙ্গুরে শিল্পের জন্য জমি দিতে তাঁর সরকার প্রস্তুত। উপযুক্ত দাম দিয়ে জমি কিনে তা শিল্প সংস্থার হাতে তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, অশোক লেল্যান্ডের প্রস্তাবিত ট্রাক কারখানায় অন্তত ৬৫০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। যদিও বিনিয়োগের পরিমাণ নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হিন্দুজা গোষ্ঠীর ভারতীয় কর্মকাণ্ডের প্রধান অশোক হিন্দুজা মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সিঙ্গুরের বিনিয়োগ নিয়েও কথা হয়। আগামী ৭ ডিসেম্বর অশোক হিন্দুজার আমন্ত্রণে মুম্বই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
হরিণঘাটায় ৬০০ কোটির বেশি বিনিয়োগ (Campa Cola Haringhata Factory)
অন্যদিকে, নদিয়ার হরিণঘাটায় ক্যাম্পা কোলার কারখানা তৈরির কাজও শীঘ্রই শুরু হতে চলেছে। আগামী ১২ ডিসেম্বর প্রকল্পের ভূমিপূজনের দিন নির্ধারিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনন্ত অম্বানী। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়্যান্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এই প্রকল্প তৈরি করবে।
হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে কারখানা ও ফুড পার্ক গড়ে উঠবে। এই প্রকল্পের ফলে রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
কর্মসংস্থান ঘিরে আশাবাদী বিজেপি (West Bengal Job Opportunities(
মুখ্যমন্ত্রীর এই দুই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজেপির যুব সংগঠন। যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা জানিয়েছেন, রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার উদ্যোগী হয়েছে। তাঁর মতে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ‘ভরসা’ প্রকল্পে মাসিক ভাতা এবং পরীক্ষার ফি মকুবের পাশাপাশি এবার শিল্পক্ষেত্রেও বিনিয়োগের পথ খুলছে।
বিশেষ করে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে হুগলি ও আশপাশের এলাকার বহু যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
একসময় ছোট গাড়ির কারখানা নিয়ে সিঙ্গুরে যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেই সিঙ্গুরেই এবার ভারী ট্রাক তৈরির কারখানা গড়ার উদ্যোগ রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে। তবে প্রকল্পের কাজ কবে শুরু হবে এবং কত কর্মসংস্থান তৈরি হবে, এখন সেদিকেই নজর।










