Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

একাই একশো শুভেন্দু অধিকারী

সোমা মাইতি
Published On: নভেম্বর 16, 2026 5:17 অপরাহ্ন

Suvendu Adhikari Announcements: নবান্ন থেকে উত্তরকন্যা, পুরশুড়া থেকে নন্দীগ্রাম। নভেম্বরের প্রথম দু’সপ্তাহে একের পর এক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। বকেয়া ডিএ, আবাসের টাকা, কৃষকদের সহায়তা, নিয়োগের ঘোষণা। প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বিরোধীদের উদ্দেশেও কড়া বার্তা।

সোমা মাইতি | কলকাতা

নভেম্বরের প্রথম দু’সপ্তাহে কখনও নবান্ন, কখনও উত্তরবঙ্গ। আবার হুগলি থেকে নন্দীগ্রাম। সরকারি কর্মসূচি, প্রশাসনিক বৈঠক কিংবা রাজনৈতিক বক্তব্য—সবেতেই সক্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ, অন্যদিকে দুর্নীতির অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এরই মধ্যে কর্মসংস্থান, কৃষি এবং আইনশৃঙ্খলা নিয়েও একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

উত্তরকন্যায় চা-শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য (Suvendu Adhikari Announcements)

৩ নভেম্বর শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বন্ধ চা-বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা জানান। মোট ব্যয় প্রায় ৯ কোটি ৭৬ লক্ষ টাকা। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি মাসিক চালের বরাদ্দ ৩৫ কেজি থেকে ৫০ কেজি করার প্রস্তাব বিবেচনার কথাও জানান শুভেন্দু অধিকারী।

৭ হাজারের বেশি পদে নিয়োগের ঘোষণা (Suvendu Adhikari Announcements)

পরদিন, ৪ নভেম্বর পঞ্চায়েত দফতরের পর্যালোচনা বৈঠক থেকে নতুন নিয়োগের ঘোষণা। ২০২৭ সালের এপ্রিলের মধ্যে ৭ হাজার ১৯০টি পদে নিয়োগের লক্ষ্য নিয়েছে সরকার। আরও এক হাজার অস্থায়ী কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি নিয়মে পরিবর্তন আনা হবে। নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্ব থাকবে পাবলিক সার্ভিস কমিশনের।

৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর আশ্বাস (Suvendu Adhikari Announcements)

ওই দিন রাতেই নবান্ন থেকে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা আসে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মোট ১২ হাজার কোটি টাকার মধ্যে আগের ও বর্তমান সরকার মিলিয়ে আট হাজার কোটি টাকা মেটানো হয়েছে। বাকি চার হাজার কোটি টাকা ৩০ নভেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন তিনি। অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

কৃষকদের ভর্তুকি, যুবকদের জন্য ‘ভরসা’ প্রকল্প (Suvendu Adhikari Announcements)

৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় কৃষকদের কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্প। আলুচাষিদের ভিন্‌রাজ্যে পণ্য পরিবহণে প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকির ঘোষণা করেন। বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প আনার কথাও জানান। ২০২৭ সালের ৮ মে-র মধ্যে এক লক্ষ চাকরির ব্যবস্থা করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তিনি।

পুরভোট নিয়ে বিরোধীদের কড়া বার্তা (Suvendu Adhikari Announcements)

এর মধ্যেই পুরভোট নিয়ে রাজনৈতিক বিতর্কে সরব হন শুভেন্দু অধিকারী। ১০ নভেম্বর নন্দীগ্রামে সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘‘আমরা সময়ে নির্বাচন করতে চাই।’’ বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন আটকানোর চেষ্টার অভিযোগ তুলে ভোট না হলে সমন্বয়ক নিয়োগের বিকল্প ব্যবস্থার কথাও জানান। বিরোধীরা অবশ্য এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

আবাসের দ্বিতীয় কিস্তিতে ৪২০১ কোটি টাকা বরাদ্দ (Suvendu Adhikari Announcements)

১৩ নভেম্বর নবান্নে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান ছিল অন্যতম বড় কর্মসূচি। রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার জন্য ৪ হাজার ২০১ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়। মাথাপিছু ৬০ হাজার টাকা করে তাঁদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা হয়।

এই অনুষ্ঠানেই আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সরকার বদলালে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না বলে অপপ্রচার চালানো হয়েছিল।’’ নতুন সরকার সেই আশঙ্কা ভুল প্রমাণ করেছে বলে দাবি করেন তিনি।

আবাস প্রকল্পে ভুয়ো নাম, তদন্তের হুঁশিয়ারি (Suvendu Adhikari Announcements)

আবাস প্রকল্পে অনিয়ম নিয়েও কড়া অবস্থান নেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, যাচাইয়ে ৫৭ হাজার ভুয়ো নাম পাওয়া গিয়েছে। ১২ হাজার অযোগ্য প্রাপকের মধ্যে এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল গঠন ও সিআইডি তদন্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ (Suvendu Adhikari Announcements)

একই দিনে নবান্নে চালু হয় ‘পুলিশ মিত্র’ অ্যাপ। সাধারণ মানুষ নিজের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের পরিচয় ও যোগাযোগের তথ্য জানতে পারবেন। পুলিশের আধুনিকীকরণে কেন্দ্রীয় সংস্থা বিউরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে সমঝোতাপত্রও স্বাক্ষরিত হয়।

নভেম্বরের প্রথম ১৪ দিনের কর্মসূচিতে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক বার্তাও স্পষ্ট। চা-শ্রমিকদের সহায়তা থেকে আবাসের টাকা, নিয়োগের প্রতিশ্রুতি থেকে পুলিশ সংস্কার—একের পর এক উদ্যোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী।

তবে ঘোষণার পর এবার বাস্তবায়নের পালা। ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটে কি না, নিয়োগ প্রক্রিয়া কতটা এগোয় এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছয় কি না—সেই হিসেবেই আগামী দিনে বিচার হবে এই দু’সপ্তাহের প্রশাসনিক তৎপরতা।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now