Chandannagar Jagadhatri Puja Route: দীপাবলির রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে বাঙালির আরও এক প্রাণের উৎসব জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই সবার আগে মনে পড়ে চন্দননগরের নাম। আলোকসজ্জার চোখধাঁধানো কারুকার্য, বিশালাকার প্রতিমা এবং সাবেকিয়ানার মেলবন্ধনে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই আলোর শহরে। কিন্তু এত ভিড়ের মধ্যে কোন পথে ঘুরলে একসঙ্গে দেখা যাবে একাধিক নামী পুজো? কোথা থেকে শুরু করবেন ঠাকুর দেখা? দর্শনার্থীদের সুবিধার জন্য রইল মানকুণ্ডু থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত জগদ্ধাত্রী পুজো পরিক্রমার একটি সম্ভাব্য রুট ম্যাপ।
মানকুণ্ডু থেকে শুরু হোক ঠাকুর দেখা (Chandannagar Jagadhatri Puja Route)
জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শুরু করতে পারেন মানকুণ্ডু স্টেশন থেকে। স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোড়ের দিকে এগোলেই একের পর এক নামী পুজো মণ্ডপের দেখা মিলবে। এই পথে রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, নতুন পাড়া, পোস্ট অফিস গলি, চারাবাগান বালক সঙ্ঘ, নিয়োগীবাগান এবং সার্কাস মাঠের মতো জনপ্রিয় পুজো।
জ্যোতির মোড় থেকে জি.টি. রোড ধরে ভদ্রেশ্বরের দিকে (Chandannagar Jagadhatri Puja Route)
মানকুণ্ডুর পুজো দেখা শেষ হলে জ্যোতির মোড় থেকে ডান দিকে জি.টি. রোড ধরে ভদ্রেশ্বরের দিকে এগিয়ে যেতে পারেন। এই রুটে দেখা মিলবে তেমাথা ছুতোর পাড়া, বারাসত দক্ষিণ চন্দননগর, অরবিন্দ সঙ্ঘ, বারাসত চক্রবর্তী পাড়া, বারাসত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা এবং বারাসত গেটের মতো পুরনো ও জনপ্রিয় পুজো মণ্ডপের।
চন্দননগরের বিখ্যাত প্রতিমা ও ঐতিহ্যবাহী পুজো (Chandannagar Jagadhatri Puja Route)
এরপর চলে আসুন চন্দননগরের মূল পুজো পরিক্রমায়। জ্যোতির মোড়ের কাছেই রয়েছে তেমাথা শিবমন্দিরের পুজো। সেখান থেকে তেমাথা সর্বজনীন ঘুরে দেখে নিতে পারেন চন্দননগরের অন্যতম আকর্ষণ রানিমাকে। বিশালাকার এই প্রতিমা দেখতে দর্শনার্থীদের মাথা উঁচু করে তাকাতে হয়।
এরপর জি.টি. রোড ধরে এগিয়ে গেলে একে একে দেখা যাবে লিচুতলা, সাবিনাড়া, ডুপ্লেক্সপট্টি, কাপালিপাড়া সাহেববাগান, আদি হালদারপাড়া, হালদারপাড়া ষষ্ঠীতলা, পাদ্রীপাড়া কালীতলা, লালবাগান পাদ্রীপাড়া এবং লালবাগান চকের মতো ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ।
হুগলি খাদিনা মোড় হয়ে এলে কোন পথে যাবেন?
যাঁরা হুগলি খাদিনা মোড় হয়ে জি.টি. রোড ধরে তালডাঙা মোড় পেরিয়ে চন্দননগরে প্রবেশ করবেন, তাঁদের জন্যও রয়েছে একাধিক আকর্ষণীয় পুজো। জি.টি. রোড ধরে এগোলেই দেখতে পাবেন চাঁপাতলা, পঞ্চাননতলা, বোড় কালীতলা, চাউলপট্টি এবং লক্ষ্মীগঞ্জ বাজারের পুজো।
চন্দননগর স্টেশন ও তালডাঙা মোড়ের রুট
অন্যদিকে, যাঁরা সরাসরি চন্দননগর স্টেশনে নেমে ঠাকুর দেখতে শুরু করবেন, তাঁদের জন্য রয়েছে কোলপুকুর, বৌবাজার এবং কোলাবাজারের মতো নামী পুজো মণ্ডপ। আবার তালডাঙা মোড় থেকে পালপাড়ার দিকে এগিয়ে গেলে দেখা মিলবে বিবিরহাট, সন্তানসঙ্ঘ এবং বিদ্যালঙ্কারের মতো জনপ্রিয় পুজোর।
তাই এ বছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার আগে নিজের যাত্রাপথটা একবার পরিকল্পনা করে নিন। একসঙ্গে সব মণ্ডপ ঘুরতে গিয়ে অযথা সময় নষ্ট না করে নির্দিষ্ট রুট ধরে এগোলেই অনেক বেশি পুজো দেখা সম্ভব। তবে পুজোর দিনগুলিতে ভিড় ও যান চলাচলের পরিস্থিতি অনুযায়ী যাত্রাপথে পরিবর্তন হতে পারে। তাই বেরোনোর আগে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা দেখে নেওয়াই ভালো।










