Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় কড়া নিরাপত্তা, ২৫টি সেক্টরে ভাগ শহর

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 8:31 অপরাহ্ন

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ঘিরে বিশেষ প্রস্তুতি নিল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। প্রতিমা নিরঞ্জন এবং ঐতিহ্যবাহী শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ করা হয়েছে। আজ এই বিশেষ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ বছরে নবনিযুক্ত কমিটি সদস্য গণসহ প্রধান উপদেষ্টা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন কুমার গুহ। রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর এ বছর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রতিমা নিরঞ্জন ও ঐতিহ্যবাহী শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক বিশেষ উদ্যোগ ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।

১৯ নভেম্বর শোভাযাত্রা, অংশ নেবে ৬৮টি পুজো কমিটি (Chandannagar Jagadhatri Puja 2026)

সাংবাদিক সম্মেলন করে এ বছরের শোভাযাত্রা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ও নির্দেশিকা প্রকাশ করা হয়। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৬৮টি পুজো কমিটির শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় মোট ২৪৫টি লরি অংশ নেবে। চন্দননগর থানার অধীনে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি লরি থাকবে।

পাঁচটি নতুন সেক্টর, দায়িত্বে ২০০ জন কর্মী (Chandannagar Jagadhatri Puja 2026)

শোভাযাত্রাকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গত বছরের তুলনায় এ বছর পাঁচটি নতুন সেক্টর বাড়ানো হয়েছে। মোট সেক্টরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ।পাশাপাশি ২৫ জন সেক্টর ইনচার্জের সঙ্গে ১৭৫ জন স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ২০০ জন কর্মী রাজপথে থেকে শোভাযাত্রা পরিচালনার দায়িত্ব সামলাবেন।

নিরঞ্জনের জন্য নির্দিষ্ট ১৪টি ঘাট (Chandannagar Jagadhatri Puja 2026)

প্রতিমা নিরঞ্জনের জন্য চন্দননগর থানার অধীনে মোট আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। নির্ধারিত ঘাটগুলিতেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে। এছাড়াও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পুজো কমিটি।

ডিজে, আতসবাজি ও প্লাস্টিকে নিষেধাজ্ঞা (Chandannagar Jagadhatri Puja 2026)

কমিটির নির্দেশিকা অনুযায়ী, কোনও প্রকার VIP Gate বা VIP Pass-এর ব্যবস্থা থাকবে না। ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট ডেসিবেল মেনে পুজোর উদ্বোধন এবং পুজোর দিনগুলিতে মাইক বাজাতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ মানতে হবে। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে ঠাকুরের দিকে CCTV বা ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মণ্ডপের আশপাশে কোথাও নোংরা আবর্জনা জমিয়ে রাখা বা ফেলা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা Single Use Plastic (SUP) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ঠাকুর নিরঞ্জন ও শোভাযাত্রার সময় প্রতিটি পুজো কমিটিকে ঠাকুরের গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন, পুজোর দিন কিংবা প্রতিমা নিরঞ্জনের সময় আতসবাজি পোড়ানো বা ফাটানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শোভাযাত্রার প্রতিটি মুহূর্ত সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হবে বলে জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।

আদি মায়ের পুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী (Chandannagar Jagadhatri Puja 2026)

ঐতিহ্য, আলোকসজ্জা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এ বছর রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর সেই উৎসবকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে তুলে ধরাই এখন কমিটির মূল লক্ষ্য। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, এ বছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘স্টেট ফেস্টিভ্যাল’-এর সম্মান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর জন্য তাঁরা সকলেই কৃতজ্ঞ।

তিনি জানান, চন্দননগরের সবথেকে প্রাচীন আদি মায়ের পুজো এ বার উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী আদি মায়ের কাছে পুজো দিতে যাবেন। পাশাপাশি একটি জাঁকজমকপূর্ণ সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ করার কথা রয়েছে। মানকুন্ডুর একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও তাঁর অংশগ্রহণ করার কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। দীপাঞ্জন গুহর কথায়, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। চন্দননগরের ঐতিহ্য ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই শহরের মর্যাদা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় কড়া নিরাপত্তা, ২৫টি সেক্টরে ভাগ শহর”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।