West Bengal Government Volvo Sleeper Bus: বেসরকারি বাসের চড়া ভাড়ার দিন কি এবার শেষ হতে চলেছে? দূরপাল্লার যাত্রীদের জন্য এবার বিলাসবহুল এসি ভলভো স্লিপার বাস নামাতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র হাতে এসে পৌঁছেছে চারটি অত্যাধুনিক ভলভো স্লিপার বাস। খুব শীঘ্রই সেগুলি দূরপাল্লার রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজ্যে আসছে আরও একাধিক নতুন ভলভো সিটার বাস। সরকারি এই উদ্যোগে রাতের যাত্রা আরও আরামদায়ক হওয়ার পাশাপাশি বেসরকারি বাসের সঙ্গে ভাড়ার প্রতিযোগিতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।এতদিন দূরপাল্লার রুটে মূলত বেসরকারি সংস্থার স্লিপার বাসের উপরেই নির্ভর করতে হত যাত্রীদের। বিশেষ করে কলকাতা থেকে উত্তরবঙ্গ কিংবা পুরী যাওয়ার ক্ষেত্রে এই বাসের চাহিদা যথেষ্ট বেশি। ট্রেনের টিকিট না পেলে অনেকেই স্লিপার বাসে যাত্রা করেন। তবে বেসরকারি বাসের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যাত্রীদের। অনেক ক্ষেত্রে ট্রেনের থ্রি এসি টিকিটের তুলনায় স্লিপার বাসের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। উৎসবের মরসুমে বা পুজোর আগে-পরে সেই ভাড়া পাঁচ হাজার টাকা ছাড়িয়ে যায়। ফলে সাধারণ মানুষের পক্ষে এই বাসে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে সরকারি স্লিপার বাস চালানোর দাবি উঠছিল দীর্ঘদিন ধরে। যাত্রীদের দাবি, সরকার নিজস্ব স্লিপার বাস পরিষেবা চালু করলে তুলনামূলক কম খরচে আরামদায়ক যাত্রার সুযোগ মিলবে। সেই দাবিকে সামনে রেখেই নতুন পরিকল্পনা করেছে পরিবহণ দপ্তর।
কোন কোন রুটে চলবে সরকারি স্লিপার বাস? (West Bengal Government Volvo Sleeper Bus)
সরকারি স্লিপার বাসের রুট এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ রুট নিয়ে আলোচনা চলছে। তার মধ্যে রয়েছে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর, কলকাতা-বালুরঘাট এবং পুরুলিয়া রুট। এই রুটগুলিতে যাত্রীদের চাহিদা এবং পরিষেবার প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিটি স্লিপার বাসে আনুমানিক ৪০ জন যাত্রী শুয়ে যাতায়াত করতে পারবেন। ফলে রাতের দীর্ঘ যাত্রায় যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। পরিবহণ দপ্তরের আধিকারিকদের দাবি, সরকারি বাসের ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত ভাড়ার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
প্রায় ২ কোটি টাকা দাম একেকটি স্লিপার বাসের (West Bengal Government Volvo Sleeper Bus)
পরিবহণ দপ্তর সূত্রে খবর, যাত্রীদের আরামের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে নতুন ভলভো বাসগুলি। সিটার বাসগুলিতে থাকছে বড় এবং আরামদায়ক আসন। অন্যদিকে, স্লিপার কোচে থাকবে প্রশস্ত শোয়ার জায়গা। প্রতিটি আসনের সঙ্গে থাকছে ব্যক্তিগত রিডিং লাইট। পাশাপাশি বাসের ভিতরে মনোরম পরিবেশ তৈরি করতে থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থাও।একেকটি অত্যাধুনিক ভলভো স্লিপার বাসের দাম প্রায় ২ কোটি টাকা। সাধারণ ভলভো সিটার বাসের দাম প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। অর্থাৎ যাত্রী পরিষেবার মান উন্নত করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে রাজ্য সরকার।
WBTC ও SBSTC র জন্য আসছে নতুন বাস (West Bengal Government Volvo Sleeper Bus)
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)-র জন্য মোট ২৭টি নতুন ভলভো বাস আসার কথা। ধাপে ধাপে সেগুলি রাজ্যে পৌঁছবে। ইতিমধ্যেই দু’টি বাস এসে গিয়েছে। আগামী সোমবার আরও দু’টি বাস আসার কথা রয়েছে। নতুন বাসগুলি কসবা বাস ডিপোতে রাখা হয়েছে।অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য আসছে মোট ১০টি ভলভো বাস। এর মধ্যে চারটি স্লিপার বাস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বাকি ছ’টি হবে সিটার বাস। নতুন বাসগুলির বাইরের নকশাতেও থাকছে বাংলার সংস্কৃতির ছোঁয়া। গেরুয়া ও সাদা রঙের বাসে বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নকশায় জায়গা পেয়েছে হাওড়া ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দিরের ছবি।
মহিলা যাত্রীদের বিনামূল্যে যাত্রা নিয়ে চিন্তায় দপ্তর (West Bengal Government Volvo Sleeper Bus)
তবে নতুন বাস পরিষেবা চালুর আগে একটি বিষয় ভাবাচ্ছে পরিবহণ দপ্তরের আধিকারিকদের। সরকারি পরিবহণে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকায় অনেক সময় অনলাইনে আসন বুক করেও যাত্রীরা বাসে ওঠেন না। ফলে আসন বুক করা থাকলেও বাস ফাঁকা নিয়ে চলতে হয়। দূরপাল্লার অত্যাধুনিক স্লিপার বাসের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এই পরিষেবায় বিনামূল্যে যাত্রার নিয়মে কোনও পরিবর্তন আনা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সব মিলিয়ে সরকারি ভলভো স্লিপার বাস চালু হলে দূরপাল্লার যাত্রীদের জন্য নতুন বিকল্প তৈরি হবে। বিশেষ করে বেসরকারি বাসের চড়া ভাড়ার কারণে যাঁরা সমস্যায় পড়েন, তাঁদের জন্য এই পরিষেবা স্বস্তি আনতে পারে। সরকারি বাস রাস্তায় নামলে বেসরকারি সংস্থাগুলিও ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবে না বলে মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। এখন অপেক্ষা পরিষেবা শুরুর দিনক্ষণ এবং চূড়ান্ত ভাড়ার ঘোষণার।









