Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি কীভাবে শুরু করবেন? নতুন পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতির সম্পূর্ণ দিশা

শম্পা পাল
Published On: নভেম্বর 21, 2026 11:55 অপরাহ্ন
WBPSC Clerkship Preparation guide for beginners with books, notebooks and study materials for the West Bengal Clerkship examination

WBPSC Clerkship Preparation: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ। শূন্যপদের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিযোগিতাও যে যথেষ্ট কঠিন হতে চলেছে, তা বলাই যায়। বিশেষ করে যাঁরা প্রথমবার এই পরীক্ষায় বসতে চলেছেন, তাঁদের মনে এখন থেকেই নানা প্রশ্ন তৈরি হচ্ছে। কীভাবে পড়াশোনা শুরু করবেন? কোন বিষয়কে বেশি গুরুত্ব দেবেন?

নতুন পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুরুতেই পুরো সিলেবাস বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী পড়ার পরিকল্পনা তৈরি করা। কোন বিষয়ে কত নম্বর রয়েছে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে তা আগে থেকে জেনে নেওয়া দরকার।

ক্লার্কশিপ পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর? (WBPSC Clerkship Preparation)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত পাঠ্যক্রম অনুযায়ী, ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্বে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে। এর মধ্যে ইংরেজিতে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর এবং পাটিগণিতে ৩০ নম্বর রয়েছে। অর্থাৎ, তিনটি বিষয়েই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে, তবে সাধারণ জ্ঞানের নম্বর তুলনামূলক বেশি হওয়ায় এই অংশটিকে অবহেলা করা চলবে না। সাধারণ জ্ঞান এই অংশে দৈনন্দিন পর্যবেক্ষণ, সাধারণ বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। ভারতীয় ইতিহাস ও ভূগোলের প্রাথমিক জ্ঞানও এই অংশের অন্তর্ভুক্ত। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত এবং স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ধারাবাহিকভাবে পড়ুন। ভূগোলের ক্ষেত্রে ভারতের রাজ্য, নদনদী, পর্বত, মালভূমি, জলবায়ু, কৃষি এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ধারণা তৈরি করুন। সাধারণ বিজ্ঞানের জন্য পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে নজর দিন। প্রতিদিন সংবাদপত্র পড়া, গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা সম্পর্কে জানা এবং ইতিহাস ও ভূগোলের মৌলিক বিষয়গুলি নিয়মিত পড়ে নেওয়া প্রয়োজন। শব্দভাণ্ডার, ব্যাকরণ, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং শব্দের সঠিক প্রয়োগের উপর গুরুত্ব দিতে হবে। যাঁরা ইংরেজিতে দুর্বল, তাঁরা প্রথম থেকেই প্রতিদিন নির্দিষ্ট সময় এই বিষয়টির জন্য রাখুন।

অঙ্কের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমকে ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে। বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অনুপাত, শতকরা, গড়, লাভ-ক্ষতি, সরল সুদ, অংশীদারি এবং সময় ও দূরত্বের মতো বিষয়গুলিতে অনুশীলন জরুরি। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্কও পাঠ্যক্রমে রয়েছে। তাই পরিমিতির প্রাথমিক ধারণাও ভালোভাবে তৈরি করে নিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য প্রতিদিনের পড়ার রুটিন (WBPSC Clerkship Syllabus)

প্রথমে প্রতিদিনের পড়াশোনাকে তিনটি ভাগে ভাগ করতে পারেন। সকালে এক থেকে দেড় ঘণ্টা অঙ্ক অনুশীলন করুন। এরপর এক ঘণ্টা সাধারণ জ্ঞান পড়ুন। বিকেল বা সন্ধ্যায় এক ঘণ্টা ইংরেজির ব্যাকরণ ও শব্দভাণ্ডারের চর্চা করুন। রাতে দিনের পড়া বিষয়গুলি আরও একবার দেখে নিন। নিজের সুবিধা অনুযায়ী সময় পরিবর্তন করতে পারেন, তবে প্রতিটি বিষয়কে প্রতিদিনের রুটিনে রাখার চেষ্টা করুন।

প্রতি সপ্তাহে অন্তত একটি পূর্ণাঙ্গ অনুশীলনী পরীক্ষা দিন। পরীক্ষার মতো পরিবেশ তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমাধান করুন। এরপর কোন বিষয়ে বেশি ভুল হয়েছে, কোন প্রশ্নে বেশি সময় লেগেছে এবং কোন অধ্যায় এখনও দুর্বল রয়েছে, তা খাতায় লিখে রাখুন। পরের সপ্তাহে সেই দুর্বল জায়গাগুলির উপর বেশি গুরুত্ব দিন।

পরীক্ষার তারিখ ও পাঠ্যক্রম সম্পর্কে কোথায় জানবেন?

পরীক্ষার নির্দিষ্ট দিন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সরকারি বিজ্ঞপ্তি দেখুন। ক্লার্কশিপ পরীক্ষা শুধু প্রথম পর্বের মধ্যেই শেষ নয়। কমিশনের প্রকাশিত পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রথম পর্বে উত্তীর্ণদের দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষায় বসতে হয়। এরপর কম্পিউটার পরিচালনার প্রাথমিক জ্ঞান এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতাও যাচাই করা হয়। তাই প্রথম পর্বের প্রস্তুতির পাশাপাশি পরবর্তী ধাপগুলির বিষয়েও আগে থেকে ধারণা রাখা ভালো। পরীক্ষার পাঠ্যক্রম, পরীক্ষার নিয়ম, বিজ্ঞপ্তি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে কমিশনের সরকারি ওয়েবসাইট নিয়মিত দেখুন। প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতিই পরীক্ষার আগে বড় আত্মবিশ্বাস তৈরি করতে পারে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি কীভাবে শুরু করবেন? নতুন পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতির সম্পূর্ণ দিশা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।