Voyager 1 Light-Day Milestone: মহাকাশের গভীরে পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে নাসার দুই মহাকাশযান ভয়েজার ১ ও ভয়েজার ২। প্রায় ৫০ বছর আগে শুরু হয়েছিল তাদের যাত্রা। কিন্তু দীর্ঘ এই অভিযানে দুই মহাকাশযানের গতির মধ্যে তৈরি হয়েছে বড়সড় পার্থক্য। আগে উৎক্ষেপণ হওয়া সত্ত্বেও ভয়েজার ২ এখনও ভয়েজার ১-এর থেকে অনেকটা পিছিয়ে। অন্যদিকে, ভয়েজার ১ পৌঁছে যাচ্ছে এক ঐতিহাসিক মাইলফলকে। ১৮ নভেম্বর পৃথিবী থেকে তার দূরত্ব হবে এক আলোকদিন। অর্থাৎ, পৃথিবী থেকে পাঠানো কোনও সংকেত মহাকাশযানটির কাছে পৌঁছতে সময় লাগবে প্রায় ২৪ ঘণ্টা।
নাসার হিসাব অনুযায়ী, ওই দিন ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ২৫৯০ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৩৫৬ কিলোমিটার দূরে থাকবে। মাইলের হিসাবে এই দূরত্ব প্রায় ১,৬০৯ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৯৬ মাইল। মহাকাশ গবেষণার ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিশেষ মুহূর্ত উদযাপনে মহাকাশপ্রেমীদের আকাশের দিকে মর্স কোডের আলো পাঠানোর আহ্বান জানিয়েছে নাসা।
আগে যাত্রা শুরু করেও পিছিয়ে ভয়েজার ২ (Voyager 1 Light-Day Milestone)
১৯৭৭ সালে মাত্র ১৬ দিনের ব্যবধানে উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার ১ ও ভয়েজার ২। তবে প্রথমে মহাকাশে পাড়ি দিয়েছিল ভয়েজার ২। ২০ আগস্ট ১৯৭৭ সালে উৎক্ষেপণ হয়েছিল এই মহাকাশযান। অন্যদিকে, ভয়েজার ১-এর যাত্রা শুরু হয় ৫ সেপ্টেম্বর ১৯৭৭ সালে।
দুই মহাকাশযানের প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনিগ্রহের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। তবে ভয়েজার ২-এর জন্য আরও বড় পরিকল্পনা ছিল। অর্থের জোগান অব্যাহত থাকলে তাকে ইউরেনাস ও নেপচুনের কাছেও পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় সৌরজগতের বাইরের চারটি গ্রহের অবস্থান ছিল বিশেষ সুবিধাজনক। অন্যদিকে, ভয়েজার ১-এর জন্য বেছে নেওয়া হয়েছিল দ্রুততর গতিপথ। শনিগ্রহের বলয় এবং তার উপগ্রহ টাইটান সম্পর্কে তথ্য সংগ্রহের পর মহাকাশযানটি সৌরজগতের গ্রহগুলির কক্ষপথের সমতল ছেড়ে অন্য দিকে এগিয়ে যায়। এই পথ বেছে নেওয়ার ফলেই পরবর্তী সময়ে ভয়েজার ১ অনেক দ্রুত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়।

বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিতে বাড়ে গতি (Voyager 1 Light-Day Milestone)
দুই মহাকাশযানের গতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বৃহস্পতি। গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে গতি বাড়ানোর বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এই পদ্ধতির নাম ‘গ্র্যাভিটি অ্যাসিস্ট’। কোনও মহাকাশযান একটি গ্রহের কাছ দিয়ে যাওয়ার সময় তার মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে অতিরিক্ত গতি পেতে পারে। এতে বেশি জ্বালানি খরচের প্রয়োজন হয় না।
দ্য প্ল্যানেটারি সোসাইটির তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালে বৃহস্পতির পাশ দিয়ে যাওয়ার সময় ভয়েজার ১ ও ভয়েজার ২-এর গতি প্রতি সেকেন্ডে প্রায় ১০ কিলোমিটার বেড়েছিল। এই পদ্ধতিতে মহাকাশযান দুটি দ্রুত শনির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।তবে দুই মহাকাশযানের বৃহস্পতি পৌঁছনোর সময় এক ছিল না। ১৯৭৯ সালের ৫ মার্চ বৃহস্পতির কাছে পৌঁছয় ভয়েজার ১। অন্যদিকে, ভয়েজার ২ সেখানে পৌঁছয় ৯ জুলাই। অর্থাৎ, আগে উৎক্ষেপণ না হয়েও ভয়েজার ১ প্রায় চার মাস আগে বৃহস্পতিতে পৌঁছে গিয়েছিল।
নেপচুনের কাছে গতি কমে ভয়েজার ২-এর (Voyager 1 Light-Day Milestone)
শনিগ্রহ অতিক্রম করার পর দুই মহাকাশযানের যাত্রাপথ আলাদা হয়ে যায়। ভয়েজার ১ টাইটান ও শনির বলয় নিয়ে তথ্য সংগ্রহের পর সৌরজগতের গ্রহগুলির কক্ষপথের সমতল ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে, ভয়েজার ২ এগিয়ে যায় ইউরেনাস ও নেপচুনের দিকে।
এই যাত্রায় বৃহস্পতি, শনি ও ইউরেনাসের কাছ দিয়ে যাওয়ার সময় ভয়েজার ২-এর গতি বেড়েছিল। কিন্তু নেপচুনের কাছে পৌঁছে পরিস্থিতি বদলে যায়। নেপচুনের উপগ্রহ ট্রাইটনের পাশ দিয়ে যাওয়ার জন্য মহাকাশযানটির গতিপথ পরিবর্তন করা হয়। প্রথমে নেপচুনের উত্তর মেরুর উপর দিয়ে যাওয়ার পর সেটি সৌরজগতের গ্রহগুলির কক্ষপথের সমতল থেকে নিচের দিকে এগিয়ে যায়। এই কৌশলের কারণে তার গতি কমে যায়।

দ্য প্ল্যানেটারি সোসাইটির হিসাব অনুযায়ী, বৃহস্পতির কাছে ভয়েজার ২-এর গতি প্রতি সেকেন্ডে প্রায় ১০ কিলোমিটার, শনির কাছে ৫ কিলোমিটার এবং ইউরেনাসের কাছে ২ কিলোমিটার বেড়েছিল। কিন্তু নেপচুনের কাছে যাওয়ার সময় প্রতি সেকেন্ডে প্রায় ২ কিলোমিটার গতি কমে যায়।
২০৩৫ সালে এক আলোকদিনের দূরত্বে পৌঁছবে ভয়েজার ২ (Voyager 1 Light-Day Milestone)
বর্তমানে ভয়েজার ১ প্রতি বছর প্রায় ৩.৫ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব অতিক্রম করছে। অন্যদিকে, ভয়েজার ২-এর ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ৩.১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই গতির পার্থক্যের কারণেই ভয়েজার ২-এর এক আলোকদিনের দূরত্বে পৌঁছতে ২০৩৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখ্য, ভয়েজার ১ ২০১২ সালে এবং ভয়েজার ২ ২০১৮ সালে আন্তর্নাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। প্রায় পাঁচ দশক পরেও মহাকাশযান দুটি থেকে তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে নাসা। তবে দীর্ঘ যাত্রার কারণে মহাকাশযান দুটির বিদ্যুৎ সরবরাহ ক্রমশ কমছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) তাই একে একে বিভিন্ন যন্ত্র বন্ধ করে শক্তি সঞ্চয়ের ব্যবস্থা করছে। সম্প্রতি দুই মহাকাশযানের বিদ্যুৎ সরবরাহ আরও কার্যকরভাবে ব্যবহারের জন্য বিশেষ ‘বিগ ব্যাং’ পদ্ধতিও গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য, যতদিন সম্ভব ভয়েজার ১ ও ভয়েজার ২-কে সচল রাখা এবং মহাকাশ সম্পর্কে আরও নতুন তথ্য সংগ্রহ করা।










