Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

আর ভুলে যাওয়ার ভয় নেই! ওয়াটস্যাপে ১৪ দিন আগেই শিডিউল হবে মেসেজ, কিন্তু কীভাবে?

রণিতা সাহা
Published On: নভেম্বর 25, 2026 5:52 অপরাহ্ন

WhatsApp Schedule Messages: জন্মদিনের শুভেচ্ছা হোক বা জরুরি কোনও কাজের বার্তা, নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর কথা মনে রাখার ঝক্কি এবার কমতে চলেছে। WhatsApp-এ আসছে এমনই একটি সুবিধা, যার সাহায্যে আগাম মেসেজ লিখে রেখে ঠিক করে দেওয়া যাবে পাঠানোর সময়। শুধু তাই নয়, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট না থাকলেও নিজে থেকেই পৌঁছে যাবে সেই মেসেজ। সর্বোচ্চ দু’সপ্তাহ আগে পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

দীর্ঘদিন ধরেই ওয়াটস্যাপে এই ফিচারের অপেক্ষায় ছিলেন অনেকে। অবশেষে ২৫ নভেম্বর নতুন সুবিধার কথা প্রকাশ্যে এনেছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও ব্যবহার করা যাবে এই ফিচার। ফলে নির্দিষ্ট সময়ে কাউকে মেসেজ পাঠানোর জন্য আর ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে না।

কীভাবে শিডিউল করবেন মেসেজ? (How to Schedule WhatsApp Messages)

  • প্রথমে ওয়াটস্যাপ খুলে যে ব্যক্তি বা গ্রুপে মেসেজ পাঠাতে চান, সেই চ্যাটে যান।
  • এরপর নিজের মেসেজটি লিখে নিন। চাইলে সঙ্গে ছবি, ভিডিয়ো কিংবা লিঙ্কও যুক্ত করতে পারবেন।
  • মেসেজ লেখা হয়ে গেলে সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
  • স্ক্রিনে তারিখ ও সময় বেছে নেওয়ার বিকল্প আসবে।
  • নিজের পছন্দমতো দিন ও সময় নির্বাচন করে দিলেই শিডিউল হয়ে যাবে মেসেজ।
  • নির্ধারিত সময়ে ওয়াটস্যাপ নিজে থেকেই মেসেজটি পাঠিয়ে দেবে।
  • এই ফিচারে অন্তত ১০ মিনিট পর থেকে সর্বোচ্চ ১৪ দিন বা দু’সপ্তাহ পর্যন্ত আগাম মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করা যাবে।

শুধু টেক্সট নয়, পাঠানো যাবে ছবি-ভিডিয়োও (WhatsApp Schedule Messages Media)

শিডিউল মেসেজের ক্ষেত্রে শুধু সাধারণ লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না ওয়াটস্যাপ। ওয়াটস্যাপ ব্যবহারকারীরা টেক্সটের পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্ক, ছবি এবং ভিডিয়ো পাঠানোর সময়ও আগে থেকে ঠিক করে রাখতে পারবেন। তবে আপাতত ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে না।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মেসেজ পাঠানোর নির্ধারিত সময়ে প্রেরককে অনলাইনে থাকতে হবে না। এমনকী ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে শিডিউল করা মেসেজ। পাশাপাশি এই বার্তাগুলিও ওয়াটস্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার আওতায় সুরক্ষিত থাকবে।

পরিকল্পনা বদলালে মুছেও ফেলতে পারবেন মেসেজ (Delete WhatsApp Scheduled Messages)

ধরুন, কাউকে কোনও নির্দিষ্ট দিনে মেসেজ পাঠানোর পরিকল্পনা করলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বদলে গেল। সেক্ষেত্রেও চিন্তার কারণ নেই। ওয়াটস্যাপে শিডিউল করা মেসেজ দেখার এবং মুছে ফেলার সুবিধা থাকছে। চ্যাটের ইনফরমেশন স্ক্রিনে একটি আলাদা বিভাগে পাঠানোর অপেক্ষায় থাকা মেসেজগুলি দেখা যাবে। সেখান থেকেই প্রয়োজন অনুযায়ী মেসেজ ডিলিট করা যাবে। উল্লেখযোগ্য বিষয়, শিডিউল করা মেসেজ পাঠানোর আগেই মুছে দিলে প্রাপকের কাছে কোনও নোটিফিকেশন যাবে না।

গ্রুপের ক্ষেত্রে কোন নিয়ম মানতে হবে? (Group WhatsApp Schedule Messages)

গ্রুপ চ্যাটে মেসেজ শিডিউল করার ক্ষেত্রেও একটি বিশেষ নিয়ম রয়েছে। কোনও সদস্য মেসেজ শিডিউল করার সময় গ্রুপে যাঁরা থাকবেন, নির্ধারিত সময়ে কেবল তাঁরাই সেই মেসেজ পাবেন। অর্থাৎ মেসেজ শিডিউল হওয়ার পরে নতুন কোনও সদস্য গ্রুপে যোগ দিলে তিনি আগের নির্ধারিত মেসেজটি দেখতে পাবেন না।

কবে থেকে পাবেন এই সুবিধা? (WhatsApp Schedule Messages New Update 2026)

২৫ নভেম্বর ওয়াটস্যাপের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই ফিচারের ঘোষণা করা হয়েছে। এর আগে এন্ড্রোইড এবং iOS-এর কয়েকজন বিটা ব্যবহারকারীর উপর এর পরীক্ষা চালানো হয়েছিল। তবে এখনও সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই সুবিধা পৌঁছয়নি।

গাজেটস ৩৬০-এর পরীক্ষায় কয়েকটি অ্যাকাউন্টে ফিচারটি কাজ করতে দেখা গিয়েছে। ফলে ধাপে ধাপে এটি চালু করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। যাঁদের ওয়াটস্যাপে এখনও শিডিউল মেসেজের বিকল্প আসেনি, তাঁদের অপেক্ষা করতে হবে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now