Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পাইপ ফেটে ভাসছে টালা, জল সরবরাহে টান উত্তর থেকে দক্ষিণ কলকাতায়! পিছল ৪ ট্রেনের সময়

রণিতা সাহা
Published On: নভেম্বর 9, 2026 4:56 অপরাহ্ন
area flooded with water

Tala Water Pipeline Burst: কালীপুজোর রাত কাটতে না কাটতেই বড়সড় জল-বিপর্যয়ের মুখে কলকাতা। সোমবার সকাল থেকে টালা ব্রিজের নীচে ৭২ ইঞ্চির পানীয় জলের মূল পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় জমে যায় হাঁটুসমান জল। পরিস্থিতি সামাল দিতে বনমালী সরকার স্ট্রিটের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুধু উত্তর কলকাতাই নয়, এই বিপত্তির প্রভাব পড়তে পারে মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকাতেও। পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জল জমে যাওয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন রেললাইনেও সমস্যা দেখা দিয়েছে। এর জেরে চক্ররেল পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা থাকা চারটি দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করেছে পূর্ব রেল।

সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নীচে আচমকাই ফেটে যায় ভূগর্ভস্থ পানীয় জলের একটি প্রধান পাইপলাইন। বিকট শব্দের পর পাইপ থেকে প্রবল বেগে জল বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে আশপাশের রাস্তায় জল জমে যায়। পুরসভা সূত্রে খবর, টালা রেল ইয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইনটি দীর্ঘদিনের পুরনো। টালা জলাধার থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পাইপলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে পাইপ ফেটে যাওয়ায় শহরের জল সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতায় জল সরবরাহে প্রভাব (Tala Water Pipeline Burst)

পাইপলাইন ফাটার পর কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, টালা রেল ব্রিজের নীচে রেললাইনের তলায় থাকা মূল পাইপলাইনে বড়সড় ফাটল ধরেছে। এর ফলে উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হতে পারে। পুরসভার তালিকায় রয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকা, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা। পাইপলাইন মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত জল সরবরাহে সমস্যা থাকতে পারে। তবে পুরসভার দাবি, বিকল্প একাধিক পাইপলাইন চালু থাকায় শহরের সর্বত্র জল সরবরাহ বন্ধ হয়ে যায়নি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিকল্প ব্যবস্থাও চালু করা হয়েছে। পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে পুর প্রশাসন।

জলবন্দি বনমালী সরকার স্ট্রিট, বিচ্ছিন্ন বিদ্যুৎ (Tala Water Pipeline Burst)

পাইপ ফেটে জল বেরোতে শুরু করার পর টালা সংলগ্ন বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। বিপাকে পড়েন পথচলতি মানুষও। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এবং দুর্ঘটনা এড়াতে বনমালী সরকার স্ট্রিটের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে একদিকে জলবন্দি অবস্থা, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েন এলাকার মানুষ। উল্লেখ্য, এই এলাকাটি আগে কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল। বর্তমানে এটি ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে।

কলকাতা স্টেশনে জল, পিছিয়েদেওয়া হল চারটি ট্রেন (Tala Water Pipeline Burst)

পাইপ ফাটার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। কলকাতা স্টেশন সংলগ্ন স্টেবল ইয়ার্ড লাইন এবং চক্ররেলের লাইনে জল জমে যায়। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর ফলে চক্ররেল পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা থাকা চারটি দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করতে হয়েছে।

ট্রেনগুলির পরিবর্তিত সময়সূচি হল—

১.কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস (১৩১৬১): দুপুর ১২টা ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী ট্রেনটি বিকেল ৩টেয় ছাড়বে।

২. কলকাতা–শিলঘাট কাজিরাঙা এক্সপ্রেস (১৩১৮১): সকাল ৯টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল। প্রথমে দুপুর ১টা করা হলেও পরে সময় পরিবর্তন করে বিকেল ৩টে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

৩.কলকাতা–আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস (১৩১৩৭): সকাল ১১টা ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। প্রথমে দুপুর ১টা ৩০ মিনিট করা হয়। পরে নতুন সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টে ৪৫ মিনিট।

৪.কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস (১৩১৫১): বেলা ১১টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। প্রথমে দুপুর ২টো করা হলেও পরে সময় পরিবর্তন করে বিকেল ৪টে করা হয়েছে।

মেরামতির কাজে পুরসভার ইঞ্জিনিয়াররা, পরিস্থিতির উপর নজর (Tala Water Pipeline Burst)

ঘটনার খবর পাওয়ার পরই তৎপর হয় কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। জল সরবরাহ বিভাগের পদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং মেরামতির কাজে যুক্ত কর্মীরা। পাইপলাইনের ফাটল সারানোর কাজ শুরু হয়েছে। জমে থাকা জল সরাতে পাম্পও নামানো হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে কী কারণে এত বড় পাইপলাইনে ফাটল ধরল, তা এখনও স্পষ্ট নয়। পাইপটির বয়সের কারণে কোনও কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছিল কি না, নাকি অতিরিক্ত জলের চাপ থেকে এই বিপত্তি, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। পুরসভার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শেষ করে স্বাভাবিক জল সরবরাহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছেন পুরসভার আধিকারিকরা। শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ এবং রেল পরিষেবা কবে পুরোপুরি স্বাভাবিক হয়, এখন সেদিকেই তাকিয়ে কলকাতার বাসিন্দারা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“পাইপ ফেটে ভাসছে টালা, জল সরবরাহে টান উত্তর থেকে দক্ষিণ কলকাতায়! পিছল ৪ ট্রেনের সময়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।