Suvendu Adhikari Tribal Welfare Schemes: আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার, ১৮ নভেম্বর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। একইসঙ্গে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার দিনরাত কাজ করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা (Suvendu Adhikari Tribal Welfare Schemes)
বুধবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কুমারগ্রামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, আগের সরকার প্রতিশ্রুতি দিলেও আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পারেনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্যে সরকার পরিবর্তন না হলে এই পরিস্থিতির কোনও পরিবর্তন হত না বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছে। তাঁদের উন্নয়নে ইতিমধ্যেই অনেক কাজ করা হয়েছে। আগামী দিনেও যাতে কোনও আদিবাসী পরিবার সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হবে।
ভুয়ো এসটি শংসাপত্র বাতিলের নির্দেশ (Suvendu Adhikari Tribal Welfare Schemes)
আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা জানানোর পাশাপাশি ভুয়ো তফসিলি জনজাতি বা এসটি শংসাপত্র নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সমস্ত ভুয়ো এসটি শংসাপত্র বাতিল করা হবে। যাঁরা প্রকৃতপক্ষে এই সুবিধা পাওয়ার যোগ্য, তাঁরাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
এছাড়াও আদিবাসী পরিবারগুলিকে বাড়ি তৈরির সুবিধা দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রকৃত উপভোক্তারাই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন। কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।
বনাঞ্চলের জমিতে পাট্টা দেওয়ার উদ্যোগ (Suvendu Adhikari Tribal Welfare Schemes)
আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমির অধিকার নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বনাঞ্চলের মধ্যে বসবাসকারী আদিবাসী পরিবারগুলিকে জমির পাট্টা দেওয়ার জন্য বর্তমান সরকার দিনরাত কাজ করছে।
এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে পূরণ করতে পারেনি। তবে বর্তমান সরকার এই কাজ শেষ করতে উদ্যোগী। আদিবাসীদের জমির অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মান উন্নত করাও সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
খগেন মুর্মুর উপর হামলার অভিযোগ, তদন্তের নির্দেশ (Suvendu Adhikari Tribal Welfare Schemes)
এ দিনের সভা থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা খগেন মুর্মুর উপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার পুরনো মামলার নথি ফের খোলার নির্দেশ দেন তিনি।
এই বিষয়ে উত্তরবঙ্গের ইনস্পেক্টর জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার কথাও বলেন তিনি। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, এই ঘটনায় কেউ ছাড় পাবে না। প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।এইদিকে, সভায় বক্তব্য রাখার পর আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁদের গানের তালে নাচতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর এই অংশগ্রহণও নজর কাড়ে।










