Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

কালীঘাটে মমতার ভাইয়ের পুজোয় শুভেন্দু, প্রকাশ্যেই সমর্থনের বার্তা বাবুনের

রণিতা সাহা
Published On: নভেম্বর 10, 2026 11:26 অপরাহ্ন

Suvendu Adhikari Kalighat Kali Puja: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই কালীপুজোর মণ্ডপে তখন উৎসবের আবহ। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাঁকে স্বাগত জানাতে এগিয়ে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নামতেই শুভেন্দুর পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। পরিয়ে দিলেন মালা। এরপর কালীপ্রতিমার সামনে দাঁড়িয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। মায়ের আরতি করতেও দেখা যায় তাঁকে। পরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বাবুনের বার্তা, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।” রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

1001304397 - কালীঘাটে মমতার ভাইয়ের পুজোয় শুভেন্দু, প্রকাশ্যেই সমর্থনের বার্তা বাবুনের

মমতার বাড়ির কাছেই বাবুনের পুজোয় শুভেন্দু (Suvendu Adhikari Kalighat Kali Puja)

মঙ্গলবার সন্ধ্যায় পরিকল্পনা অনুযায়ী কালীঘাটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই তিনি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয়। এই পুজোটি কালীঘাটের সেবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল। মমতার বাড়ি থেকে মাত্র দু’টি বাড়ির দূরত্বে এই পুজোমণ্ডপ। শুভেন্দু সেখানে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাবুন। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এরপর তাঁকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। পুজোমণ্ডপে গিয়ে কালীপ্রতিমার সামনে প্রার্থনা করেন শুভেন্দু। দেবীর গলায় পদ্মফুলের মালাও পরিয়ে দেন তিনি। পাশাপাশি মায়ের আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী।

পুজো শেষ করে সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু। তবে সেই সময় বাড়ির উঠোন অন্ধকার ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়েই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একাধিক কালীপুজো মণ্ডপে যান তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। জনসংযোগ করতে দেখা যায় তাঁকে।

‘দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি’ (Suvendu Adhikari Kalighat Kali Puja)

শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কালীপুজোয় তাঁদের কাছে আসতে পেরে ভালো লাগার কথা জানিয়েছেন শুভেন্দু। বাবুনের কথায়, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”শুধু তাই নয়, গত ছয় মাসে বাংলার জন্য শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন, তাতে তিনি সন্তুষ্ট বলেও দাবি করেন বাবুন। আগামী দিনেও তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান তিনি। তবে ব্যস্ততার কারণে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলেও জানিয়েছেন বাবুন।

1001304400 - কালীঘাটে মমতার ভাইয়ের পুজোয় শুভেন্দু, প্রকাশ্যেই সমর্থনের বার্তা বাবুনের

মমতা-বাবুনের দূরত্ব ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা (Suvendu Adhikari Kalighat Kali Puja)

বাবুন বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিধানসভা নির্বাচনের আগেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের একাধিক নেতার বিরুদ্ধে সরব হয়েছিলেন বাবুন। দলের পরাজয়ের জন্য নেতৃত্বের একাংশকে দায়ী করেছিলেন তিনি। এমনকী, তাঁর দিদি তাঁকে অনেক আগেই ত্যাগ করেছেন বলেও দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে মমতার বাড়ির এত কাছে বাবুনের আয়োজিত কালীপুজোয় শুভেন্দুর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদিকে মমতার বাড়ির দরজা বন্ধ, অন্যদিকে তাঁর ভাইয়ের কাছ থেকে মুখ্যমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা—দুই ছবির রাজনৈতিক তাৎপর্য নিয়েই শুরু হয়েছে চর্চা।

সেবক সংঘ ও তরুণ যুবক সংঘের পুজোতেও মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari Kalighat Kali Puja)

এদিন কালীঘাটের সেবক সংঘের পাশাপাশি তরুণ যুবক সংঘের কালীপুজোতেও যান শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, এই দুই ক্লাবের পুজো উদ্বোধনের জন্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি সেই সময় যেতে পারেননি। পরে শনিবার সেবক সংঘ এবং রবিবার তরুণ যুবক সংঘের পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি।মঙ্গলবার ওই দুই পুজোমণ্ডপে গিয়ে বিসর্জনের আগের বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু। উল্লেখযোগ্যভাবে, সেবক সংঘের পুজোমণ্ডপটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উলটো দিকে অবস্থিত।

সব মিলিয়ে, কালীঘাটের কালীপুজোকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার রাজনীতিতেও তৈরি হল এক বিশেষ মুহূর্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় বর্তমান মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং বাবুনের প্রকাশ্য সমর্থনের বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ল।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now