SBSTC Free Bus Ticket Rules: একটি মোবাইল নম্বর ব্যবহার করে বুক করা হচ্ছে একসঙ্গে ২৬টি বাসের টিকিট। অথচ বাস ছাড়ার সময় দেখা যাচ্ছে, সেই আসনগুলিতে কোনও যাত্রীই নেই। ফলে অনলাইনে টিকিট কাটতে গিয়েও আসন পাচ্ছেন না অন্য যাত্রীরা। বিশেষ করে পুরুষ যাত্রীদের টাকা দিয়ে টিকিট কাটতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যে বাসযাত্রার সুবিধার অপব্যবহারের এমনই ছবি সামনে আসছে। এই সমস্যা ঠেকাতে এবার প্রযুক্তিগত ব্যবস্থায় বদল আনতে চলেছে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগম (SBSTC)। ফ্রি টিকিট বুক করে যাত্রা না করলে সংশ্লিষ্ট মোবাইল নম্বর চিহ্নিত করে ব্লক করার ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য নতুন সফটওয়্যার আনতে চলেছে সংস্থা।
এক নম্বরে ২৬টি টিকিট বুকিং! (SBSTC Free Bus Ticket Rules)
মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর থেকেই দূরপাল্লার বাসের টিকিট বুকিং নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ, অনলাইনে অনেক সময় দেখা যাচ্ছে, নির্দিষ্ট রুটের সমস্ত আসন আগেই বুক হয়ে গিয়েছে। কিন্তু বাস ছাড়ার সময় সেই আসনগুলির অনেকগুলিই ফাঁকা থাকছে। অর্থাৎ টিকিট বুক করা হলেও বাস্তবে যাত্রা করছেন না সংশ্লিষ্ট যাত্রীরা।
গত ২ নভেম্বর বাঁকুড়া থেকে করুণাময়ীগামী একটি সরকারি বাসের টিকিট বুকিংকে কেন্দ্র করে এমনই একটি ঘটনা সামনে আসে। এক মহিলা নিজের একটি মোবাইল নম্বর ব্যবহার করে একসঙ্গে ২৬টি আসন বুক করেছিলেন। যদিও প্রতিটি টিকিটের ক্ষেত্রে আলাদা আধার নম্বর ব্যবহার করা হয়েছিল। ফলে কাগজে-কলমে বুকিং সম্পূর্ণ হলেও একই মোবাইল নম্বরের মাধ্যমে এতগুলি আসন সংরক্ষিত হয়েছিল। এই ধরনের ঘটনা যে বিচ্ছিন্ন নয়, তা জানাচ্ছেন পরিবহণ সংস্থার আধিকারিকেরা। তাঁদের দাবি, প্রায় প্রতিদিনই এমন সমস্যা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে মহিলারা বিনামূল্যের টিকিট বুক করলেও শেষ পর্যন্ত বাসে উঠছেন না। অথচ সেই টিকিট বাতিলও করছেন না। ফলে অন্য যাত্রীরা ওই আসনগুলি বুক করার সুযোগ পাচ্ছেন না।
ফ্রি টিকিট বুক করেও কেন যাত্রা করছেন না? (SBSTC Free Bus Ticket Rules)
এই সমস্যার জেরে একদিকে যেমন বিনামূল্যে যাতায়াতের সুবিধা প্রকৃত যাত্রীদের কাজে লাগছে না, অন্যদিকে পরিবহণ সংস্থার টিকিট ব্যবস্থাপনাতেও সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব পুরুষ যাত্রী টাকা দিয়ে টিকিট কাটতে চান, তাঁদের অনেক সময় আসন না পেয়ে ফিরে যেতে হচ্ছে। অথচ বাস্তবে বাসে উঠলে দেখা যাচ্ছে, বেশ কিছু আসন ফাঁকাই রয়েছে।
২ নভেম্বরের ঘটনায় সংশ্লিষ্ট মহিলার সঙ্গে যোগাযোগও করেছিল পরিবহণ সংস্থা। কেন এতগুলি টিকিট বুক করা সত্ত্বেও যাত্রা করা হয়নি, তা জানতে চাওয়া হয়। ওই মহিলা জানান, একটি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল। কিন্তু নির্ধারিত বাসে গেলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব হত না। তাই পরে অন্য ব্যবস্থায় যাতায়াত করেন তাঁরা। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হননি পরিবহণ সংস্থার আধিকারিকেরা। তাঁদের প্রশ্ন ছিল, বাসে যাত্রা করা সম্ভব না হলে বুক করা টিকিটগুলি বাতিল করা হল না কেন? কারণ, সময়মতো টিকিট বাতিল করা হলে অন্য যাত্রীরা সেই আসন বুক করার সুযোগ পেতেন। সংশ্লিষ্ট মহিলার উত্তরে কী ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তা অবশ্য জানা যায়নি।
নতুন সফটওয়্যারে নম্বর ব্লক করার পরিকল্পনা (SBSTC Free Bus Ticket Rules)
বারবার এই ধরনের ঘটনা সামনে আসায় এবার টিকিট বুকিং ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের পথে হাঁটছে SBSTC। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, শীঘ্রই একটি নতুন সফটওয়্যার চালু করা হবে। এই সফটওয়্যারের মাধ্যমে বিনামূল্যের টিকিট বুকিংয়ের উপর নজরদারি চালানো হবে। কোনও ব্যক্তি বারবার ফ্রি টিকিট বুক করেও নির্ধারিত বাসে যাত্রা না করলে সফটওয়্যারটি সেই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে। পরবর্তী ক্ষেত্রে ওই নম্বর ব্লক করার ব্যবস্থাও রাখা হবে। ফলে একই নম্বর ব্যবহার করে বারবার টিকিট বুক করে আসন আটকে রাখার প্রবণতা কমানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থা।
অনলাইন বুকিংয়ে আসতে পারে নির্দিষ্ট সীমা (SBSTC Free Bus Ticket Rules)
শুধু মোবাইল নম্বর ব্লক করাই নয়, অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আরও কিছু নিয়ম চালুর কথা ভাবা হচ্ছে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে যেমন একটি অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সংখ্যার বেশি টিকিট বুক করা যায় না, তেমনই বাসের ক্ষেত্রেও কোনও একটি অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর থেকে কতগুলি টিকিট বুক করা যাবে, তার সীমা নির্ধারণ করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। মূলত বিনামূল্যে বাসযাত্রার সুবিধা যাতে প্রকৃত যাত্রীরা পান, তা নিশ্চিত করাই SBSTC-র লক্ষ্য। একই সঙ্গে অকারণে আসন আটকে রাখার প্রবণতা বন্ধ করে টিকিট বুকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে চাইছে পরিবহণ সংস্থা। নতুন সফটওয়্যার চালু হলে এই সমস্যার কতটা সমাধান হয়, এখন সেটাই দেখার।









