Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ছয় মাসে ‘সময়ের প্রথম কলকাতা’ কী করল?

সুব্রত আচার্য
Published On: নভেম্বর 16, 2026 9:32 অপরাহ্ন

Samayer Prothom Kolkata Six Months Journey: ক্ষমতার পালাবদল, মানুষের প্রত্যাশা, রাজপথের প্রতিবাদ থেকে বিশ্বরাজনীতির টানাপোড়েন—প্রথম ১১টি সংখ্যায় কীভাবে তুলে এনেছি ছ’মাসের ঘটনাপ্রবাহ? শুধু খবর নয়, বিশ্লেষণের মোড়কে পাঠককে কতটা নতুন স্বাদ দিতে পেরেছি?

সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবারের সংখ্যাটাও একটু অন্য রকম করে সাজিয়েছি।

১ জুন ২০২৬। ‘সময়ের প্রথম কলকাতা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। তারপর দেখতে দেখতে প্রায় ছ’মাস। প্রকাশিত হয়েছে ১১টি সংখ্যা। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও নিজের সম্পাদনায় একটি সংবাদপত্র প্রকাশ করার অনুভূতি আলাদা। প্রতিটি সংখ্যার আগে ভেবেছি, কোন খবরটি পাঠকের সামনে তুলে ধরা জরুরি? ঘটনার কোন দিকটি নিয়ে আরও প্রশ্ন তোলা প্রয়োজন? কারণ শুধু কী ঘটেছে, তা জানানোই নয়। কেন ঘটল, তার প্রভাব কোথায় পড়তে পারে, সেটাও বোঝার চেষ্টা আমাদের।

বাংলার রাজনৈতিক পালাবদল থেকে নতুন সরকারের পরীক্ষা (Samayer Prothom Kolkata Six Months Journey)

শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে। প্রথম সংখ্যার প্রধান শিরোনাম, ‘বাংলার নতুন ক্ষমতার করিডর’। নতুন সরকার এসেছে। মানুষের প্রত্যাশাও বেড়েছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন আর মানুষের জীবনে পরিবর্তন কি এক কথা? সেই প্রশ্ন থেকেই ১৬ জুনের দ্বিতীয় সংখ্যায় ‘৩০ দিনে শুভেন্দু সরকার: জনমুখী রাজনীতির আশা, কড়া শাসনের পরীক্ষা’। ১ জুলাইয়ের তৃতীয় সংখ্যায় ‘গুন্ডারাজ খতমে কড়া আইন, বদলের বার্তা বাংলায়’। সরকারি সিদ্ধান্তের খবরের পাশাপাশি তার রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য খুঁজেছি।

রাজপথের প্রতিবাদ, নাগরিক অধিকার ও সমাজের প্রশ্ন (Samayer Prothom Kolkata Six Months Journey)

তবে বাংলা মানেই শুধু নবান্ন কিংবা রাজনৈতিক দলের কার্যালয় নয়। ১৬ জুলাইয়ের সংখ্যায় ‘বারুইপুরে তিন মৃত্যু, রাষ্ট্র ও সমাজের পরীক্ষা’। ১ আগস্টের সংখ্যায় ‘কলকাতার মিছিলে হাঁটল তিন প্রশ্ন’। মানুষের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং প্রতিবাদের রাজনীতিও আমাদের আলোচনায় এসেছে। কোথাও প্রশাসনের ভূমিকা, কোথাও সমাজের দায়। প্রশ্ন তোলার জায়গা থেকে সরে আসিনি।

স্বাধীন ভারত থেকে আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েন (Samayer Prothom Kolkata Six Months Journey)

স্বাধীনতা দিবসের আবহে ১৬ আগস্টের ষষ্ঠ সংখ্যায় প্রধান শিরোনাম ছিল ‘সংগ্রাম পেরিয়ে বিশ্বশক্তির পথে ভারত’। স্বাধীনতার দীর্ঘ যাত্রায় ভারতের অর্জন ও ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরেছি। তারপর ১ সেপ্টেম্বরের সপ্তম সংখ্যায় আবার পশ্চিমবঙ্গ। প্রশ্ন তুলেছি, ‘একশোয় কত পেল বিজেপি সরকার?’ নতুন সরকারের প্রথম একশো দিনের কাজের হিসেব খুঁজেছি। ১৬ সেপ্টেম্বরের অষ্টম সংখ্যা আমাদের নিয়ে গিয়েছে আন্তর্জাতিক কূটনীতির আলোচনায়। ‘ভারতের মাস্টার স্ট্রোক’—এই শিরোনামে বিশ্বরাজনীতির টানাপোড়েনে ভারতের অবস্থান বিশ্লেষণের চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গের খবর দিয়ে শুরু হলেও দেশের সীমানায় আমাদের আগ্রহ থেমে থাকেনি। আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে ভারতের লাভ-ক্ষতির হিসেবও গুরুত্ব পেয়েছে। কারণ আজকের পৃথিবীতে কোনও দেশের রাজনীতি কিংবা অর্থনীতি একা চলে না। দিল্লির সিদ্ধান্তের প্রভাব যেমন কলকাতায় পড়ে, তেমনই আন্তর্জাতিক রাজনীতির অনেক ঘটনার অভিঘাতও পৌঁছে যায় আমাদের জীবনে।

রাজনীতি, সংগঠন ও বাঙালির উৎসবের আবেগ (Samayer Prothom Kolkata Six Months Journey)

১ অক্টোবরের নবম সংখ্যায় ‘সরকারে শুভেন্দু, সংগঠনে শমীক, ছুটছে বদলের বাংলা’। সরকার পরিচালনা আর রাজনৈতিক সংগঠনের দায়িত্ব—দুইয়ের সম্পর্ককে সামনে এনেছি। ১৬ অক্টোবরের দশম সংখ্যায় আবার অন্য ছবি। ‘মায়ের আবাহন, উৎসবের বাংলা’। রাজনীতির পাশাপাশি উৎসব, সংস্কৃতি ও বাঙালির আবেগও জায়গা পেয়েছে প্রথম পাতায়। কারণ বাংলাকে জানতে হলে তার রাজনীতির পাশাপাশি সমাজ ও সংস্কৃতিকেও বুঝতে হবে।

প্রথম সংখ্যার প্রশ্ন, পাঁচ মাস পরে তার হিসেব (Samayer Prothom Kolkata Six Months Journey)

আর ১ নভেম্বরের একাদশ সংখ্যা? ‘পালাবদলের বাংলা, প্রতিশ্রুতির পরীক্ষা’। প্রথম সংখ্যায় যে নতুন ক্ষমতার কথা লিখেছিলাম, পাঁচ মাস পরে তার কাজের হিসেবেই ফিরে এসেছি। আমার কাছে এই ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। সরকার গঠনের দিন যে প্রশ্ন তোলা হয়, কয়েক মাস পরে তার উত্তর খোঁজার দায়িত্বও সংবাদপত্রের।

এই ১১টি সংখ্যা পাশাপাশি রাখলে পশ্চিমবঙ্গের রাজনীতি, সমাজ, ভারতের অগ্রগতি, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলার সংস্কৃতির একটি সময়চিত্র পাওয়া যায়। সবকিছু নিখুঁতভাবে করতে পেরেছি, এমন দাবি আমার নেই। সীমিত পরিসরে কাজ করতে গিয়ে শিখেছি, কোথায় আরও ভালো করা প্রয়োজন। সহকর্মীদের পরিশ্রম, প্রতিবেদকদের খোঁজখবর, লেখকদের নিজস্ব মত এবং পাঠকদের প্রতিক্রিয়া আমাদের এই পথচলার শক্তি জুগিয়েছে।

নিরপেক্ষতার ছদ্মবেশ নয়, তথ্যের জোরেই সাংবাদিকতা (Samayer Prothom Kolkata Six Months Journey)

আমাদের সম্পাদকীয় নীতির কেন্দ্রে রয়েছে পাঠকের প্রতি দায়বদ্ধতা। নিরপেক্ষতার ছদ্মবেশ নয়। খবরকে ভেঙে, তথ্য যাচাই করে, নানা দিক খতিয়ে দেখে বিশ্লেষণ তুলে ধরাই আমাদের চেষ্টা। কোনও রাজনৈতিক শিবিরের মন জোগানো নয়। আবার কারও বিরোধিতা করাই আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য হতে পারে না। যে সিদ্ধান্ত প্রশংসার যোগ্য, তার প্রশংসা করতে দ্বিধা নেই। যেখানে প্রশ্ন তোলা প্রয়োজন, সেখানেও পিছিয়ে থাকার কারণ দেখি না। কথার জোর নয়, তথ্যের জোরেই কথা বলতে চাই।

সংবাদপত্রের পাতা হয়ে উঠুক সময়ের দলিল (Samayer Prothom Kolkata Six Months Journey)

আজকের খবর আগামী দিনে ইতিহাসের উপাদান হয়ে উঠতে পারে। সেই ভাবনা থেকেই প্রথম ১১টি সংখ্যাকে আমি সময়ের দলিল হিসেবে দেখি। হয়তো কয়েক বছর পরে এই পাতাগুলি উল্টে কোনও পাঠক বুঝতে চাইবেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ কোন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। ভারতকে ঘিরে কী প্রত্যাশা তৈরি হয়েছিল। কোন ঘটনায় মানুষ প্রতিবাদ করেছিলেন, আর কোন প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি। সংবাদপত্রের পুরনো পাতার মূল্য তো এখানেই।

পাঠকের ভালোবাসা ও পরামর্শই এগিয়ে চলার শক্তি

আর একটা কথা ব্যক্তিগতভাবে বলতে চাই। সংবাদপত্র প্রকাশের উদ্যোগ আমাদের, কিন্তু তাকে অর্থবহ করে তোলেন পাঠকেরা। আপনারা পড়ছেন, প্রশ্ন করছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথম কলকাতা আপনার জন্যই। পাশে থাকুন। ভুল হলে ধরিয়ে দিন, প্রশ্ন করুন, পরামর্শ দিন। আপনার সেই অধিকারকে সম্মান করেই আগামী দিনেও পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ ও বিশ্বের ঘটনাপ্রবাহকে তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখব।

ছ’মাসের এই পথচলা শেষ কথা নয়। বরং আরও দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার শুরু।

সুব্রত আচার্য

সুব্রত আচার্য

আমি প্রায় দুই দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতার পর বর্তমানে প্রথম কলকাতা-র সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করছি। রাজনীতি, ভূ-রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখা ও বিশ্লেষণ আমার কাজের মূল ক্ষেত্র।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now