Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

কাশ্মীরি কেশর এবার হাওড়ায়! ছোট্ট ঘরে কীভাবে চাষ করছেন সৌরভ?

রণিতা সাহা
Published On: নভেম্বর 24, 2026 12:00 অপরাহ্ন

Saffron Farming in Howrah: কাশ্মীরের কেশরের জন্য আর কাশ্মীরের মাটির প্রয়োজন নেই! হাওড়ার দাসনগরের একটি ছোট্ট ঘরেই কাশ্মীরের পরিবেশ তৈরি করে কেশর চাষ শুরু করেছেন যুবক সৌরভ মাইতি। উন্নত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রেখে ইন্ডোর পদ্ধতিতে কেশর উৎপাদন করছেন তিনি। শুধু পরীক্ষামূলক চাষ নয়, ইতিমধ্যেই উৎপাদিত কেশর বিক্রির জন্য সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছেন। পাশাপাশি তাঁর লক্ষ্য, এই চাষের পদ্ধতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।

ঘরেই তৈরি করেছেন কাশ্মীরের পরিবেশ (Indoor Saffron Farming)

কেশর চাষের জন্য প্রয়োজন নির্দিষ্ট তাপমাত্রা ও পরিবেশ। সেই কথা মাথায় রেখেই বাড়ির ছাদের একটি ঘরকে বিশেষভাবে তৈরি করেছেন সৌরভ। ঘরের মধ্যে বসিয়েছেন র‍্যাক। উন্নতমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে কাশ্মীরের আবহাওয়ার মতো পরিবেশ তৈরি করেছেন। সৌরভের দেওয়া তথ্য অনুযায়ী, কাশ্মীরে দিনের তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। রাতে তা নেমে আসে ৪ থেকে ৫ ডিগ্রিতে। সেই অনুযায়ী ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি কেশরের বীজ থেকে ফুল আসার জন্য প্রয়োজনীয় আর্দ্রতাও বজায় রাখা হচ্ছে। সব নিয়ম মেনেই চলছে চাষের কাজ।

কতটা কেশর উৎপাদন করছেন সৌরভ? (Saffron Production)

সৌরভ জানান, গত সেপ্টেম্বর মাসে তিনি ঘরে কেশরের বীজ নিয়ে আসেন। এরপর ধীরে ধীরে শুরু হয় চাষের কাজ। বর্তমানে তাঁর কাছে প্রায় ৩ কুইন্টাল বীজ রয়েছে। সেখান থেকে আপাতত প্রায় ৫০০ গ্রাম কাশ্মীরি কেশর উৎপাদনের পরিকল্পনা করেছেন তিনি। উৎপাদিত কেশর বিক্রির জন্য একটি সংস্থার সঙ্গে তাঁর কথাও হয়েছে। সংস্থাটি ছবি দেখে তাঁর উৎপাদিত কেশর কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

কীভাবে এল কেশর চাষের ভাবনা? (Saffron Farming in Howrah)

সৌরভের শিক্ষাগত যোগ্যতাও বেশ আকর্ষণীয়। দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে আইসিএসই পাশ করার পর সল্টলেক থেকে ফুড টেকনোলজিতে বিটেক করেন তিনি। এরপর একটি সংস্থায় কাজ শুরু করেন। সেখানে মহিলাদের স্বনির্ভর করে তোলার কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ।

এই কাজের সূত্রে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের লালগড়ে গ্রামীণ মহিলাদের সঙ্গে কাজ করার সুযোগ হয় তাঁর। তাঁদের কাছ থেকেই ধান, গম-সহ বিভিন্ন ফসল চাষের পদ্ধতি শেখেন। বিধাননগর কৃষি বিদ্যালয়ের পরামর্শ মেনে মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের চাষের কাজও করেছেন। সৌরভের কথায়, এই কাজের মধ্য দিয়েই কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।

প্রশিক্ষণ নিয়ে শুরু হয়েছিল নতুন উদ্যোগ (Saffron Cultivation Training)

ইন্ডোর পদ্ধতিতে কেশর চাষের বিষয়ে আগ্রহ তৈরি হওয়ার পর দেশের অন্য চাষিদের কাজ সম্পর্কে খোঁজখবর নেন সৌরভ। তাঁর দাবি, ভারতে এই পদ্ধতিতে কেশর চাষ করছেন এমন পাঁচজনের সন্ধান পেয়েছেন তিনি। তাঁদের মধ্যে দু’জন জলন্ধরে, দু’জন অমৃতসরে এবং একজন ওড়িশায় রয়েছেন।

ওড়িশার বাসিন্দা সুজাতা আগরওয়ালের কাছেও যান সৌরভ। তাঁর কাছ থেকে কেশর চাষের বিস্তারিত পদ্ধতি ও প্রশিক্ষণ নেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই হাওড়ার বাড়িতে শুরু করেন এই অভিনব উদ্যোগ।

নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিতে চান সৌরভ (Saffron Farming Business)

নিজের উদ্যোগকে শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না সৌরভ। তাঁর ইচ্ছা, নতুন প্রজন্মকে ইন্ডোর কেশর চাষের প্রশিক্ষণ দেওয়া। তাঁর মতে, এই পদ্ধতি শিখলে অনেকের সামনে উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি কম খরচে বাজারে কেশর পৌঁছে দেওয়াও সম্ভব হবে। কাশ্মীরের বাইরে হাওড়ার ঘরে কেশর চাষের এই উদ্যোগ তাই ভবিষ্যতে অনেকের কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now