Ratan Sheikh Encounter: একদিকে পুলিশের তল্লাশি, অন্যদিকে অস্ত্র উদ্ধারের চেষ্টা। সবকিছুই চলছিল পুলিশের পরিকল্পনা মতো। কিন্তু নানুরের একটি ইটভাটায় পৌঁছতেই বদলে গেল পরিস্থিতি। পুলিশের দাবি, আচমকাই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান রতন শেখ। পাল্টা গুলি চালায় পুলিশও। শেষ পর্যন্ত মৃত্যু হয় রতনের। ঠিক কী ঘটেছিল সেই ইটভাটায়? সোমবার সাংবাদিক বৈঠকে গোটা ঘটনার বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ।
এই ঘটনার সূত্রপাত গত ১৩ নভেম্বর। ওই দিনই বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছিলেন রতন শেখ। কিন্তু জেল থেকে বেরনোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শান্তিনিকেতনের লায়েক বাজারে পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করলে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। সেই গুলিতে আহত হন ওই পুলিশকর্মী। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
লায়েক বাজারে কী ঘটেছিল? (Ratan Sheikh Encounter)
পুলিশ সুপার জানান, ১৩ নভেম্বর গোপন সূত্রে খবর আসে, লায়েক বাজার এলাকায় অপরাধের পুরনো রেকর্ড রয়েছে এমন দু’জন সন্দেহভাজন ঘোরাঘুরি করছেন। খবর পেয়েই পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। তাঁদের আটক করার চেষ্টা করতেই রতন শেখ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান বলে অভিযোগ। গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পা জখম হয়। এই সুযোগে রতন ও তাঁর সঙ্গী পালিয়ে যান।
আহত বিশ্বজিৎকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান হয়ে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও ছিনতাই-সহ ৩৬টিরও বেশি অপরাধের মামলা ছিল। অতীতে সিউড়ি, বোলপুর এবং বর্ধমানের বিভিন্ন সংশোধনাগারে ছিলেন তিনি।
বর্ধমান থেকে গ্রেফতার, তারপর নানুরে অভিযান (Ratan Sheikh Encounter)
লায়েক বাজারের ঘটনার পর রতনের খোঁজে একাধিক দল তৈরি করে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং গোপন সূত্রের সাহায্যে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ১৫ নভেম্বর বর্ধমানের একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
জিজ্ঞাসাবাদে রতন পুলিশকে জানান, লায়েক বাজারে গুলি চালানোর সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছেন। সেটি উদ্ধার করতে পুলিশকে সাহায্য করার কথাও বলেন তিনি। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাঁকে নানুরের উচকরন পঞ্চায়েত এলাকার একটি ইটভাটায় নিয়ে যায়।
ইটভাটায় হঠাৎই গুলির শব্দ! (Ratan Sheikh Encounter)
পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশের বক্তব্য অনুযায়ী, ইটভাটায় পৌঁছে অস্ত্র উদ্ধারের কাজ শুরু হয়েছিল। রতনও অস্ত্র খোঁজার মতো করে এদিক-ওদিক ঘোরাঘুরি করছিলেন। আচমকাই তিনি লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের দিকে তাক করে গুলি চালান। সেই গুলি গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশের দল। পুলিশ সুপারের দাবি, রতন ফের গুলি চালানোর চেষ্টা করেন। পাল্টা গুলিতে আহত হন তিনি। দেরি না করে তাঁকে নানুরের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রতনের আরও দুই সহযোগী গ্রেফতার (Ratan Sheikh Encounter)
শুধু রতন নয়, এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। রতনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম রমেশ লোহার এবং নূর হোসেন শেখ। বোলপুর থানা এলাকা থেকে রমেশ এবং লাভপুর থানা এলাকা থেকে নূরকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ১৩ নভেম্বর সকালে রতন জেল থেকে মুক্তি পাওয়ার সময় তাঁকে নিতে তিন থেকে চার জন এসেছিলেন। পরে তাঁরা একসঙ্গে একটি জায়গায় গিয়ে সময় কাটান। ওই ব্যক্তিদেরও অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। জেল থেকে বেরিয়ে তাঁরা নতুন কোনও অপরাধের পরিকল্পনা করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কীভাবে হবে রতনের মৃত্যুর তদন্ত? (Ratan Sheikh Encounter)
এনকাউন্টারের ঘটনায় স্বচ্ছতা বজায় রাখতে আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর বক্তব্য, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), আদালত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। নানুরের ইটভাটায় ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।










