Pravasi Bharatiya Divas 2027: নতুন বছরের শুরুতেই কলকাতায় বসতে চলেছে এক আন্তর্জাতিক সম্মেলনের আসর। একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হবে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। আর ৯ জানুয়ারি, সম্মেলনের শেষ দিনে কলকাতায় আসবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার এই কর্মসূচির কথা আরও একবার জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হচ্ছে। সেই তালিকায় নতুন সংযোজন প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি, টানা তিন দিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় এই সম্মেলনের আয়োজন করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এবারের সম্মেলন পশ্চিমবঙ্গেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে যোগ দিয়েও তিনি সেই কথা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কলকাতা সফরের সূচিও প্রকাশ করেন।
৭ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi Kolkata Visit Pravasi Bharatiya Divas )
মুখ্যমন্ত্রী জানান, ভারতের বিদেশ মন্ত্রক এবারের প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে। আগামী ৭ জানুয়ারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিন দিনের এই আয়োজন। অন্য দিকে, ৯ জানুয়ারি সম্মেলনের শেষ দিনে কলকাতায় আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে নতুন বছরের শুরুতেই একই আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপস্থিতি ঘিরে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।
কোন কোন জায়গায় হবে অনুষ্ঠান? (Pravasi Bharatiya Divas Kolkata)
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সম্মেলনের বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিলন মেলা, সায়েন্স সিটি, নিউটাউন কনভেনশন সেন্টার এবং আইটিসি রয়্যাল হোটেলকে অনুষ্ঠানস্থল হিসাবে বেছে নেওয়ার কথা ভাবা হয়েছে। এই সম্মেলনে প্রায় ২০ জন প্রতিনিধি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। তাঁদের স্বাগত জানানো থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পরিচালনা, সবকিছুর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। শুধু প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন নয়, জানুয়ারির শেষের দিকে কলকাতায় ‘ইন্ডিয়া এনার্জি উইক’ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। ফলে নতুন বছরের প্রথম মাসে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও শিল্প সংক্রান্ত অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে কলকাতা।
শিল্প বিনিয়োগ টানতে বিশেষ উদ্যোগ (West Bengal Investment)
প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনকে রাজ্যে শিল্প বিনিয়োগ আনার বড় সুযোগ হিসাবে দেখছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হবে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি দেশ-বিদেশের শিল্পপতিদের কাছেও পশ্চিমবঙ্গের সম্ভাবনার কথা তুলে ধরতে চায় রাজ্য।
কয়েক দিন আগেই দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠান থেকেই সম্মেলনের স্থান ও দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে শুভেন্দু জানান, এই সম্মেলনের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ায় রাজ্যের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে রাজ্য সরকার প্রস্তুত।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, সম্মেলন চলাকালীন শিল্পপতিদের সঙ্গে মধ্যাহ্নভোজ, নৈশভোজ এবং বিভিন্ন গোষ্ঠী বৈঠকের আয়োজন করা হবে। রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকগুলিতে অংশ নেবেন। তাঁদের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি আলোচনা করার পরিকল্পনা রয়েছে। বিদেশে বসবাসকারী ভারতীয়দেরও পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন তিনি।
রাজ্যে পালাবদলের পর প্রথম রাষ্ট্রপতি সফর (Droupadi Murmu Kolkata Visit Pravasi Bharatiya Divas)
উল্লেখ্য, কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে ‘পরিবর্তিত’ ও ‘বিকশিত’ ভারতের বার্তা দেন প্রধানমন্ত্রী। এবার জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে যোগ দিতে ফের কলকাতায় আসবেন তিনি।
অন্য দিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসে অনুষ্ঠানের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগের সুর শোনা গিয়েছিল তাঁর বক্তব্যে। রাষ্ট্রপতির সফরের সূচি পরিবর্তনকে কেন্দ্র করে সেই সময় কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন সরকারের আমলে রাষ্ট্রপতির কলকাতা সফর ঘিরে তাই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।










