Microsoft Service Outage: বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক পরিষেবায় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। বিশেষ করে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) সফটওয়্যার কোপাইলট ব্যবহার করতে গিয়ে সংযোগের সমস্যার মুখে পড়ছেন অনেকে। একাধিক দেশে এই বিভ্রাট ছড়িয়ে পড়ায় ব্যক্তিগত কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের প্রযুক্তিগত পরিকাঠামোর কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ তৈরি হয়েছে। এর ফলেই পরিষেবাগুলিতে সংযোগের সমস্যা দেখা দিতে পারে। সংস্থার তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে এবং পরিষেবাগুলি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
কোন কোন পরিষেবায় সমস্যা? (Microsoft Service Outage)
বিভ্রাটের কারণে মাইক্রোসফটের একাধিক পরিষেবা ব্যবহার করতে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। বিশেষ করে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপের পাশাপাশি এক্সচেঞ্জ অনলাইন পরিষেবাও ব্যাহত হয়েছে। এই পরিষেবার অন্তর্গত আউটলুক ইমেল ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন।
এছাড়া ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল ও তথ্য দেখতে সমস্যা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলট পরিষেবাতেও প্রভাব পড়েছে। তবে মাইক্রোসফটের দাবি, বার্তা আদান-প্রদান এবং অনলাইন বৈঠকের পরিষেবাগুলি অনেকাংশে সচল রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবস্থাগুলি পুনরায় চালু করার প্রচেষ্টায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংস্থার প্রযুক্তিগত দল।

একাধিক দেশে সমস্যায় হাজার হাজার ব্যবহারকারী (Microsoft Service Outage)
যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই বিভ্রাটের কারণে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে। পরিষেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটের কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশে বিভ্রাটের খবর আসতে শুরু করে।
ওই ওয়েবসাইটের তথ্য বলছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছটার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় অভিযোগের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই হাজার গুণ বেশি। প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের পরিষেবায় সমস্যার খবর পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনও সমস্যার সম্মুখীন ছিলেন।
বিভ্রাট নিয়ে সামাজিক মাধ্যমে মজার প্রতিক্রিয়া
মাইক্রোসফটের পরিষেবা ব্যাহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম মজার মন্তব্য ও ছবি ছড়িয়ে পড়েছে। কর্মক্ষেত্রে ইমেল এবং অনলাইন পরিষেবার উপর নির্ভরশীলতার বিষয়টিও উঠে এসেছে ব্যবহারকারীদের রসিকতায়। একজন ব্যবহারকারী জনপ্রিয় গানের একটি ভিডিও র প্রসঙ্গ টেনে লিখেছেন, আউটলুক কাজ না করলে এক্সেল থেকেই ইমেল পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাঁর এই মন্তব্যে বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মাইক্রোসফটের পরিষেবায় এই বিভ্রাট বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর দৈনন্দিন কাজে প্রভাব ফেলেছে। সংস্থার তরফে সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং পরিষেবাগুলির স্বাভাবিক কার্যক্রমের উপর নজর রাখা হচ্ছে।











