Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

গুয়াহাটির কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত এক্সপ্রেসের ৫ কামরা! কীভাবে বাঁচলেন যাত্রীরা?

রণিতা সাহা
Published On: নভেম্বর 11, 2026 1:15 অপরাহ্ন

Kolkata-Sairang Express Derailment: অসমে ফের রেল দুর্ঘটনা। বুধবার সকালে গুয়াহাটির কাছে কামরূপ (মেট্রোপলিটন) জেলার ডিগারু রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির পাঁচটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। দুর্ঘটনার ঠিক আগে ট্রেনের চালক জরুরি ব্রেক কষলেও তা কাজ করেনি বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই সেই মুহূর্তের একটি ৪৫ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, চালক একের পর এক পাওয়ার সুইচ ব্যবহার করছেন। কিন্তু ট্রেনের গতি নিয়ন্ত্রণে আসছে না। শেষ পর্যন্ত একটি বাধায় ধাক্কা লেগে লাইনচ্যুত হয় ট্রেনটি।

কখন এবং কোথায় ঘটল দুর্ঘটনা? (Kolkata-Sairang Express Derailment)

রেল সূত্রে খবর, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। কলকাতা থেকে মিজোরামের রাজধানী আইজলের কাছে সাইরাং যাচ্ছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। কামরূপ (মেট্রোপলিটন) জেলার এই এলাকায় পৌঁছতেই ট্রেনটির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) এক মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতের খবরও প্রাথমিকভাবে মেলেনি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এবং রেললাইন পরিষ্কারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে একটি রিলিফ ট্রেন।

কাজ করছিল না জরুরি ব্রেক, কী দেখা গেল ভিডিয়োতে? (Kolkata-Sairang Express Derailment)

দুর্ঘটনার আগে ট্রেনের ভিতরে থাকা এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েছে আতঙ্কের মুহূর্ত। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি বলছেন, “বিপি প্রেসার কমছে না।” অর্থাৎ ব্রেক পাইপের (BP) চাপ কমছে না বলে জানাচ্ছেন তিনি।এরপর তাঁকে বলতে শোনা যায়, সিগন্যাল লাল রয়েছে। জরুরি ব্রেকও প্রয়োগ করা হয়েছে। কিন্তু তা কাজ করছে না। ভিডিয়োতে চালককে একের পর এক পাওয়ার লিভার এবং সুইচ ব্যবহার করতে দেখা যায়। কিন্তু কোনও কিছুতেই ট্রেনের গতি কমছে না।

পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে। ওই ব্যক্তি বলতে থাকেন, কোনও কিছুই কাজ করছে না। এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি একটি বাধায় ধাক্কা মারে। ক্যামেরার সামনে রাখা কাচের বোতল মাটিতে পড়ে যায়। এরপরই ঘটে দুর্ঘটনা।

আতঙ্কের অভিজ্ঞতা জানালেন যাত্রী (Kolkata-Sairang Express Derailment)

দুর্ঘটনার পর ট্রেনের প্যান্ট্রি কারের এক কর্মী সংবাদ সংস্থা এএনআই-কে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ভোর ৫টা নাগাদ তাঁরা ঘুমোচ্ছিলেন। গুয়াহাটি পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সেখানে ট্রেন থামার পর আবার যাত্রা শুরু হয়। ডিগারু স্টেশনে পৌঁছনোর সময় ট্রেনের গতি কিছুটা কমে যায়। প্ল্যাটফর্ম পেরনোর পরই একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান তাঁরা। কয়েক মিটার এগোনোর পর তাঁর মনে হয়, ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এরপরও প্রায় এক কিলোমিটার পর্যন্ত লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি এগিয়ে যায়। ওই কর্মীর কথায়, ঝাঁকুনিতে তিনি তিনবার আসন থেকে পড়ে যান। আতঙ্কিত যাত্রীরা কামরার দরজা খোলার চেষ্টা করলেও সফল হননি। প্রায় ১০ মিনিট পর ট্রেনটি থামে। তিনি আরও জানান, ইঞ্জিন এবং পাওয়ার কার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে রেলকর্তারা (Kolkata-Sairang Express Derailment)

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছনোর জন্য রওনা দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। তাঁর সঙ্গে রয়েছেন রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও। উদ্ধারকাজের পাশাপাশি দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও মিজোরামের মধ্যে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের মাধ্যম এই কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ফলে দুর্ঘটনার পর রেল পরিষেবা স্বাভাবিক রাখাও এখন রেল কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। তবে ঠিক কী কারণে ট্রেনটির ব্রেক কাজ করেনি এবং কীভাবে পাঁচটি কামরা লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now