Jagaddhatri Puja Special Trains 2026: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত মোট ১২৯টি ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি, ভিড় সামলাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি। রাখা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স এবং অগ্নিনির্বাপক সরঞ্জামও।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়াই রেলের মূল লক্ষ্য।
হাওড়া-ব্যান্ডেল শাখায় চলবে ১২৯টি বিশেষ ট্রেন (Jagaddhatri Puja Special Trains 2026)
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া (HWH) ও ব্যান্ডেল (BDC) শাখায় নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চালানো হবে। বর্তমানে এই শাখায় প্রতিদিন ১৬০টি নির্ধারিত ইএমইউ ট্রেন চলে। তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ১২৯টি বিশেষ ট্রিপ। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে এবং ১৯ ও ২০ নভেম্বরের মধ্যবর্তী রাতে ১২টি করে বিশেষ ট্রেন চলবে। অন্যদিকে, ১৪ ও ১৫ নভেম্বর থেকে ১৮ ও ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাত পর্যন্ত প্রতিদিন ২১টি করে বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া, সাধারণ কর্মদিবসের সময়সূচি মেনে দুপুর ৩টে পর্যন্ত উৎসারক স্টেশন থেকে ইএমইউ লোকাল চালানো হবে। হাওড়া থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছাড়া ৩৬০৮৭ নম্বর হাওড়া-মসাগ্রাম লোকালকে বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।অন্যদিকে, ৬৩৫০১, ৫৩০০২ এবং ৩৭৯২৪ নম্বর ট্রেনগুলি ব্যান্ডেল থেকে হাওড়ার মধ্যে সব স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে।
প্রস্তুত থাকবে অতিরিক্ত রেক (Jagaddhatri Puja Special Trains 2026)
পুজোর সময় হঠাৎ যাত্রীসংখ্যা বেড়ে গেলে যাতে সমস্যা না হয়, তার জন্য দুটি ইএমইউ স্ক্র্যাচ রেক প্রস্তুত রাখা হবে। একটি রেক হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে চলবে। অন্যটি প্রয়োজন অনুযায়ী ব্যান্ডেল ও রিষড়ার মধ্যে চালানো হবে। শুধু হাওড়া-ব্যান্ডেল শাখা নয়, শিয়ালদহ ডিভিশনেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে এবং ১৮ ও ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাতে এক জোড়া জগদ্ধাত্রী পুজো স্পেশাল ট্রেন চালানো হবে। আপ লাইনে ট্রেনটি রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ১২টা ১৭ মিনিটে কৃষ্ণনগর সিটিতে পৌঁছবে। ডাউন লাইনে কৃষ্ণনগর সিটি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে রানাঘাট পৌঁছবে।
চন্দননগর ও মানকুণ্ডুতে বাড়তি নজরদারি (Jagaddhatri Puja Special Trains 2026)
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সেই ভিড় সামলাতে চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পূর্ব রেল। স্টেশনগুলিতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্ম এবং যাত্রীদের যাতায়াতের জায়গাগুলিতে নজর রাখা হবে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় নির্দেশিকা ও তথ্যসংবলিত সাইনবোর্ড লাগানো হয়েছে। সচল রাখা হবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। ট্রেন চলাচল, প্ল্যাটফর্মের পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়মিত ঘোষণা করা হবে। ভিড় নিয়ন্ত্রণে কমার্শিয়াল, অপারেটিং এবং আরপিএফ কর্মীরা যৌথভাবে কাজ করবেন। প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, টিকিট কাউন্টার এবং যাত্রী চলাচলের জায়গাগুলিতে তাঁদের নজরদারি থাকবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা (Jagaddhatri Puja Special Trains 2026)
বালি-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিকেল ৪টে থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আপ ও রিভার্স লাইনে এবং সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ডাউন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা দিতে চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার খোলা থাকবে। দুই স্টেশনেই চিকিৎসার ব্যবস্থা, প্রস্তুত অ্যাম্বুল্যান্স এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হবে। এছাড়া বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে বিশেষ মোবাইল দল। এই দলে থাকবেন টিআরডি, এসঅ্যান্ডটি, ইএমইউ রক্ষণাবেক্ষণ, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং আরপিএফ বিভাগের কর্মীরা। কোনও সমস্যা দেখা দিলে তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন। স্টেশন চত্বর পরিষ্কার রাখতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, শৌচাগার এবং যাত্রী চলাচলের জায়গাগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজোর সময় প্রতিটি পুণ্যার্থী ও যাত্রীর নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল সম্পূর্ণ প্রস্তুত।









