Instagram New Algorithm Update India: ইনস্টাগ্রাম খুললেই স্ক্রিনে ভেসে ওঠে নানা ধরনের ছবি ও ভিডিয়ো। তার মধ্যে অনেক সময় এমন কিছু কনটেন্টও সামনে আসে, যা ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর। বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর এবং যৌন ইঙ্গিতপূর্ণ ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে। এবার সেই সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। ভারতের ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের অ্যালগরিদমে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে সংস্থা। এর ফলে ব্যবহারকারীদের কাছে কী ধরনের কনটেন্ট পৌঁছবে, তা নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি হবে।
কী বদল আনছে ইনস্টাগ্রামের অ্যালগরিদম? (Instagram New Algorithm Update India)
ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করেন, সেগুলির বাইরেও বিভিন্ন ছবি, ভিডিয়ো এবং পোস্ট তাঁদের সামনে আসে। ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহের ভিত্তিতে এই ধরনের কনটেন্ট সাজেস্ট করে প্ল্যাটফর্মের অ্যালগরিদম। অনেক সময় অপরিচিত অ্যাকাউন্টের পোস্টও রেকমেন্ডেশনে চলে আসে।
কিন্তু এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনছে মেটা। নতুন নিয়মে আপত্তিকর এবং ক্ষতিকর কনটেন্টের রেকমেন্ডেশন নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ, কোনও কনটেন্ট ইনস্টাগ্রামে থাকলেও সেটি যাতে সহজে অন্য ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যাঁরা সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অনুসরণ করেন না, তাঁদের কাছে এই ধরনের পোস্ট পৌঁছনোর ক্ষেত্রে কড়াকড়ি করা হবে।
তবে এর অর্থ এই নয় যে, সমস্ত আপত্তিকর কনটেন্ট একেবারে মুছে ফেলা হচ্ছে। বরং কোন কনটেন্ট কাদের কাছে পৌঁছবে, তা নিয়ন্ত্রণ করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

কেন্দ্রের অভিযোগের পরেই পদক্ষেপ (Instagram New Algorithm Update India)
সোশ্যাল মিডিয়ায় ডিপফেক, বিকৃত তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এর পাশাপাশি শিশুদের নিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। মাসচারেক আগে এই বিষয়গুলি নিয়ে মেটার কাছে আপত্তি জানায় কেন্দ্রীয় সরকার।
প্রযুক্তি সংস্থাগুলির উপর চাপ বাড়িয়ে কেন্দ্রের তরফে অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তনের কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, এই ধরনের কনটেন্ট কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা জানিয়ে একটি বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট বন্ধ করার উপর বেশি গুরুত্ব দিয়েছিল কেন্দ্র। দীর্ঘ আলোচনার পর কেন্দ্রের সেই দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ করতে চলেছে মেটা।
শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট নিয়ে কী সিদ্ধান্ত? (Instagram New Algorithm Update India)
এর আগে প্রায় দু’মাস আগে মেটার তরফে জানানো হয়েছিল, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্টের বিষয়ে প্রশাসনকে জানানো হবে। এই ধরনের কনটেন্ট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রশাসন। এবার সেই পদক্ষেপের পাশাপাশি ইনস্টাগ্রামের রেকমেন্ডেশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে।
এর ফলে ব্যবহারকারীদের ফিডে এবং সাজেস্ট করা পোস্টে আপত্তিকর কনটেন্টের উপস্থিতি কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের কাছে এই ধরনের পোস্ট পৌঁছনো আটকাতে নতুন নিয়ম কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরেও বিতর্ক (Instagram New Algorithm Update India)
এর আগে মেটার সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাতের আরেকটি ঘটনাও সামনে এসেছিল। নিটের প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। যদিও পরবর্তী সময়ে পোস্টটি আবার ফিরিয়ে আনা হয়।
এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কনটেন্ট নিয়ন্ত্রণের নীতি এবং অ্যালগরিদমের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল।
সব মিলিয়ে, ভারতে ইনস্টাগ্রামের অ্যালগরিদমে মেটার এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। তবে শুধু নিয়ম ঘোষণা করলেই সমস্যার সমাধান হবে না। আপত্তিকর কনটেন্ট কতটা আটকানো যাচ্ছে এবং সাধারণ ব্যবহারকারীদের কাছে তার প্রভাব কতটা পড়ছে, তা আগামী দিনে স্পষ্ট হবে।










