Honey Trap Espionage: একটি সাধারণ মেসেজ। পরিচয়ের শুরুটা হয়েছিল ভুল নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করার অজুহাতে। কখনও সাহায্য চাওয়া, কখনও ব্যক্তিগত সমস্যার কথা বলে কথোপকথন শুরু। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, বিশ্বাস এবং ঘনিষ্ঠতা। একসময় সেই সম্পর্কই হয়ে উঠছে গোপন তথ্য হাতানোর হাতিয়ার। কোথাও সামরিক গোপন তথ্য পাচারের অভিযোগ, কোথাও আবার আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার শীর্ষকর্তাকে ঘিরে উঠছে গুপ্তচরবৃত্তির আশঙ্কা। গোয়েন্দা মহলে এই কৌশল পরিচিত ‘হানিট্র্যাপ’ নামে। সম্প্রতি ভারতে একাধিক হানিট্র্যাপের অভিযোগ সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে এই কৌশল নিয়ে। রাজস্থানে রেললাইন বিস্ফোরণ তদন্তে পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে এক মহিলার যোগাযোগের অভিযোগ উঠেছে। অন্যদিকে, ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ রয়েছে। একই সময়ে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরেও হানিট্র্যাপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন রুশ গুপ্তচর আলিয়া রোজা। সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করে কীভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়, তা নিয়ে সামনে এসেছে একাধিক তথ্য।
কী এই হানিট্র্যাপ? (Honey Trap Espionage)
হানিট্র্যাপ হল এমন একটি কৌশল, যেখানে প্রেম, বন্ধুত্ব বা শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে কোনও ব্যক্তির বিশ্বাস অর্জন করা হয়। তারপর সেই সম্পর্ককে কাজে লাগিয়ে তাঁর কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ, সিদ্ধান্তে প্রভাব বিস্তার কিংবা ব্ল্যাকমেল করার চেষ্টা চলে। এই কৌশল শুধু গুপ্তচরবৃত্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয় না। ব্যক্তিগত শত্রুতা, আর্থিক প্রতারণা এবং অপরাধমূলক কাজেও এর ব্যবহার দেখা যায়। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম বা ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথমে পরিচয় তৈরি করা হয়। পরে আবেগকে কাজে লাগিয়ে টার্গেটকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।
ভুল নম্বরের মেসেজ থেকে বায়ুসেনার আধিকারিককে ফাঁদে ফেলার অভিযোগ (Honey Trap Espionage)
ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারকে ঘিরে সামনে এসেছে এমনই একটি ঘটনা। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকেই ঘটনার সূত্রপাত। এক মহিলা পরিচয়ে একটি নম্বর থেকে ওই আধিকারিককে মেসেজ পাঠানো হয়। প্রেরক জানান, তিনি মানসিক সমস্যার মধ্যে রয়েছেন এবং একজন ভালো থেরাপিস্টের খোঁজ করছেন। উইং কমান্ডার জানান, ভুল নম্বরে মেসেজ এসেছে। কিন্তু অপর প্রান্ত থেকে কথোপকথন চালিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তি নিজের বিবাহবিচ্ছেদের সমস্যার কথাও জানান। ঘটনাচক্রে, বায়ুসেনার আধিকারিক নিজেও তখন দাম্পত্য বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং একা থাকতেন। দু’জনের ব্যক্তিগত সমস্যার মিল থেকেই ধীরে ধীরে কথাবার্তা ঘনিষ্ঠ হয় বলে তদন্তকারীদের অনুমান।
এরপর দু’জনের মধ্যে ছবি আদানপ্রদান শুরু হয়। একসময় ব্যক্তিগত ও নগ্ন ছবিও বিনিময় হয় বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, ওই মহিলার পরিচয়ের আড়ালে ছিলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কোনও অপারেটিভ। অভিযোগ, সম্পর্কের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওই আধিকারিকের কাছ থেকে সামরিক তথ্য সংগ্রহ করা হয়। প্রথমে নিজের কর্মস্থলের ছবি পাঠান তিনি। সেই ছবিতে অফিস ও বিমানঘাঁটির কিছু অংশ দেখা যাচ্ছিল। পরে সেনা মোতায়েনের পরিকল্পনা, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়ার তথ্য, ড্রোনের সক্ষমতা এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের মতো সংবেদনশীল তথ্যও পাঠানোর অভিযোগ ওঠে।

মোবাইলে ম্যালওয়্যার পাঠানোর অভিযোগ (Honey Trap Espionage)
তদন্তে আরও উঠে এসেছে, ওই সন্দেহভাজন পাকিস্তানি অপারেটিভ একটি ক্ষতিকর অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল। একটি ছবি দেখার জন্য সেটি ডাউনলোড করেছিলেন বায়ুসেনার আধিকারিক। কিন্তু তদন্তকারীদের দাবি, ওই অ্যাপের মাধ্যমে তাঁর মোবাইলের বিভিন্ন তথ্য এবং অন্য আধিকারিকদের সঙ্গে কথোপকথনে প্রবেশের সুযোগ তৈরি হয়। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, দু’জনের মধ্যে তিন হাজারেরও বেশি টেক্সট মেসেজ এবং ৬০টির বেশি ছবি আদানপ্রদান হয়েছিল। একাধিক ভিডিও কল এবং লিঙ্কও বিনিময় হয়। প্রায় দু’মাস ধরে চলা এই যোগাযোগের জেরে সামরিক সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ। ভারতীয় বায়ুসেনার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা মামলা করে। পরে ওই উইং কমান্ডারকে Official Secrets Act বা সরকারি গোপনীয়তা আইনে গ্রেপ্তার করা হয়। আগস্ট মাসে দিল্লির আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে।
রাজস্থানে মহিলাদের টার্গেট করার অভিযোগ (Honey Trap Espionage)
শুধু সামরিক আধিকারিক নন, সাধারণ মহিলাদেরও হানিট্র্যাপের মাধ্যমে অপরাধমূলক কাজে যুক্ত করার অভিযোগ সামনে এসেছে রাজস্থানে। ৩ নভেম্বর শ্রীগঙ্গানগরের রামসিংহপুর এলাকায় রেললাইনে বিস্ফোরণের ঘটনার তদন্তে মহাকদীপ কৌর এবং দেবেন্দ্র সিংকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। রাজস্থানের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ATS, AGTF এবং ANTF) দীনেশ এমএন জানান, মহাকদীপের সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলার শাহের যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। চাচা নামে পরিচিত আরও এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের কথাও জানা গিয়েছে। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তির পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগ থাকতে পারে।
তদন্ত অনুযায়ী, প্রায় দু’বছর আগে মহাকদীপের বিয়ে হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর স্বামী করণবীর সিং NDPS মামলায় জেলে যান। অভিযোগ, জেলে যাওয়ার পর করণবীর আবার মহাকদীপের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে লভলি নামে পাকিস্তানভিত্তিক এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলেন। জেলে টাকা পৌঁছে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করানো হয়েছিল বলে দাবি পুলিশের। পরবর্তী সময়ে লভলি তাঁকে শাহ নামে আরেক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। ধীরে ধীরে শাহের সঙ্গে মহাকদীপের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তদন্তকারীদের অভিযোগ, সেই আবেগকে কাজে লাগিয়েই তাঁকে রেললাইন বিস্ফোরণের মতো অপরাধে যুক্ত করা হয় এবং বিভিন্ন লক্ষ্য নির্দিষ্ট করে দেওয়া হয়।
এর আগেও গঙ্গাপুর সিটি থেকে বাবিতা নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছিল ATS। পুলিশের দাবি, তাঁকেও পাকিস্তানি এজেন্টদের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে যোগাযোগ করানো হয়েছিল। রাজস্থান পুলিশ সাধারণ মানুষকে সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সন্দেহজনক কিছু নজরে এলে রাজস্থান ATS-এর 0141-2601583 নম্বরে অথবা 9001999070 হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর আবেদন করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

জেনসেন হুয়াংকে ঘিরেও হানিট্র্যাপের আশঙ্কা (Honey Trap Espionage)
এদিকে, আন্তর্জাতিক প্রযুক্তি জগতেও হানিট্র্যাপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াংকে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন রুশ গুপ্তচর আলিয়া রোজা। আলিয়া দাবি করেছেন, জেনসেন ও অ্যালিসের পরিচয় এবং পরবর্তী সম্পর্কের পরিস্থিতির মধ্যে হানিট্র্যাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাঁর বক্তব্য, অ্যালিসের স্বামী কাং ওয়েইয়ের মাধ্যমেই ২০১০ সালে জেনসেনের সঙ্গে পরিচয়ের সূত্র তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। পরে অ্যালিসের সঙ্গে জেনসেনের যোগাযোগ ঘনিষ্ঠ হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের প্রাক্তন ডিরেক্টর ছিলেন। তাঁর বিরুদ্ধে বেজিংয়ের জন্য সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। উন্নত প্রযুক্তির AI চিপ সংক্রান্ত ব্যবসায়িক যোগাযোগের বিষয়টিও এই বিতর্কে উঠে এসেছে। তবে চিন এই গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া রোজা জানান, গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে প্রথমেই টার্গেট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। তাঁর পছন্দ, উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত সমস্যা এবং দুর্বলতার জায়গাগুলি বোঝার চেষ্টা করা হয়। এরপর পরিচিত বা বিশ্বাসযোগ্য কোনও ব্যক্তির মাধ্যমে যোগাযোগ তৈরি করা হতে পারে। ধীরে ধীরে সেই সম্পর্ককে আবেগের জায়গায় নিয়ে যাওয়া হয়। রোজার দাবি, তিনি রুশ গোয়েন্দা পরিবেশে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রভাব বিস্তার, যোগাযোগ, প্ররোচনা এবং মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে শিখেছিলেন। তাঁর বাবা উচ্চপদস্থ সামরিক আধিকারিক ছিলেন বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, হানিট্র্যাপের উদ্দেশ্য সবসময় সরাসরি কোনও নথি হাতানো নয়। দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে কোনও ব্যক্তির সিদ্ধান্তকেও প্রভাবিত করার চেষ্টা হতে পারে।
ব্যক্তিগত সম্পর্কেও বাড়ছে নিরাপত্তার প্রশ্ন (Honey Trap Espionage)
আলিয়া রোজার মতে, বড় প্রযুক্তি সংস্থার শীর্ষকর্তারা গোয়েন্দা সংস্থা এবং অপরাধী চক্রের কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারেন। কারণ তাঁদের কাছে ব্যবসায়িক পরিকল্পনা, প্রযুক্তিগত তথ্য এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এই তথ্যের নাগাল পাওয়ার চেষ্টা হতে পারে।তবে জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের ক্ষেত্রে কোনও গুপ্তচরবৃত্তির ঘটনা ঘটেছে, এমন প্রমাণ এখনও সামনে আসেনি। একইভাবে তাঁদের সম্পর্কের মাধ্যমে এনভিডিয়ার গোপন তথ্য পাচার হয়েছে বলেও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রোজার বক্তব্য মূলত তাঁর নিজস্ব মূল্যায়ন।
একইভাবে রাজস্থানের বিস্ফোরণ এবং বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও তদন্তের তথ্য ও পুলিশের দাবির ভিত্তিতে সামনে এসেছে। তবে ঘটনাগুলি একটি বিষয় স্পষ্ট করছে, ডিজিটাল যুগে গুপ্তচরবৃত্তির কৌশল শুধু গোপন নথি চুরি বা সরাসরি যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। কখনও একটি সাধারণ মেসেজ, কখনও আবেগের সম্পর্ক, আবার কখনও বিশ্বাসযোগ্য পরিচিতির মাধ্যমেই তৈরি হতে পারে বিপদের সূত্রপাত। তাই ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও সতর্কতা এখন নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।











