EPF Withdrawal Rules 2026: অবসরের আগে হঠাৎ টাকার প্রয়োজন। কখনও চিকিৎসার খরচ, কখনও সন্তানের পড়াশোনা, আবার কখনও বাড়ি তৈরি বা ঋণ শোধের চাপ। এমন পরিস্থিতিতে অনেক বেসরকারি সংস্থার কর্মীর ভরসা প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়। কিন্তু সেই টাকা তোলার ক্ষেত্রে এত দিন একাধিক নিয়ম ও অপেক্ষার সময়সীমা ছিল। এ বার সেই নিয়মেই বড়সড় বদল আনল কেন্দ্র। নতুন নিয়মে ৫৫ বছর বয়স হওয়ার আগেই ইপিএফে জমা অর্থের ৯০ শতাংশ পর্যন্ত তোলার সুযোগ পাবেন সদস্যেরা। শুধু তাই নয়, বেকারত্বের কারণে টাকা তোলার ক্ষেত্রেও অপেক্ষার সময় অনেকটা কমানো হয়েছে। আগে যেখানে ১২ মাস অপেক্ষা করতে হত, এখন মাত্র দু’মাস সদস্যপদ থাকলেই টাকা তোলার আবেদন করা যাবে।
ইপিএফ থেকে টাকা তোলার নিয়মে বড় বদল (EPF Withdrawal Rules)
বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। এই প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও)। এ বার সেই সংস্থার তরফে প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তোলার নিয়ম আরও সহজ করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ৫৫ বছরের কম বয়সি সদস্যেরা তাঁদের ইপিএফ অ্যাকাউন্টে জমা অর্থের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ, জরুরি প্রয়োজনে নিজের সঞ্চয়ের আরও বড় অংশ ব্যবহারের সুযোগ পাবেন কর্মীরা। তবে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কারণ ও যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
বেকারত্বের ক্ষেত্রে অপেক্ষা মাত্র দু’মাস (EPF Unemployment Withdrawal)
নতুন নিয়মে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বেকারত্বের কারণে টাকা তোলার ক্ষেত্রে। আগে ইপিএফ থেকে টাকা তুলতে গেলে সদস্যপদ অন্তত ১২ মাসের পুরনো হওয়া প্রয়োজন ছিল। সংশোধিত নিয়মে সেই অপেক্ষার সময় কমিয়ে দু’মাস করা হয়েছে।ফলে কোনও কর্মী চাকরি হারালে বা বেকারত্বের কারণে আর্থিক সমস্যায় পড়লে তুলনামূলক দ্রুত নিজের প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় ব্যবহারের সুযোগ পাবেন। জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে এই সিদ্ধান্ত কর্মীদের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
কোন কোন প্রয়োজনে টাকা তোলা যাবে? (EPF Advance Withdrawal)
ইপিএফ স্কিম, ২০২৬ অনুযায়ী, মূলত তিন ধরনের প্রয়োজনে অগ্রিম টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। সেগুলি হল জরুরি সামাজিক সুরক্ষার প্রয়োজন, গৃহ সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ প্রয়োজন। জরুরি সামাজিক সুরক্ষার আওতায় অসুস্থতা বা চিকিৎসার খরচ মেটাতে টাকা তোলা যাবে। এ ছাড়া নিজের বা পরিবারের সদস্যদের পড়াশোনা এবং বিয়ের খরচের জন্যও প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম অর্থ নেওয়ার সুযোগ রয়েছে।
গৃহ সংক্রান্ত প্রয়োজনের ক্ষেত্রেও একাধিক সুবিধা থাকছে। বাড়ি তৈরি, বাড়ি কেনা, বাড়ি তৈরির জন্য জমি কেনা এবং গৃহঋণ শোধের জন্য টাকা তোলা যাবে। পাশাপাশি নিজের বাড়ির সম্প্রসারণ, সংস্কার ও নবীকরণের কাজেও এই অর্থ ব্যবহার করা যাবে। বিশেষ প্রয়োজনের বিভাগেও টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও কারণের উল্লেখ করা হয়নি। সব ক্ষেত্রেই ইপিএফও-র নির্ধারিত শর্ত এবং টাকা তোলার সীমা মেনে চলতে হবে।
পুরো সঞ্চয় তুলে নেওয়া যাবে না (EPF Savings Protection)
নিয়ম শিথিল হলেও অবসরকালীন সঞ্চয়ের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেছে ইপিএফও। কর্মীরা যাতে প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে তাঁদের ভবিষ্যতের সঞ্চয় সম্পূর্ণ শেষ করে না ফেলেন, সে জন্য কিছু সুরক্ষাকবচ রাখা হয়েছে। ফলে ৯০ শতাংশ পর্যন্ত টাকা তোলার সুযোগ থাকলেও তা নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে।
সদস্যেরা ইপিএফও-র নির্ধারিত পোর্টালের মাধ্যমে টাকা তোলার আবেদন করতে পারবেন। নতুন নিয়মে একদিকে যেমন আর্থিক প্রয়োজনে কর্মীদের হাতে বেশি অর্থ আসবে, অন্যদিকে অবসরকালীন সঞ্চয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখার ব্যবস্থাও থাকছে। সব মিলিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তোলার প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করাই এই পরিবর্তনের লক্ষ্য।









