Cyclone Akvan West Bengal Weather: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। তার প্রভাবেই বুধবার থেকে বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাড়বে মেঘের আনাগোনা। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অ্যাকভান’। আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার সকালে এর শক্তি আরও বাড়তে পারে। শুক্রবার দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।
সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলাতেও।
বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস (Cyclone Akvan West Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ফিরবে গুমোট ভাব। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের হালকা শীতের আমেজ অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা।
বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট (Cyclone Akvan West Bengal Weather)
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার ও শনিবারও দুর্যোগের আশঙ্কা (Cyclone Akvan West Bengal Weather)
শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।
মৎস্যজীবীদের জন্য কী সতর্কতা? (Cyclone Akvan West Bengal Weather)
ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর জেরে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।










“বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর জেরে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।