Computer Teachers Job Crisis: পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কায় কলকাতায় বিকাশ ভবন অভিযানে নামলেন রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকরা। করুণাময়ী থেকে শুরু হওয়া মিছিলে যোগ দেন প্রায় হাজার শিক্ষক। চুক্তির মেয়াদ শেষ করার নোটিস, স্থায়ী কাজের সুযোগ না পাওয়া এবং বেতন কমে যাওয়ার অভিযোগে তাঁরা প্রতিবাদ জানান।
পুজোর মুখেই চাকরি হারানোর আশঙ্কায় সোমবার বিকাশ ভবন অভিযানে নামলেন রাজ্যের সরকার ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকরা। করুণাময়ী থেকে শুরু হওয়া হাজারখানেক শিক্ষকের এই মিছিল বিকাশ ভবনের কাছে পৌঁছতেই পুলিশ বাধা দেয়। পথ আটকে বসলে শিক্ষকরা থালা বাজিয়ে, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন।
সমস্যার নেপথ্যে রয়েছে চুক্তিজনিত জটিলতা। ২০২২ সাল বা তার আগে-পরে বেসরকারি সংস্থার মাধ্যমে ৩,০০০-এর বেশি শিক্ষক পাঁচ বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী অনেকের মেয়াদ আরও কিছুদিন থাকলেও, হঠাৎই ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি শেষ করার নোটিস দিয়েছে সংস্থাগুলি। ইতিপূর্বে আগের কয়েক দফায় নিযুক্ত শিক্ষকদের সরকার ৬০ বছর পর্যন্ত স্থায়ী কাজের সুযোগ দিলেও ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের এই শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি। উপরন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের বেতনও কমানো হয়েছে।
হঠাৎ এই বরখাস্তের নির্দেশে শুধু শিক্ষক পরিবারগুলিই নয়, চরম বিপাকে স্কুল কর্তৃপক্ষও। কারণ সরকারি নানা ডিজিটাল প্রকল্পের মূল চালিকাশক্তি এঁরাই। শিক্ষকদের মূল দাবি, অবিলম্বে ছাঁটাই বন্ধ করে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এ দিন বলেন, ‘‘আইসিটি কম্পিউটার শিক্ষকদের ছাঁটাই না করে আগের পাঁচটা ফেজে যে ভাবে ৬০ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়মিতকরণ করা হয়েছে, সেই মতো ষষ্ঠ ও সপ্তম ফেজের এই শিক্ষকদের কোম্পানির হাত থেকে সরকার দায়িত্ব নিক। এরা বিদ্যালয়ের অপরিহার্য অঙ্গ। কোনও ভাবেই এঁদের ছাঁটাই করা চলবে না।’’
#ComputerTeachers #JobCrisis #WestBengalSchools #TeachersProtest #BikashBhavan #Education








