Chandannagar Adima Jagadhatri Puja: দুর্গাপুজো, কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির মনে শুরু হয় আরও এক উৎসবের অপেক্ষা। আর জগদ্ধাত্রী পুজো বলতেই যে শহরের নাম সবার আগে উঠে আসে, তা হল হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগর। জানেন চন্দননগরে প্রথম জগদ্ধাত্রী পুজো কোনটি? এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সাড়ে তিনশো বছরের ইতিহাস। তিনি চাউলপট্টির আদিমা।
কীভাবে শুরু হয়েছিল চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো? (Chandannagar Adima Jagadhatri Puja)
কেন আদিমা নামে পরিচিত এই দেবী? কথিত আছে, চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল লক্ষ্মীগঞ্জ চাউলপট্টিতে। আর সেই কারণেই দেবী পরিচিত আদিমা নামে। ইতিহাস অনুযায়ী, প্রায় ৩৫০ বছর আগে ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজোর প্রচলন করেন। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ফরাসি প্রশাসনের অনুমতি নিয়ে চাউলপট্টিতে শুরু হয় দেবীর আরাধনা। যদিও অন্য একটি প্রচলিত কাহিনি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়েই ইন্দ্রনারায়ণ চৌধুরী পুজো শুরু করার উদ্যোগ নিয়েছিলেন।
এক কেজি সোনা, দশ কেজি রুপোর গয়নায় সেজে ওঠেন আদিমা (Chandannagar Adima Jagadhatri Puja)
তবে শুধু ইতিহাস নয়, প্রতিমার বৈশিষ্ট্যেও রয়েছে আদিমার স্বতন্ত্র পরিচয়। সাধারণত জগদ্ধাত্রী প্রতিমার ডানদিকে হাতি দেখা গেলেও আদিমার ক্ষেত্রে হাতির অবস্থান বাঁদিকে। দেবীর বাহন সিংহের রংও সাদা। আর মায়ের সাজসজ্জা তো রীতিমতো তাক লাগানোর মতো। ভক্তদের মানত পূরণ হলে তাঁরা দেবীকে উপহার দেন মূল্যবান অলঙ্কার। প্রায় এক কেজি সোনা এবং দশ কেজি রুপোর গয়নায় সেজে ওঠেন মা। থাকে হিরের অলঙ্কারও। মুকুট, হার, কানের দুল থেকে চাঁদমালা, সবেতেই থাকে ভক্তির ছোঁয়া। ভক্তদের দেওয়া বেনারসি শাড়িতেই সাজানো হয় দেবীকে।
পুজোর ভোগ থেকে বেনারসি, সবেতেই জড়িয়ে মানবসেবার বার্তা!(Chandannagar Adima Jagadhatri Puja)
এই পুজোর আরও একটি বিশেষ দিক হল মানবসেবা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত নিরামিষ ভোগ নিবেদনের পাশাপাশি প্রচলিত রয়েছে বলিপ্রথা। প্রতি বছর প্রায় এক হাজার বেলপাতা দিয়ে হয় হোম। পুজোর চারদিনে কয়েকশো কেজি ভোগ রান্না করা হয়, যা বিতরণ করা হয় আগত পুণ্যার্থীদের মধ্যে। শুধু তাই নয়, পুজো শেষে মাকে দেওয়া শাড়ি তুলে দেওয়া হয় দরিদ্র মহিলাদের হাতে। দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতেও ব্যবহার করা হয় মায়ের উদ্দেশে উৎসর্গ করা বেনারসি। পুজোর ফল পৌঁছে যায় চন্দননগরের হাসপাতালে, রোগীদের মধ্যে বিতরণের জন্য।
সাড়ে তিনশো বছর পেরিয়েও অমলিন আদিমার প্রতি মানুষের বিশ্বাস! (Chandannagar Adima Jagadhatri Puja)
আসলে চাউলপট্টির আদিমা শুধু একটি পুজোর নাম নয়, তিনি চন্দননগরের ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের বিশ্বাসের প্রতীক। কয়েক শতাব্দী পেরিয়েও ভক্তির সেই ধারা আজও অমলিন। তাই প্রতি বছর দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই আদিমার দর্শনে। সোনার অলঙ্কারের জৌলুসের আড়ালেও যে পুজোর সবচেয়ে বড় পরিচয় মানুষের পাশে দাঁড়ানো, চাউলপট্টির আদিমা যেন সেই বার্তাই দিয়ে যান।









