Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

সুস্থ থাকার চেষ্টাতেও বাড়ছে কোলেস্টেরল? আপনার রোজের কোন অভ্যাসগুলি দায়ী?

রণিতা সাহা
Published On: নভেম্বর 10, 2026 11:09 পূর্বাহ্ন
Medical illustration showing a man clutching his chest in pain, a blood sample being tested, and a narrowed artery blocked by fatty plaque, highlighting the risk of high cholesterol and heart disease.

Causes of High Cholesterol: রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর অনেকেই দেখছেন, হঠাৎ বেড়ে গিয়েছে কোলেস্টেরলের মাত্রা। অথচ খাবারে তেমন কোনও পরিবর্তন হয়নি। নিয়মিত শরীরচর্চাও হয়তো বন্ধ হয়নি। তবু রক্তে বাড়ছে খারাপ কোলেস্টেরল বা এলডিএল। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার পিছনে সব সময় দায়ী থাকে না তেল-মশলাযুক্ত খাবার। অনেক সময় প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসও শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। সকালে একাধিক কাপ কফি পান করা, কাজের চাপ, পর্যাপ্ত শরীরচর্চা না করা কিংবা নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়ার প্রভাব পড়তে পারে কোলেস্টেরলের উপর। এমনকি গর্ভাবস্থাতেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সমস্যা হল, কোলেস্টেরল বাড়লেও প্রথম দিকে অনেক সময় কোনও স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ফলে অজান্তেই বাড়তে থাকে হৃদরোগের ঝুঁকি। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে শুধু খাবারের তালিকা নয়, বদল আনতে হবে জীবনযাত্রাতেও। কোন কোন কারণে হঠাৎ কোলেস্টেরল বাড়তে পারে? কোন খাবারগুলি এড়িয়ে চলবেন? আবার কোলেস্টেরল থাকলে দুধ খাওয়া কি একেবারেই বন্ধ করতে হবে?

যে ৬ কারণে বেড়ে যেতে পারে কোলেস্টেরল (Causes of High Cholesterol)

১. দিনে তিন কাপের বেশি কফি: কফি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু অতিরিক্ত কফি পান শরীরের জন্য সমস্যার কারণ হতে পারে। হেলথলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, কফিতে থাকা ক্যাফেইন রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাতেও প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, দিনে তিন কাপের বেশি কফি পান করলে মোট কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বাড়তে পারে। বিশেষ করে এসপ্রেসো-ভিত্তিক পানীয়ের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায়।

২. অতিরিক্ত মানসিক চাপ: সারাদিনের কাজের চাপ, উদ্বেগ ও মানসিক অস্থিরতাও কোলেস্টেরল বৃদ্ধির কারণ হতে পারে। মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাব পড়ে শরীরের বিপাকক্রিয়ায়। ফলে রক্তে খারাপ কোলেস্টেরল ও মোট কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। নিয়মিত ব্যায়াম, ধ্যান এবং গভীর শ্বাস নেওয়ার অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৩. ধূমপান ও মদ্যপান: ধূমপানের ফলে শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা কমে যেতে পারে। নিকোটিনের প্রভাবে এই প্রক্রিয়া আরও খারাপ হয়। ফলে রক্ত থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত মদ্যপানও কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে।

৪. নির্দিষ্ট কিছু ওষুধ: সব ওষুধ শরীরে একইভাবে কাজ করে না। কিছু নির্দিষ্ট ওষুধ লিপিড বিপাকক্রিয়ায় প্রভাব ফেলে। এর ফলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। কোনও ওষুধ খাওয়ার পর কোলেস্টেরল বেড়েছে বলে সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করা উচিত নয়।

৫. অতিরিক্ত ওজন: শরীরে অতিরিক্ত মেদ জমলে বিপাকক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে। এর প্রভাব পড়ে রক্তের চর্বির মাত্রায়। বাড়তে পারে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। তাই নিয়মিত শরীরচর্চা ও সুষম খাবারের অভ্যাস জরুরি।

৬. গর্ভাবস্থা: গর্ভাবস্থায় শরীরে কোলেস্টেরলের মাত্রা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোলেস্টেরল প্রয়োজন। তবে মাত্রাতিরিক্ত বৃদ্ধি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কোলেস্টেরল বাড়লে পাতে রাখবেন না কোন খাবার? (Causes of High Cholesterol)

শরীরে কোলেস্টেরল থাকা জরুরি। কোষের গঠন, স্নায়ুকোষের সুরক্ষা এবং হরমোন তৈরিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সমস্যা তৈরি হয় যখন রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বেড়ে যায়। অন্যদিকে, ভালো কোলেস্টেরল বা এইচডিএল রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল লিভারে পৌঁছে দিতে সাহায্য করে। এলডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি খাবার কমানো প্রয়োজন।

  • মাখন ও পশুর চর্বি: এই খাবারগুলিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। ফলে খারাপ কোলেস্টেরল বাড়তে পারে। রান্নায় মাখনের পরিবর্তে পরিমিত অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।
  • রেড মিট: গরু, ছাগল ও ভেড়ার মাংসে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাই নিয়মিত বেশি পরিমাণে না খাওয়াই ভালো।
  • প্রক্রিয়াজাত মাংস: বেকন, সসেজ, সালামি, হ্যাম ও কর্নড বিফের মতো খাবারে চর্বি ও লবণ বেশি থাকে। এগুলি এড়িয়ে চলা উচিত।
  • প্যাকেটজাত খাবার: চিপস, কেক, ডোনাট, বিস্কুট ও কুকিতে অতিরিক্ত ক্যালোরি, চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকতে পারে।
  • চকোলেট ও চকোলেট স্প্রেড: বিশেষ করে মিল্ক চকোলেট, হোয়াইট চকোলেট এবং চকোলেট স্প্রেডে স্যাচুরেটেড ফ্যাট ও চিনি বেশি থাকতে পারে।
  • নারকেল তেল: নারকেল তেলে প্রায় ৯০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট থাকে। এটি ভালো ও খারাপ দুই ধরনের কোলেস্টেরলের মাত্রাই বাড়াতে পারে।
  • পনির ও ক্রিম: ফুল ফ্যাট দুধ থেকে তৈরি পনির এবং ভারী ক্রিমে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। অতিরিক্ত খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
  • ভাজাভুজি ও ফাস্ট ফুড: ফ্রেঞ্চ ফ্রাই ও ফ্রায়েড চিকেনের মতো খাবারে তেল, লবণ ও ক্যালোরি বেশি থাকে। নিয়মিত খাওয়ার অভ্যাস হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

কোলেস্টেরল থাকলে দুধ খাওয়া কি বন্ধ করবেন? (Causes of High Cholesterol)

কোলেস্টেরল ধরা পড়লেই অনেকেই প্রথমে দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করে দেন। কিন্তু পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মতে, দুধে অ্যালার্জি না থাকলে কোলেস্টেরল থাকলেও দুধ খাওয়া যায়। তবে বেশি ফ্যাটযুক্ত দুধ এড়িয়ে চলতে হবে। ডবল টোনড বা ফ্যাট ছাড়া দুধ বেছে নেওয়া ভালো। চিজ ও মিল্কমেডের মতো খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে পরিমিত পরিমাণে পনির খাওয়া যেতে পারে। ঘি খাওয়ার ক্ষেত্রেও পরিমিতি বজায় রাখতে হবে। তাঁর পরামর্শ, দিনে দু’চামচের বেশি ঘি না খাওয়াই ভালো।

বিকল্প হতে পারে আমন্ড মিল্ক ও সয়া মিল্ক (Causes of High Cholesterol)

কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকলে উদ্ভিজ্জ দুধও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। আমন্ড মিল্ক, ওট মিল্ক এবং সয়া মিল্কের মতো বিকল্পে সাধারণত স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। সয়া মিল্কে ভিটামিন ডি, ক্যালশিয়াম, ভিটামিন বি১২ ও আয়রন পাওয়া যায়। ওট মিল্কে থাকে ফাইবার, যা হজমে সাহায্য করে। কিছু উদ্ভিজ্জ দুধে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে। তবে গরুর দুধের তুলনায় অনেক উদ্ভিজ্জ দুধে প্রোটিনের পরিমাণ কম। তাই বিকল্প দুধ কেনার সময় তার পুষ্টিগুণ, ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর পরিমাণ দেখে নেওয়া জরুরি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে জীবনযাত্রায় বদল জরুরি (Causes of High Cholesterol)

শুধু খাবার বাদ দিলেই কোলেস্টেরলের সমস্যা নিয়ন্ত্রণে আসবে না। প্রতিদিনের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে দূরে থাকতে হবে। কফি পান করতে হবে পরিমিত পরিমাণে। পাশাপাশি নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নির্দিষ্ট সময় অন্তর রক্ত পরীক্ষা করিয়ে কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ, সময়মতো কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now