Bankura Rape Case: চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক কিশোরের বিরুদ্ধে। মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হল মাকেও। অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা মা ও মেয়েকে মারধর করার পাশাপাশি মহিলার শ্লীলতাহানি করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক ছিল। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ (Bankura Rape Case Chocolate Lure)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নাবালিকার মা পুকুরে কাপড় কাচতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল সাত বছরের শিশুটি। অভিযোগ, এই সুযোগে এলাকারই এক কিশোর তাকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখায়। এরপর পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন তার মা। তাঁকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।
প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মা (Bankura Rape Case Mother Assault)
এরপর মেয়েকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান নির্যাতিতার মা। সেখানে ঘটনার প্রতিবাদ জানাতেই অভিযুক্তের পরিবারের লোকজন তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। মা ও মেয়েকে মারধর করা হয়। মহিলার শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
থানায় অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত (Bankura Rape Case Police Arrest)
এরপর ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত কিশোরকে। নির্যাতিতার মায়ের আরও দাবি, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছে ওই কিশোর।
ঘটনার সঙ্গে অভিযুক্তের পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা। তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দাস থানার পুলিশ। ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।










