Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

চিনের বদলে ভারতকে কেন বেছে নিলেন বলেন্দ্র? নেপালের নতুন কূটনৈতিক চাল ঘিরে জল্পনা

রণিতা সাহা
Published On: নভেম্বর 22, 2026 9:28 অপরাহ্ন

Balendra Shah India Visit: নতুন করে নেপাল গড়তে ভারতের সহযোগিতা চাইছেন সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেই লক্ষ্যেই প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন তিনি। রবিবার দু’দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। নেপালে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পুনর্গঠনের জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছে কাঠমান্ডু। সেই পরিস্থিতিতে বলেন্দ্রর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষ করে চিনের সঙ্গে নেপালের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা মাথায় রেখে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

নেপাল পুনর্গঠনে ভারতের সাহায্য চায় কাঠমান্ডু (Balendra Shah Nepal Reconstruction)

গত আগস্ট মাসে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয় নেপাল। দেশের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও সেই বিপর্যয়ের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি কাঠমান্ডু। নেপালকে নতুন করে গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনর্গঠনের জন্য প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন নেপালের। এই পরিস্থিতিতে ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক সাহায্য চেয়েছে সে দেশের সরকার। এই সাহায্যের মধ্যে অনুদানের পাশাপাশি স্বল্প সুদে ঋণও রয়েছে।

প্রসঙ্গত, প্রাকৃতিক বিপর্যয়ের পরই নেপালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত ত্রাণ এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠায় ভারত। ওষুধ-সহ বিভিন্ন জরুরি জিনিস নিয়ে নেপালে পৌঁছেছিল ভারতীয় বায়ুসেনার বিমান। এবার পুনর্গঠনের কাজেও দিল্লির সহযোগিতা চাইছে কাঠমান্ডু।

মোদির সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা? (Modi Balendra Shah Meeting)

রবিবার দু’দিনের সফরে দিল্লিতে পৌঁছেছেন বলেন্দ্র শাহ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, এই বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে। সেখানে ১০ দফা পরিকল্পনার কথাও উঠে আসতে পারে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, জ্বালানি, জলসম্পদ এবং উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি আলোচনায় জায়গা পেতে পারে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগের বিষয়টিও উঠতে পারে বলে খবর।

চিনকে এড়িয়ে ভারতকে বেছে নেওয়া কেন তাৎপর্যপূর্ণ? (Nepal China Balendra Shah Relations)

বলেন্দ্র শাহের এই সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-চিন সম্পর্কের সমীকরণ নিয়ে। নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চিনের প্রভাব রয়েছে। এমনকী, বলেন্দ্রর প্রথম বিদেশ সফর চিনে হোক, সেই চেষ্টাও করেছিল বেজিং বলে দাবি। কিন্তু শেষ পর্যন্ত দিল্লিকেই বেছে নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন কোনও পরিবর্তন আসতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে এর অর্থ এই নয় যে নেপাল পুরোপুরি চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে। বরং দুই প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কাঠমান্ডু। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরের আগে গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের জন্য নিজের দলের ২০ জন সাংসদকে চিন সফরে পাঠিয়েছিলেন বলেন্দ্র। শুধু তাই নয়, গত ২০ নভেম্বর নেপালের মন্ত্রিসভা তাঁর ভারত সফরে অনুমোদন দেওয়ার দিনই চিনের কাছ থেকে ২০ লক্ষ ডলারের অনুদান গ্রহণ করে কাঠমান্ডু।

ওলির পতনের পর বদলেছে নেপালের রাজনৈতিক সমীকরণ (Nepal Balendra Shah Political Change)

বিশ্লেষকদের একাংশের মতে, গত কয়েক বছর ধরে নেপালের উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে চিন। বিশেষ করে ঋণের মাধ্যমে দেশটিকে নিজেদের উপর নির্ভরশীল করে তোলার চেষ্টা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। তা সত্ত্বেও নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। যা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু ওলি সরকারের পতনের পর নেপালের ক্ষমতায় আসেন জেন জি প্রজন্মের পছন্দের নেতা বলেন্দ্র শাহ। তাঁকে নিয়েও চিনের প্রত্যাশা ছিল বলে মনে করা হয়েছিল। তবে নতুন সরকারের বিদেশনীতি যে একতরফা চিনমুখী হচ্ছে না, তা তাঁর প্রথম বিদেশ সফরেই স্পষ্ট বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের মোট আমদানির ৬০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। অন্যদিকে চিন থেকে আসে প্রায় ১৩ শতাংশ। ফলে বাণিজ্য এবং অর্থনীতির ক্ষেত্রে ভারতের উপর নেপালের নির্ভরতা যথেষ্ট বেশি। তাই বেজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও দিল্লির সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন্দ্রর দিল্লি সফর সেই ভারসাম্যের রাজনীতিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

“চিনের বদলে ভারতকে কেন বেছে নিলেন বলেন্দ্র? নেপালের নতুন কূটনৈতিক চাল ঘিরে জল্পনা”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করা বন্ধ রয়েছে।