West Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদনের দ্রুত নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দিতে বলল শীর্ষ আদালত। পাশাপাশি, কলকাতায় নির্বাচন সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং শুনানির জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার সংক্ষিপ্ত শুনানির পর অন্তর্বর্তী নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট।
বাড়ানো হবে আপিল ট্রাইব্যুনালের সংখ্যা (SIR Appeal Tribunal)
আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এবং তাঁর সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। ১০ মার্চ ২০২৬-এর নির্দেশে এই ট্রাইব্যুনালগুলি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। এবার দ্রুত মামলার নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে।
দু’ভাগে ভাগ হবে আবেদন (SIR Voter Appeals)
শীর্ষ আদালত জানিয়েছে, ট্রাইব্যুনালগুলিকে জমা পড়া আবেদন দু’টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে থাকবে সেই সমস্ত ভোটারের আবেদন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। দ্বিতীয় ভাগে থাকবে ভোটার তালিকায় কিছু নির্দিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্তি নিয়ে যাঁরা আপত্তি জানিয়েছেন, তাঁদের আবেদন। আদালতের পর্যবেক্ষণ, দ্বিতীয় ধরনের আবেদনের ক্ষেত্রে আপাতত তেমন জরুরি পরিস্থিতি নেই। তাই সেগুলির শুনানি পরে করা যেতে পারে। বরং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদন আগে নিষ্পত্তি করতে হবে।
কলকাতায় একাধিক জায়গায় শুনানির ব্যবস্থা (Kolkata SIR Tribunal)
শুনানির কাজ দ্রুত শেষ করতে কলকাতার কোনও কেন্দ্রীয় এলাকায় নির্বাচন আপিল ট্রাইব্যুনালের জন্য উপযুক্ত বিকল্প জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। সম্ভব হলে কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় শুনানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, কলকাতা পুরসভার আওতায় থাকা বিধানসভা কেন্দ্রগুলির তালিকাও নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। কলকাতা পুরসভা এলাকার ভোটারদের আবেদন চিহ্নিত করে সেগুলিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে কাজ শেষের নির্দেশ (Election Commission SIR)
আসন্ন পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত কাজ শেষ করতে হবে। সেই সংক্রান্ত তথ্য নির্বাচন আপিল ট্রাইব্যুনালের কাছে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। একইসঙ্গে সংশ্লিষ্ট ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনগুলির জবাবও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ ডিসেম্বর ২০২৬। ফলে SIR-এ নাম বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি কতটা দ্রুত হয়, এখন সেদিকেই নজর থাকবে।










