Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ফুচকা থেকে ফুল, হকারদের জন্য আসছে বিশেষ ই-কার্ট! কী থাকছে রাজ্যের নতুন পরিকল্পনায়?

রণিতা সাহা
Published On: নভেম্বর 22, 2026 12:41 অপরাহ্ন

Street Food Hub Agnimitra Paul: এক জায়গায় লম্বা লাইন দিয়ে সাজানো খাবারের স্টল। কোথাও পাওয়া যাবে কলকাতার জনপ্রিয় ফুচকা, কোথাও হাওড়ার পরিচিত স্ট্রিট ফুড। আবার থাকছে আসানসোল, দুর্গাপুর কিংবা শিলিগুড়ির স্থানীয় খাবারের সম্ভার। ক্রেতারা একই জায়গায় পাবেন বিভিন্ন ধরনের খাবারের স্বাদ। আর বিক্রেতাদের জন্য তৈরি হবে ব্যবসার নতুন সুযোগ। রাজ্যের শহরাঞ্চলে এমনই স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু খাবারের ব্যবসার প্রসার নয়, এই উদ্যোগের মাধ্যমে হকারদের পুনর্বাসনের কথাও ভাবছে রাজ্য। তাঁদের জন্য বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার, ২০ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বৈঠকেই স্ট্রিট ফুড হাব তৈরির প্রকল্প নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। সরকারি সূত্রের খবর, প্রতিটি স্ট্রিট ফুড হাব তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হতে পারে।

কলকাতা থেকে শিলিগুড়ি, কোথায় তৈরি হবে স্ট্রিট ফুড হাব? (Street Food Hub Agnimitra Paul)

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িতে প্রথম পর্যায়ে স্ট্রিট ফুড হাব তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য পুরসভাতেও এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার ভাবনা রয়েছে। অগ্নিমিত্রা পালের দাবি, দেশের প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় ইতিমধ্যেই স্ট্রিট ফুড হাব রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও এমন কোনও হাব তৈরি হয়নি। সেই ঘাটতি পূরণ করতেই এই উদ্যোগ। এই হাবগুলিতে এলাকার জনপ্রিয় খাবারের বিক্রেতাদের একই জায়গায় নিয়ে আসা হবে। ফলে ক্রেতারা এক ছাদের তলায় বিভিন্ন ধরনের খাবার কিনতে পারবেন। অন্যদিকে, হকারদেরও ব্যবসা চালানোর জন্য নির্দিষ্ট জায়গা পাওয়া যাবে।

হকারদের জন্য বিশেষ ই-কার্ট, থাকবে সোলার প্যানেল (E-Cart for Hawkers Agnimitra Paul)

স্ট্রিট ফুড হাব তৈরির পাশাপাশি হকারদের জন্য বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিক্রেতার ব্যবসার ধরন এবং প্রয়োজন বুঝে তৈরি করা হবে এই কার্ট। অর্থাৎ, প্রত্যেকের জন্য একই ধরনের কার্ট থাকবে না।যেমন, ফুচকা বিক্রেতাদের জন্য কার্টে থাকবে আলাদা ব্যবস্থা। ফুল বিক্রেতা কিংবা জামাকাপড়ের ব্যবসায়ীদের জন্য তৈরি হবে তাঁদের প্রয়োজন অনুযায়ী পৃথক কার্ট। এই ই-কার্টের উপরে বসানো হবে সোলার প্যানেল। সেই সৌরশক্তি ব্যবহার করে ইন্ডাকশন ওভেন চালানো যাবে। ফলে খাবার তৈরির ক্ষেত্রে কাঠ, কয়লা বা অন্য কোনও জ্বালানির পরিবর্তে পরিবেশবান্ধব ব্যবস্থা ব্যবহার করা সম্ভব হবে। সরকারের পরিকল্পনা, এই ব্যবস্থার মাধ্যমে হকারদের ব্যবসা আরও সহজ হবে। একই সঙ্গে শহরের ফুটপাতের উপর চাপও কমানো সম্ভব হবে।

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন কীভাবে? (Hawker Rehabilitation Agnimitra Paul)

হকার উচ্ছেদ এবং পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সেই পরিস্থিতিতে নতুন প্রকল্পে উচ্ছেদ হওয়া হকারদের জায়গা দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। তবে পুনর্বাসনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে এগোনো হবে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা অনুসারেই হকারদের চিহ্নিত করা হবে। কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকাও তৈরি করা হয়েছে। সরকারি পোর্টালে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রয়োজন অনুযায়ী হকারদের দেওয়া হতে পারে স্বনিধি প্রকল্পের ঋণ, ব্যবসার প্রশিক্ষণ এবং বিশেষ ই-কার্ট। তবে ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়া যাবে না বলেও স্পষ্ট করেছেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, হকারদের জীবিকা রক্ষা করার পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকারও নিশ্চিত করতে হবে।

স্বনিধি সম্মান পেল দুর্গাপুর, ঋণের সুবিধা ছোট ব্যবসায়ীদেরও (PM SVANidhi Scheme Agnimitra Paul)

এদিকে, হকার ও ছোট ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে শুক্রবার দুর্গাপুর পেয়েছে ‘প্রধানমন্ত্রী স্বনিধি সম্মান’।এই প্রকল্পের মাধ্যমে হকার ও ছোট ব্যবসায়ীরা তিনটি ধাপে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে সেই ঋণ পরিশোধ করতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার টাকা এবং তার পরের ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে।

অগ্নিমিত্রা পালের বক্তব্য, রাজ্যের প্রতিটি পুরসভায় এই প্রকল্প আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। কোনও হকার বা ছোট ব্যবসায়ী যাতে আর্থিক সহায়তার অভাবে পিছিয়ে না পড়েন, তা নিশ্চিত করতে চায় সরকার। স্ট্রিট ফুড হাব, ই-কার্ট এবং স্বনিধি প্রকল্পের মাধ্যমে হকারদের জীবিকা ও ব্যবসার সুযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য। তবে এই প্রকল্প বাস্তবে কতটা কার্যকর হয় এবং কতজন হকার পুনর্বাসনের সুযোগ পান, এখন সেদিকেই নজর থাকবে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now