Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘যতবার ডাকবে, যাব’, FIR নিয়ে মুখ খুলে বিজেপিকে একের পর এক আক্রমণ অভিষেকের

রণিতা সাহা
Published On: নভেম্বর 14, 2026 5:24 অপরাহ্ন

Abhishek Banerjee FIR: চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং গুজরাটি সমাজকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলাতেই শনিবার কলকাতা পুলিশের মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ভবানীপুর থানায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন অভিষেক।শনিবার দুপুর সাড়ে ১২টায় ভবানীপুর থানায় হাজির হওয়ার কথা ছিল অভিষেকের। তবে নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এই মামলা দায়ের হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে বিদ্বেষ ছড়ানো, জনমনে অশান্তি তৈরি করতে পারে এমন বক্তব্য দেওয়া, হিংসায় উসকানি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো বিষয়।

‘আমি কোনও তদন্ত এড়িয়ে যাচ্ছি না’ (Abhishek Banerjee FIR)

থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, তিনি কী পোস্ট করেছেন, তা সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করতে বাধ্য নন। তদন্তকারী সংস্থা যে প্রশ্ন করেছে, তার উত্তর দিয়েছেন। তাঁর দাবি, ২ মে আদর্শ আচরণবিধি চালু থাকার সময় ওই পোস্ট করা হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর ২৭ তারিখে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে ডাকা হয়েছে।অভিষেকের কথায়, “আমি তো কোনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। আমি তো পালিয়ে যাইনি কোথাও।” তিনি আরও বলেন, শেক্সপিয়র সরণি থানা থেকে শুরু করে সিআইডি, ইডি এবং সিবিআই যখনই তাঁকে ডেকেছে, তিনি হাজির হয়েছেন। ভবিষ্যতেও ডাকলে যাবেন। আইনকে সম্মান করেন বলেই তদন্তে সহযোগিতা করছেন।

শুভেন্দুকে নিশানা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ (Abhishek Banerjee FIR)

এদিন সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, নরদা কান্ডে শুভেন্দুকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গেলেও তাঁকে গত পাঁচ বছরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়নি। আদালতের সুরক্ষার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, নিজের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। বিজেপিকে বাংলা বিরোধী বলার কারণও ব্যাখ্যা করেন অভিষেক। তাঁর দাবি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য বাংলার সংস্কৃতিকে অপমান করেছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনা, ১০০ দিনের কাজ এবং গ্রামীণ সড়ক যোজনায় রাজ্যকে প্রাপ্য অর্থ দেয়নি। এই কারণেই বিজেপির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন।

‘গুজরাটি গ্যাং’ মন্তব্যের ব্যাখ্যা (Abhishek Banerjee FIR)

সোশ্যাল মিডিয়া পোস্টে ‘গুজরাটি গ্যাং’ শব্দ ব্যবহার নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিষেক। জবাবে তিনি বলেন, বিজেপি নেতা অমিত মালব্যের একটি পোস্টের জবাব হিসেবেই তিনি ওই মন্তব্য করেছিলেন। অমিত মালব্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ করেন অভিষেক। তাঁর বক্তব্য, সেই পোস্ট উদ্ধৃত করেই নিজের মতামত জানিয়েছিলেন তিনি। ‘গুজরাটি গ্যাং’ বলতে কাদের বুঝিয়েছেন, তার ব্যাখ্যাও তদন্তকারী আধিকারিকদের দিয়েছেন বলে জানান সাংসদ।

ফুটপাতের দোকানদারদের পাশে অভিষেক (Abhishek Banerjee FIR)

এদিন সংবাদমাধ্যমের সামনে ফুটপাত দখলমুক্ত করার অভিযান নিয়েও মুখ খোলেন অভিষেক। তাঁর বক্তব্য, ফুটপাতের উপর যাঁরা মাটির প্রতিমা তৈরি করেন এবং জীবিকা নির্বাহ করেন, তাঁদের উচ্ছেদ করা উচিত নয়। বুলডোজার চালাতে হলে তাঁর বাড়িতে চালানো হোক, কিন্তু গরিব মানুষের রুজি-রোজগারে আঘাত করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁর বিরুদ্ধে পুলিশি মামলা এবং বুলডোজার অভিযানের মতো পদক্ষেপ করা হচ্ছে। তবে এসবের সামনে তিনি মাথা নত করবেন না বলেও স্পষ্ট জানান।

উল্লেখ্য, বিজেপি বাংলার ক্ষমতায় আসার পর থেকে অভিষেকের বিরুদ্ধে একাধিক পুলিশি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় তাঁকে পুলিশ এবং সিআইডির দফতরে হাজিরা দিতে হয়েছে। শুক্রবারও পুলিশ তাঁর বাড়িতে গিয়ে একটি নোটিস দেয়। সেই নোটিসে অন্য একটি মামলায় ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই মামলায় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুলিশকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now