Jamai Mela in Joypurhat: প্রতি বছরের মতো এবারও দেশের উত্তর জনপদ জেলা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামে বসেছে ‘জামাই মেলা’। তবে কেউ কেউ বলেন, পক্কি তলার মেলা। তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত “জামাই মেলা” নামেই। প্রায় ২০০ বছরের পুরোনো এ মেলাকে ঘিরে প্রতিবছর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামে।
জামাইদের নিমন্ত্রণে উৎসবের আমেজ (Jamai Mela in Joypurhat)
মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন। নিমন্ত্রণ দেওয়া হয় গ্রামের সব জামাইকে। আত্মীয়স্বজনের আগমন, অতিথি আপ্যায়ন, ঐতিহ্যবাহী লাঠিখেলা আর নানা আয়োজন সব মিলিয়ে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম ছাড়িয়ে থানা অবধি। বংশপরম্পরায় চলে আসা এ মেলা যেন গ্রামের মানুষের কাছে শুধু একটি বার্ষিক আয়োজন নয়, বরং শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার এক উপলক্ষ। বছরের এ বিশেষ দিনটির জন্য অপেক্ষায় থাকেন গ্রামের মানুষ। মেলাকে কেন্দ্র করে দূরে থাকা আত্মীয়স্বজনেরাও ছুটে আসেন নিজ গ্রামে। জামাইদের নিমন্ত্রণ, বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়ন এবং সবার সম্মিলিত অংশগ্রহণে তৈরি হয় এক ভিন্নধর্মী সামাজিক মিলনমেলা।
মেলার অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী লাঠিখেলা (Jamai Mela in Joypurhat)
এ মেলা উপলক্ষে দিনভর গ্রামের বিভিন্ন বাড়ির উঠানে চলে নানা আয়োজন। তবে মেলার অন্যতম প্রধান আকর্ষণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সকাল থেকেই ঢাকের তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। হাতে লাঠি নিয়ে খেলোয়াড়দের দ্রুতগতির নানা কৌশল ও শৈল্পিক প্রদর্শনী দেখতে উঠানগুলোতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
লাঠিখেলা দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, মেলায় ঘুরতে এসে লাঠিখেলা দেখে অনেক ভালো লাগছে। এক সময় এ খেলা গ্রামবাংলায় প্রচলিত থাকলেও এখন প্রায় হারিয়ে গেছে।
মেলায় মিষ্টি, মাটির সামগ্রী থেকে নাগরদোলা (Jamai Mela in Joypurhat)
মেলার মাঠজুড়ে বসেছে নানা রকম পণ্যের দোকান। মিঠাই-মিষ্টি, ঝুড়ি, জিলাপি, প্রসাধনসামগ্রীর পাশাপাশি রয়েছে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র ও কাঠের তৈরি নিত্যব্যবহার্য জিনিসপত্র। গ্রামীণ ঐতিহ্যের এসব পণ্যের পসরা দেখতে ও কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চড়কিসহ বিভিন্ন আয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় ঘুরে বেড়ানো, পছন্দের জিনিস কেনা আর নানা রকম খাবারের স্বাদ নেওয়ায় দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।
জামাইদের কাছে বিশেষ দিন (Jamai Mela in Joypurhat)
মেলায় আসা এক জামাই বলেন, আমার বিয়ের বয়স ৬ বছর। প্রতি বছর আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ পাই। আমার মতো এ গ্রামের সকল জামাই নিমন্ত্রণ পান। আমরা স্বপরিবারে ঘুরতে আসি। দিনটি খুব উৎসবমুখর হয়ে ওঠে।
২০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে নতুন প্রজন্ম (Jamai Mela in Joypurhat)
মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, আমাদের বাপ-দাদারা বংশপরম্পরায় এ মেলার আয়োজন করে আসছেন। এখন আমরা সেই ঐতিহ্য ধরে রেখেছি। ২০০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেয় স্থানীয় যুবসমাজ। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণীর পাশাপাশি রাতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর মধ্য দিয়ে মেলাকে শুধু কেনাবেচা কিংবা ঐতিহ্যবাহী খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বয়সী মানুষের বিনোদনের উপলক্ষ করে তোলার চেষ্টা করছেন তরুণেরা।
মেলায় মিষ্টির দোকান নিয়ে বসেছেন আঙ্গুর মিয়া। তিনি বলেন, সকাল থেকেই খুব সুন্দর বেচাকেনা চলছে। আমরা প্রতিবছর এ মেলায় দোকান নিয়ে আসি। মেলায় মানুষের সমাগম ভালো হয়, তাই বেচাকেনাও ভালো।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বাড়তি উৎসাহ (Jamai Mela in Joypurhat)
দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যা নামতেই মেলায় যোগ হয় নতুন মাত্রা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। গান ও বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠেন দর্শনার্থীরা।










