veteran actor Nana Patekar Journey: কিছু অভিনেতা থাকেন, যাঁদের অভিনয় শুধু চরিত্রকে জীবন্ত করে না। সেই চরিত্রকে দর্শকের স্মৃতিতে স্থায়ী অংশ করে তোলে। নানা পাটেকর তেমনই একজন। আসল নাম বিশ্বনাথ পাটেকর। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি কখনও খলনায়ক। কখনও নায়ক। কখনও পুলিশ অফিসার। কখনও রাজনৈতিক চরিত্র। আবার কখনও নিছক হাস্যরসের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন—একজন অভিনেতার শক্তি তাঁর তারকা-ইমেজে নয়, চরিত্রের গভীরে পৌঁছনোর ক্ষমতায়।
বৃহস্পতির ভোর ৫.২০। থমকে গেল কিংবদন্তির পথচলা। ৭৫ বছর বয়সে তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া।
এদিন ভোরে গোয়ার বাসভবনে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে।
কঠিন জীবন সংগ্রাম
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদে জন্ম। তাঁর শৈশব ও যৌবন ছিল সংগ্রামে ভরা। খুব অল্প বয়সেই কাজ করতে হয়েছিল। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মাত্র ১৩ বছর বয়সে কাজ শুরু করেন। স্কুলের পর সিনেমার পোস্টার আঁকার কাজ করতেন। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে কাজ করতে যেতেন।
এই কঠিন অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাঁর অভিনয়ে বাস্তবতার গভীরতা তৈরি করেছিল। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন, তাঁদের ক্ষোভ, হতাশা, লড়াই ও আবেগকে পর্দায় এমনভাবে ফুটিয়ে তুলতেন যে দর্শকের কাছে চরিত্রগুলি অবিশ্বাস্য বলে মনে হতো না।
থিয়েটার থেকে চলচ্চিত্র
নানা পাটেকরের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল মারাঠি থিয়েটার। মঞ্চের অভিজ্ঞতা তাঁকে সংলাপের কৌশল, শরীরী ভাষা এবং চরিত্রের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা তৈরি করে দেয়। পরবর্তীকালে সিনেমায় তাঁর অভিনয়ের স্বতন্ত্রতা অনেকটাই এই থিয়েটার-শিক্ষার ফল।
১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। ‘সালাম বম্বে!’ তাঁকে বৃহত্তর দর্শকের কাছে পরিচিত করে তোলে।
‘পরিন্দা’ থেকে জাতীয় পুরস্কার
১৯৮৯। ‘পরিন্দা’ নানা পাটেকরের অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ছবিতে অভিনয় তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সহ-অভিনেতার সম্মান এনে দেয়। একইসঙ্গে তাঁর অভিনয়ের ক্ষুরতা ও সংলাপ পরিবেশনে নিজস্ব ধরন বলিউডে আলাদা পরিচিতি দেয়।
‘অঙ্গার’, ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অভয়তক ছাপ্পান’, ‘অপরাধন’সহ একের পর এক ছবিতে নিজের অভিনয়ক্ষমতার বহুমাত্রিকতা দেখান।
‘ক্রান্তিবীর’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান। আবার ‘অগ্নিসাক্ষী’-র জন্যও জাতীয় পুরস্কার অর্জন করেন। তাঁর ঝুলিতে ছিল মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার পুরস্কার এবং অন্যান্য সম্মান। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
একজন দক্ষ পরিচালক
নানা পাটেকর শুধু অভিনেতা ছিলেন না। ১৯৯১ সালে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের নির্মাণ ও গল্প বলার ক্ষেত্রেও তাঁর আগ্রহ ছিল।
অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংলাপের প্রতি অস্বাভাবিক নিয়ন্ত্রণ। তাঁর কণ্ঠস্বর, চোখের অভিব্যক্তি এবং শরীরী ভাষা অনেক সময় সংলাপের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠত। তাই তাঁর অভিনীত বহু দৃশ্য আজও দর্শকের মনে স্থায়ী হয়ে আছে।
খলনায়ক থেকে কমেডি—সব চরিত্রেই স্বচ্ছন্দ
নানা পাটেকরকে শুধুমাত্র গম্ভীর বা তীব্র চরিত্রের অভিনেতা হিসেবে দেখলে তাঁর অভিনয়জীবনের সম্পূর্ণ ছবি পাওয়া যায় না। ‘ওয়েলকাম’-এ উদয় শেঠির চরিত্রে তাঁর কমেডি অভিনয় দর্শকদের সম্পূর্ণ অন্য এক নানা পাটেকরকে চিনিয়েছিল। পর্দায় অনিল কাপুরের সঙ্গে তাঁর জুটি এবং ‘উদয়-মজনু’ পর্ব জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
অন্যদিকে ‘অব তক ছাপ্পান’-এ পুলিশ অফিসারের চরিত্রে তাঁর সংযত অথচ দৃঢ় অভিনয় দেখিয়েছিল অভিনয়ের আরেক দিক। ‘রাজনীতি’-র মতো রাজনৈতিক ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে নিজের ছাপ রেখে যান।
‘নটসম্রাট’: অভিনয় জীবনের আরেক শিখর
২০১৬ সালের মারাঠি ছবি ‘নটসম্রাট’ নানা পাটেকরের অভিনয়জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয়। অবসরপ্রাপ্ত এক মঞ্চ অভিনেতার জীবন, অহংকার, একাকিত্ব ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকে তিনি অত্যন্ত আবেগপূর্ণভাবে ফুটিয়ে তোলেন। ছবিটি মারাঠি সিনেমায় ব্যাপক সাড়া ফেলে।
এই চরিত্রে তাঁর অভিনয় আবারও প্রমাণ করে, বয়স তাঁর অভিনয়ের শক্তিকে কমিয়ে দেয়নি। বরং জীবনের অভিজ্ঞতা অভিনয়কে আরও গভীর করেছিল।
পর্দার বাইরেও অন্য এক নানা
নানা পাটেকরের ব্যক্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সমাজসেবার প্রতি তাঁর আগ্রহ। কৃষক ও গ্রামীণ মানুষের সমস্যার প্রতি দীর্ঘদিন ধরে সরব ছিলেন। ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগেও তিনি যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়েও কৃষক আত্মহত্যা নিয়ে তিনি তরুণদের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
জীবনযাপন ছিল অনেকটাই প্রচলিত তারকাসুলভ জীবন থেকে আলাদা। সাক্ষাৎকারে বারবার বলতে শোনা গিয়েছে, অতিরিক্ত খ্যাতি বা তারকাসুলভ জীবনযাপনের চেয়ে সাধারণ জীবন, গ্রাম, কৃষিকাজ, রান্না, বই ও সংগীতকে বেশি পছন্দ করতেন।
এক অভিনেতার উত্তরাধিকার
নানা পাটেকরের অভিনয়জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়তো পুরস্কারের সংখ্যা নয়। তাঁর আসল সাফল্য—তিনি দর্শককে বিশ্বাস করাতে পেরেছিলেন যে চরিত্রটি সত্যিই বেঁচে আছে।
‘পরিন্দা’-র অন্ধকার জগত, ‘ক্রান্তিবীর’-এর প্রতিবাদী চরিত্র, ‘অব তক ছাপ্পান’-এর কঠোর পুলিশ অফিসার, ‘নটসম্রাট’-এর নিঃসঙ্গ বৃদ্ধ অভিনেতা কিংবা ‘ওয়েলকাম’-এর উদয় শেঠি—প্রতিটি চরিত্রেই তিনি নিজের স্বতন্ত্র অভিনয়ভাষা তৈরি করেছিলেন।
নানা পাটেকর চলে গেলেন, কিন্তু তাঁর অভিনয়ের সেই তীব্রতা, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি এবং চরিত্রের ভিতরে ঢুকে যাওয়ার ক্ষমতা ভারতীয় সিনেমার ইতিহাসে থেকে যাবে।
তিনি ছিলেন এমন এক অভিনেতা, যিনি প্রমাণ করেছিলেন—তারকা হওয়া যায় জনপ্রিয়তায়, কিন্তু অভিনেতা হয়ে ওঠা যায় শুধু প্রতিভা, শ্রম এবং জীবনের গভীর অভিজ্ঞতায়।
#NanaPatekar #VeteranActor #NanaPatekarDeath #NanaPatekarNews #IndianCinema #Bollywood #ActorNews













