Vande Bharat Sleeper Ticket Rules: এসি স্লিপার কামরার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন টিকিট পরীক্ষক। একের পর এক যাত্রীর কাছে জানতে চাইছেন টিকিট। কেউ এগিয়ে দিচ্ছেন ক্রিম রঙের টিকিট, কারও হাতে কমলা রঙের প্রিন্টেড টিকিট। পরীক্ষক টিকিটগুলি ভালো করে পরীক্ষা করে আবার যাত্রীদের হাতে ফিরিয়ে দিচ্ছেন। সম্প্রতি বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিয়ো ঘিরেই যাত্রীদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সফর করতে গেলে কি প্রিন্টেড টিকিট সঙ্গে রাখা বাধ্যতামূলক? নাকি মোবাইলে থাকা ই-টিকিট দেখিয়েই করা যাবে যাত্রা?
সম্প্রতি ‘রেল প্রেমী বিশ্বজিৎ’ নামে এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, উত্তর রেলের এক টিকিট পরীক্ষক বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের এসি কামরায় যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন। একে একে প্রত্যেক যাত্রীর কাছে টিকিট দেখতে চান তিনি। কয়েকজন যাত্রীকে প্রিন্টেড টিকিট দেখাতেও দেখা যায়। পরীক্ষক সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করে ফেরত দেন। এই দৃশ্য দেখেই অনেকের মনে প্রশ্ন ওঠে, এই ট্রেনে সফরের জন্য কি কাগজের টিকিট সঙ্গে রাখা জরুরি?
প্রিন্টেড টিকিট ছাড়াই করা যাবে সফর? (Vande Bharat Sleeper Ticket Rules)
রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাতায়াতের জন্য প্রিন্টেড টিকিট সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। যাত্রীদের কাছে বৈধ ডিজিটাল টিকিট থাকলেই চলবে। মোবাইলে পাওয়া টিকিটের এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা ভার্চুয়াল রিজার্ভেশন সংক্রান্ত তথ্য দেখিয়েও টিকিট পরীক্ষা করানো যাবে। স্মার্টফোন বা ট্যাবলেটে থাকা টিকিটের তথ্য গ্রহণ করবে রেল। অর্থাৎ, কাগজের টিকিট প্রিন্ট না করিয়েও এই ট্রেনে সফর করা সম্ভব। তবে টিকিটের ক্ষেত্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। রেল বোর্ডের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকা যাত্রীরাই উঠতে পারবেন। আরএসি (RAC), ওয়েটিং লিস্ট কিংবা আংশিক কনফার্ম টিকিট নিয়ে এই ট্রেনে সফরের অনুমতি নেই। ফলে যাত্রার আগে টিকিটের স্ট্যাটাস অবশ্যই দেখে নিতে হবে। শুধু টিকিট বুক করলেই হবে না, সেটি সম্পূর্ণ কনফার্ম হওয়াও জরুরি।
বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের বিস্তারিত (Vande Bharat Sleeper Ticket Rules)
গত ৩১ অক্টোবর বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে এই ট্রেনের যাত্রার সূচনা করেন। মোট ১৬টি কামরা নিয়ে তৈরি হয়েছে এই ট্রেন। যাত্রীদের জন্য রয়েছে তিন ধরনের এসি পরিষেবা। থার্ড এসি (3A), সেকেন্ড এসি (2A) এবং ফার্স্ট এসি (1A)। ট্রেন নম্বর ২৭৪২১ বারাণসী থেকে নয়াদিল্লি পর্যন্ত চলাচল করে। সপ্তাহে ছয় দিন এই পরিষেবা পাওয়া যাবে। শুক্রবার ট্রেনটি চলবে না। অন্যদিকে, ২৭৪২২ নম্বর ট্রেনটি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাতায়াত করবে। এই ট্রেনের সাপ্তাহিক পরিষেবাও ছয় দিন। শনিবার বন্ধ থাকবে ট্রেনটি।
কোন স্টেশনে থামবে, কত ভাড়া? (Vande Bharat Sleeper Ticket Rules)
বারাণসী থেকে নয়াদিল্লি যাওয়ার পথে মোট চারটি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। স্টেশনগুলি হল প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, আলিগড় এবং গাজিয়াবাদ। যাত্রীদের জন্য তিনটি শ্রেণিতে আলাদা ভাড়াও নির্ধারণ করা হয়েছে। থার্ড এসিতে যাতায়াতের ভাড়া ১,৯১৫ টাকা। সেকেন্ড এসির জন্য দিতে হবে ২,৪৭০ টাকা। আর ফার্স্ট এসিতে সফরের ভাড়া ৩,০৩০ টাকা।
সব মিলিয়ে আধুনিক পরিষেবার পাশাপাশি টিকিট সংক্রান্ত নিয়মও জেনে রাখা জরুরি যাত্রীদের। বিশেষ করে যাঁরা প্রথমবার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সফর করবেন, তাঁদের মনে রাখতে হবে, প্রিন্টেড টিকিট বাধ্যতামূলক নয় ঠিকই, কিন্তু কনফার্ম টিকিট ছাড়া এই ট্রেনে ওঠার অনুমতি নেই।










