Tag: west bengal

  • TET Exam : টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে পুলিশ সহায়তা বুথ, চালু হবে হেল্পলাইন নম্বরও

    TET Exam : টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে পুলিশ সহায়তা বুথ, চালু হবে হেল্পলাইন নম্বরও

    ।। প্রথম কলকাতা ।।

    TET Exam : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রবিবার বেলা বারোটা থেকে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। তাঁরা যাতে পরীক্ষা কেন্দ্রে সুস্থভাবে পৌঁছে যেতে পারেন তার জন্য পরিবহন দফতরের তরফ থেকে অতিরিক্ত সরকারি এবং বেসরকারি বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব রেলের তরফ থেকেও প্রায় ১৬ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে একাধিক রুটের উদ্দেশ্যে। এছাড়াও ৭ মিনিট অন্তর অন্তর মিলবে মেট্রো পরিষেবা। টেট পরীক্ষা উপলক্ষে এবার বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পুলিশ প্রশাসন।

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বমোট ৯২ টি পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছে। আর সেখানে পরীক্ষা দিতে আসবেন প্রায় ৪২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। যাতে সমস্ত প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে মিটে যায় তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করেছেন ইতিমধ্যেই। তবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোন পরীক্ষার্থী কোনরকম অসুবিধার সম্মুখীন হলেই পুলিশ বুথে গিয়ে সহায়তার আবেদন করতে পারেন।

    এছাড়াও চালু করা হবে হেল্পলাইন নম্বর। তার মাধ্যমে উপযুক্ত পরামর্শ নিতে পারেন অসুবিধায় পরা পরীক্ষার্থীরা। সূত্রের খবর অনুযায়ী, বারুইপুর পুলিশ জেলায় থানা ভিত্তিক একাধিক দল সাজানো হয়েছে পরিকল্পনা অনুযায়ী সোনারপুর, নরেন্দ্রপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়ন করা হবে। বুথ গুলিতে থাকবে বহু পুলিশকর্মী। তাঁরা টহল দেবে আশেপাশের একাধিক এলাকায়। যাতে প্রশ্ন ফাঁস করার মত সমস্যা ঠেকানো যায় তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন। পরীক্ষা কেন্দ্রেও নিশ্চিদ্র পুলিশি পাহারা দেখতে পাওয়া যাবে। তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলতি বছরের টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • TET 2022 Special Service: টেট পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় চলবে অতিরিক্ত ট্রেন, মিলবে মেট্রো সুবিধাও

    ।। প্রথম কলকাতা ।।

    TET 2022 Special Service: আগামীকাল অর্থাৎ রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। গোটা রাজ্যজুড়ে প্রায় সাত লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতর। বেলা বারোটা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত টেট পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা, দু ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছতে হবে তাদের। এরকম পরিস্থিতিতে গতকাল বাস, ট্রেন এবং মেট্রোতে যাত্রী সংখ্যা যে অনেকটাই বৃদ্ধি পাবে সে ক্ষেত্রে কোন রকম সন্দেহ নেই।

    তাই সকল যাত্রীকে সঠিক পরিষেবা দেওয়া আগামীকাল একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও ছুটির দিনে অফিস যাত্রীদের ভিড় থাকবে না কিন্তু তারপরেও পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য পূর্ব রেল থেকে শুরু করে কলকাতা মেট্রো, সবক্ষেত্র থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো ছুটির দিনে অতিরিক্ত মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একই রকম ভাবে পূর্ব রেলের তরফ থেকেও জানানো হয়েছে শুধুমাত্র টেট পরীক্ষার জন্য শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় আপ-ডাউনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চালানো হবে।

    * যে যে শাখায় অতিরিক্ত ট্রেন চলবে

    ১. শিয়ালদা-ব্যারাকপুর শাখা
    ২.শিয়ালদা-নৈহাটি শাখা
    ৩. শিয়ালদা-ডানকুনি শাখা
    ৪. শিয়ালদা-মধ্যমগ্রাম শাখা
    ৫. শিয়ালদা-বারাসাত শাখা
    ৬. শিয়ালদা-দত্তপুকুর শাখা
    ৭. শিয়ালদা-বজবজ শাখা
    ৮. শিয়ালদা- সোনারপুর শাখা
    ৯. শিয়ালদা -ক্যানিং শাখা
    ১০.শিয়ালদা- বারুইপুর শাখা এবং
    ১১.শিয়ালদা- হাসনাবাদ শাখা

    এই সবকটি শাখার ট্রেন প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

    * মেট্রো পরিষেবা:

    শুধুমাত্র পূর্ব রেলের তরফ থেকে যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। রবিবার অর্থাৎ আগামীকাল টেট পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চলাচল করবে । অন্যান্য রবিবার গুলিতে সাধারণত মেট্রো চলাচল করে ১৫ মিনিট অন্তর তবে আগামীকাল যাত্রীরা মেট্রো পাবেন মাত্র ৭ মিনিট অন্তর অন্তর। মোট ১৩৮ টি মেট্রো আগামীকাল চলাচল করবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আটটি বাড়তি মেট্রো দেওয়া হয়েছে। বিকেলের দিকে যদিও মেট্রো গুলি ১০ মিনিট অন্তর অন্তর চলবে। তার মধ্যে ডাউনলাইনে ৬৯ টি মেট্রো এবং আপলাইনে ৬৯টি মেট্রো থাকবে, এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে অতিরিক্ত মেট্রো চলাচলের নির্দেশ দেওয়া যেতে পারে। এছাড়াও আগামীকাল রাস্তায় পরীক্ষার্থীরা বাড়তি কিছু সরকারি এবং বেসরকারি বাসের পরিষেবা পাবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Library Assistant Job : রাজ্যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি, আকর্ষণীয় বেতন, আবেদন করুন আজই

    ।। প্রথম কলকাতা ।।

    Library Assistant Job : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তৈরি হয়েছে শূন্য পদ। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অর্থাৎ বিধানসভা সেক্রেটারিয়েটের দফতর থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে সঠিক যোগ্যতা অনুযায়ী চাকরিপ্রার্থীদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে। রাজ্যের যে কোন প্রান্তের আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন অনলাইনে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? কীভাবে আবেদন জানাতে হবে ? মাসিক বেতন কত ? সেই সংক্রান্ত সমস্ত তথ্য রইল প্রতিবেদনে।

    পদ : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

    মাসিক বেতন : ৩২ হাজার ১০০ থেকে শুরু করে ৮২ হাজার ৯০০

    বয়স সীমা : ০১.০১.২০২২ অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৯ বছরের কম

    শূন্য পদ : পাঁচটি

    শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন পাস করতে হবে আগ্রহী চাকরি- প্রার্থীকে। এছাড়াও যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আগ্রহী চাকরিপ্রার্থীকে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারে লাইব্রেরি সফটওয়্যার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এছাড়াও যেকোনো নামজাদা লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের। সেটি পাবলিক লাইব্রেরি অথবা প্রাতিষ্ঠানিক লাইব্রেরি হতে পারে।

    আবেদন প্রক্রিয়া :

    • যেহেতু নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে তাই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের । অফলাইনে কোনভাবেই আবেদন করা যাবে না।
    • ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ভিজিট করার পর রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে আবেদনকারীকে।
    • মেইন পেজ খোলার পর আবেদন পত্র আসবে । সেখানে তাঁর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সহ যে সকল তথ্য গুলি চাওয়া হবে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
    • এরপর আবেদন ফি অনলাইন প্রক্রিয়ায় জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে।

    আবেদন ফি : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে ১৬০ টাকা অনলাইন মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারীদের । তবে এস সি, এস টি এবং পিডাব্লিউডি শ্রেণির কোন ব্যক্তির আবেদন ফি লাগবে না এক্ষেত্রে।

    আবেদনের শেষ তারিখ : ২৭.১২.২০২২
    বিস্তারিত তথ্য সংগ্রহ করতে অবশ্যই ভিজিট করুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Fake Aadhar cards: ভুয়ো আধার কার্ডে রমরমা, বাংলা সহ আট রাজ্যে সমীক্ষা চালাবে কেন্দ্র

    ।। প্রথম কলকাতা ।।

    Fake aadhar cards: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু সুরক্ষিত এই আধার কার্ড এখন মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে। ব্যাপকভাবে জাল করা হচ্ছে আধার কার্ড। আর সেই রমরমা ঠেকাতে উঠে পড়ে লাগল এবার কেন্দ্রীয় সরকার। যে সমস্ত রাজ্যে ভুয়ো আধার কার্ডের রমরমা রয়েছে সেখানে বিশেষ সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

    ভুয়ো আধার কার্ড ঠেকানো নিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কোন কোন রাজ্যগুলিতে সমীক্ষা চালানো হবে সে ব্যাপারে রাজ্যগুলির কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। এবার ভুয়ো আধার কার্ড বন্ধ করার জন‍্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী।

    ভুয়ো আধার কার্ডে রমরামা রুখতে এবার তৎপর কেন্দ্রীয় সরকার। দেশের আট রাজ্যে এই নিয়ে বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবছে কেন্দ্র। কেরল তামিলনাড়ু, কর্ণাটক, অসম, মেঘালয়, ত্রিপুরা, মহারাষ্ট্রে এই নিয়ে সমীক্ষা চালানো হতে পারে।

    এই আট রাজ্যের মধ্যে কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলিতে সমীক্ষা চালানোর কথা ভাবা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাকে চিহ্নিত করা হয়েছে। অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরলের এরনাকুলাম, তামিলনাড়ুর ত্রিপুর, বেঙ্গালুরু, অসমের করিমগঞ্জ, পশ্চিম ত্রিপুরা, মহারাষ্ট্রের মুম্বাই সেন্ট্রাল ও পালাঘর। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনও ভুয়ো আধার কার্ড ঠেকানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে কেন্দ্রের কাছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Convocation: পঞ্চম শ্রেণী থেকে তৃতীয়বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক, চিঠি পাঠাচ্ছে পর্ষদ

    ।। প্রথম কলকাতা।।

    Convocation: পঞ্চম শ্রেণী থেকে কলেজের তৃতীয়বর্ষ পর্যন্ত প্রতিটি স্তরে সমাবর্তন বাধ্যতামূলক। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হয় যে সমস্ত স্কুলে সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছে। প্রতিবছর প্রতিটি ক্লাসের জন্য সমাবর্তনের আয়োজন করতে বলছে বাধ্যতা মূলকভাবে । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।

    মাধ্যমিক শিক্ষা সংসদের জানা গিয়েছে, যেহেতু স্কুলে সমাবর্তনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তাই সেই নির্দেশ মেনেই রাজ্যের যেসব স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণি রয়েছে সেই সব স্কুলে এই বিষয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী আগামী বছর থেকে প্রতি জানুয়ারিতে এই সমাবর্তনের আয়োজন করতে হবে প্রতিটি স্কুলকে‌। ক্লাসে ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের হাতে স্কুলের তরফে লজেন্স বা চকলেট এর মত উপহার তুলে দিতে হবে।

    কোনো কারণে ২রা জানুয়ারি অনুষ্ঠান করা সম্ভব না হলে জানুয়ারি প্রথম সপ্তাহে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে সমাবর্তন উৎসব পালন করতে হবে। ঐদিন ছাত্র-ছাত্রীদের কাছে স্কুলের ইতিহাস সহ বই, পোশাক, জুতো মিড ডে মিল প্রভৃতির মত সরকারি সুবিধার কথা আরো বেশি করে জানাতে হবে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফে জানা গিয়েছে খুব দ্রুত তাদের অধীনস্ত কলেজগুলিতে এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক হতে চলেছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WB Health Recruitment : প্রচুর শূন্য পদ রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে! জেনে নিন আবেদনের শেষ তারিখ

    ।। প্রথম কলকাতা ।।

    WB Health Recruitment : রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ফের একাধিক শূন্য পদ তৈরি হয়েছে। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড। এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রায় দেড় হাজার মেডিক্যাল অফিসার। রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টিং পাবেন এই মেডিক্যাল অফিসাররা। নিয়োগের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কত, কীভাবে আবেদন জানাতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

    পদ : মেডিক্যাল অফিসার

    বেতন : মাসিক ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত

    শূন্যপদ : মোট শূন্য পদ হল ১৪২৯ টি। এর মধ্যে থেকে মেডিক্যাল অফিসার (GDMO) পদে নিয়োগ করা হবে ৭৫০ জনকে। বাকি স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে ৬৭৯ জনকে।

    বয়স সীমা : মেডিক্যাল অফিসার (GDMO) পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছর এর মধ্যে। অন্যদিকে স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে চাকরি পেতে গেলে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

    শিক্ষাগত যোগ্যতা : এই উভয় পদে নিয়োগের জন্য আবেদনকারীদেরকে দেশের স্বীকৃতিপ্রাপ্ত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে।

    আবেদন পদ্ধতি : আবেদনপত্র আবেদনকারীদেরকে অনলাইনেই জমা দিতে হবে। আর নির্বাচন প্রক্রিয়াটি হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের জন্য বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিজিট করুন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (www.wbhrb.in ) এর ওয়েবসাইটটি।

    আবেদন ফি : এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন মূল্য দিতে হবে ২১০ টাকা। তবে যারা এসসি,এসটি এবং পিডব্লিউডি শ্রেণিভুক্ত তাদের কোনরকম আবেদন ফি দিতে হবে না।

    আবেদন শুরু এবং শেষের তারিখ : ০৯/১২/২০২২ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইনে।
    ২৩/১২/২০২২ তারিখ পর্যন্ত আবেদনকারীরা নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WB Handcrafts Development Recruitment: চাকরির সুযোগ রাজ্য হস্তশিল্প উন্নয়ন দফতরে, উচ্চমাধ্যমিকই যথেষ্ট

    ।। প্রথম কলকাতা ।।

    WB Handcrafts Development Recruitment: পশ্চিমবঙ্গ হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের জেলা থেকে আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদের জন্যেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। কোন কোন পদের নিয়োগ চলছে? বেতন কত? তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ? বয়সসীমা, শূন্য পদ সহ আবেদন প্রক্রিয়ার সমস্ত তথ্য রয়েছে এই প্রতিবেদনে।

    ১) পদ : জুনিয়ার ক্যাটাগরি ম্যানেজার

    বেতন : ২৪ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা : রাজ্যের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে। কম্পিউটারে পারদর্শী হতে হবে। একই সঙ্গে ফ্যাশন ও রিটেল ব্যবসায় নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকা জরুরী।

    শূন্যপদ : ১

    ২) পদ: গ্রুপ ডি এক্সপেরিয়েন্সড

    বেতন : ১৩৫০০ টাকা

    যোগ্যতা : রাজ্যের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে

    শূন্যপদ : ৪

    ৩)পদ: জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং

    বেতন : ২৪ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্সে B. Sc বা B.E বা BCA বা MCA পাশ করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা চাই।

    শূন্যপদ: একটি

    ৪) পদ: জুনিয়র সেলস কাম অফিস আসিস্টান্ট

    বেতন : ১৫ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা : কমার্স বিষয়ে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন এছাড়াও কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।

    শূন্যপদ : ২

    * আবেদনের শেষ তারিখ : ০৯.১২.২০২২

    * আবেদন প্রক্রিয়া:

    ১) এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইনে ফর্ম ফিল আপ নয় । আবেদন করতে হবে ইমেইল মারফত।

    ২) আগ্রহী চাকরিপ্রার্থীকে তাঁর একটি বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটাতে চাকরি প্রার্থীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা , পূর্বে যে যে কাজের অভিজ্ঞতা রয়েছে সমস্ত কিছু উল্লেখ করতে হবে।

    ৩) পরবর্তীতে সেই বায়োডাটার সঙ্গে অন্যান্য সমস্ত দরকারি নথিপত্র দিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে। আর তারপর সেই pdf ফাইলটি পাঠিয়ে দিতে হবে নিচের ই-মেইল আইডিতে।

    ই-মেল : engagement@manjusha.in

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • AAP: অনলাইনেই আইনি পরিষেবা! রাজ্যবাসীর জন্য নয়া চমক আপের

    ।। প্রথম কলকাতা।।

    AAP: দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীর জন্য নয়া চমক আম আদমি পার্টির। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ঝাড়ু প্রতীকে লড়াই করতে দেখা যাবে এই দলকে। এরই মধ্যে আইনি পরামর্শ দেওয়ার জন্য অনলাইন পরিষেবা চালু করেছে কেজরিওয়ালের দল। আপের ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের সঙ্গে প্রতিটি জেলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে উত্তর দিনাজপুরে কুকুরের সুরক্ষা ব্যবস্থা সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

    একাধিক রাজ্যে ক্ষমতায় এসেছে আপ। আর তার মধ্যে রাজ্যবাসীর জন্য এক নয়া পরিষেবা নিয়ে এসেছে এই দল। পরিষেবাটি পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবর অনুযায়ী এই পরিষেবার দরুন যে কেউ ফোন করে নিজের আইনি সমস্যার সমাধানের জন্য পরামর্শ নিতে পারবেন। রিপোর্ট অনুযায়ী আপের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র জানিয়েছেন, ‘আমরা ১৩০ কোটি ভারতীয় মিলে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ করে তুলব। এটাই আপের লক্ষ্য। ভালো শিক্ষা, স্বাস্থ্য সকল ভারতীয়দের অধিকার। আর আমরা সেই লক্ষ্য পূরণ করতে অঙ্গীকারবদ্ধ’।

    রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবা প্রতি সপ্তাহে চালু থাকবে। যেখানে হাইকোর্ট থেকে একজন বিশিষ্ট আইনজীবী থাকবেন অনলাইনে। চলবে প্রশ্নোত্তর পর্ব। এক কথায় এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যবাসীর কাছে পৌঁছতে চাইছে আম আদমি পার্টি। কতটা তারা তাদের কাজে সফল হবে, সেটা বোঝা যাবে এই পরিষেবায় মানুষ কতটা উপকৃত হচ্ছে তা দেখে। প্রতি শনিবার চলবে আলোচনা পর্ব। ২৬ নভেম্বর আলোচনার বিষয় ছিল সাংবিধানিক মৌলিক অধিকার। আপ-এর লিগাল সেলের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Jalpaiguri: বাসের সিটের তলায় গাঁজার পাহাড়, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলল তল্লাশি

    ।। প্রথম কলকাতা ।।

    Jalpaiguri: গাঁজা পাচারকারীদের অভিনব পাচারের কায়দা দেখে ফের একবার হতবাক সাধারণ মানুষ। পাবলিক ট্রান্সপোর্টকে ব্যবহার করে অনায়াসে গাঁজা পাচার করার ছক কষা হয়েছিল । কিন্তু পুলিশের হস্তক্ষেপে বানচাল হল সমস্ত পরিকল্পনা । জলপাইগুড়ি জেলার গয়েরকাটা আমাডিপা এলাকায় শুক্রবার রাতে একটি বেসরকারি বাস আটক করে চলে তল্লাশি । আর সেই বাস থেকেই উদ্ধার করা হয় বেশ কয়েকটি ব্যাগ ভর্তি গাঁজা। যার বাজার মূল্য বর্তমানে প্রায় লক্ষাধিক ।আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে।

    পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই বাসটি আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির দিকেই যাচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্র মারফত আগেই খবর এসেছিল যে, ওই বেসরকারি বাসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই মতো বাসটিকে আমাডিপা এলাকায় দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালায় বানারহাট থানার ট্রাফিক পুলিশ। সেখানে বাসের সিটের নিচ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় । সেই ব্যাগের মধ্যেই ছিল গাঁজা। যদিও ব্যাগটি কার তা কেউই স্বীকার করতে নারাজ । উদ্ধার করা হয়েছে মোট ১৮ কেজি গাঁজা।

    এক বাস যাত্রী জানান, প্রথমে একটি ব্যাগ উদ্ধার করা হয় । পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেই রকম গাঁজা ভর্তি আরো কয়েকটি ব্যাগ মেলে। বাসে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশি জেরার মুখে ওই ব্যাগ যে তাঁর এমন কিছুই স্বীকার করেননি তিনি। বরং নিজেই কান্নায় ভেঙে পড়েন। পুলিশের অনুমান এই গাঁজা গুলি আলিপুরদুয়ারের দিক থেকেই পাচার করা হয়েছিল। গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন জলপাইগুড়ি পুলিশ সুপার । এছাড়াও সেখানে ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। এইভাবে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে গাঁজা পাচার করার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Tourism: ট্যুরিজমে শীর্ষ স্থানে নাম পশ্চিমবঙ্গের, কতটা উন্নত বাংলার পর্যটন শিল্প ?

    ।।প্রথম কলকাতা।।

    Tourism: ভ্রমণপ্রেমী মানুষদের জন্য পশ্চিমবঙ্গের বুকে গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। রাজ্যের পর্যটন শিল্প ক্রমশক উন্নত হয়েছে। বিগত প্রায় ১০-১১ বছরে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র গুলি আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। ইউনাইটেড নেশন ফোরাম বাংলাকে পর্যটন গন্তব্য হিসেবে পুরস্কৃত করেছে। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে বাংলার নাম। পর্যটনের দিক থেকে রাজ্যে আমূল পরিবর্তন এসেছে, এমনটাই দাবি করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভাতে রাজ্যের পর্যটন শিল্প নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কথা উল্লেখ করেন তিনি।

    মুখ্যমন্ত্রী দাবি করেন , উত্তরবঙ্গে মাত্র ১১ বছর আগে তেমন কিছুই ছিল না । কিন্তু বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে সমৃদ্ধ উত্তরবঙ্গ। সেখানে নতুন করে তৈরি করা হয়েছে ৩০ থেকে ৩৫টি কটেজ । তৈরি করা হয়েছে রায়গঞ্জের পাখিরালয় । এছাড়াও রয়েছে সেখানে হেলিপ্যাড। উত্তরবঙ্গ বলতেই পশ্চিমবঙ্গবাসীর মাথায় নাম আসে দার্জিলিং , কালিম্পং, কার্শিয়াং প্রভৃতির নাম। প্রত্যেক বছর ছুটির মরশুমে এই সমস্ত জায়গাগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো থাকে। হিমালয় পর্বতের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণপিপাসু মানুষেরা সেখানে গিয়ে উপস্থিত হন।

    পূর্বে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকায় পর্যটকদের নিরাপত্তা একটা বড় প্রশ্নের জায়গা ছিল। কিন্তু এখন সে বিষয়ে যথেষ্ট সতর্ক সরকার । পর্যটকদের নিরাপত্তাকে বর্তমানে সুনিশ্চিত করা হয়েছে। তাদের সহযোগিতার জন্য পাহাড়ের বুকে গড়ে উঠেছে বহু ক্যাম্প । এছাড়াও সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। দার্জিলিং এর কফি হাউজের কথা এখানে না বললেই নয়। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কলকাতার মতো দার্জিলিঙেও গড়ে উঠেছে কফি হাউস। সেই কফি হাউস উদ্বোধন করে খোদ সেখানে বসে কফির পেয়ালা হাতে পাহাড়ে সৌন্দর্য উপভোগ করেছিলেন মুখ্যমন্ত্রীও।

    উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। যুক্তি অনুযায়ী দেখতে গেলে বর্তমানে দক্ষিণবঙ্গের যে কোন প্রান্ত থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য রয়েছে সরকারি বাস। যা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি । এছাড়াও রয়েছে সুষ্ঠু রেল পরিষেবা। খুব সহজেই রেলপথে যে কোন মানুষ পাড়ি দিতে পারেন উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

    শুধুমাত্র উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি নিয়ে কথা বললেই হবে না। কারণ দক্ষিণবঙ্গের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে যুক্ত হয়েছে ঝাড়গ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কথা দিয়েছিলেন যে তিনি জঙ্গলমহলকে পর্যটন কেন্দ্রে পরিণত করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এ বিষয়ে বিশেষ নজরদারি ছিল তাঁর। আর বলাই বাহুল্য বর্তমানে সত্যিই জঙ্গলমহল ঘুরতে যাওয়ার মত একটি জায়গায় পরিণত হয়েছে। সেখানে প্রায় ছ’টি নতুন সড়ক তৈরি হয়েছে। এছাড়াও তৈরি হয়েছে বহু রিসোর্ট। যেখানে পর্যটকরা চাইলে দু একদিন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন।

    জঙ্গলমহলের কথা যখন উঠল তখন ঝাড়গ্রামের নয়া পর্যটন কেন্দ্রের কথা বলতেই হয় । জঙ্গল রানীর প্রাকৃতিক সৌন্দর্যে মগ্ন হওয়ার পাশাপাশি রেল পথে ঝাড়গ্রাম থেকে গিধনি যাওয়ার পথে পড়বে আরও এক অপরূপ দৃশ্য। ঝাড়াগেরিয়ার কংসাবতী ক্যানেল। এখানে পর্যটকরা দেখতে পাবেন নীচ দিয়ে চলছে ট্রেন এবং ওপর দিয়ে ক্যানেলের মাধ্যমে জল বয়ে যাচ্ছে। সাধারণত এই ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। সারা দেশে মাত্র দুটি জায়গায় রয়েছে এই রকম ব্যবস্থা। তার মধ্যে নাম আসে ঝাড়গ্রামেরও।

    এছাড়াও মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে রায়গঞ্জের পাখিরালয়ের কথা উল্লেখ করেন। এটি পর্যটকদের কাছে সত্যিই আকর্ষণের অন্যতম জায়গা । ১৯৭০ সাল নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই এই অঞ্চলের উন্নয়ন কাজ শুরু করা হয়েছিল। সেখানে কদম ,শিশু ,জারুল , ইউক্যালিপটাস ইত্যাদি বিভিন্ন পর্ণমোচী গাছ লাগানো হয়। ধীরে ধীরে সেই অরণ্যে আসতে থাকে এশীয় শামুকখোলের মতো অন্যান্য পরিযায়ী পাখির দল। পরবর্তীতে বর্তমান সরকারের আমলে রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্যকে আরও সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের জন্য এই জায়গাকে আরও সমৃদ্ধ করা হয়েছে। এই সমস্ত স্থান গুলির জন্যেই পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প ক্রমশ প্রচারিত হচ্ছে লোকমুখে। বিদেশি পর্যটকরা যাতে আরও বেশি পশ্চিমবঙ্গে আসেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই করবে সরকার , এমনটাই জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version