Suvendu Adhikari Government Recruitment 2026: রাজ্যে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির আবেদনের জন্য টাকা নেওয়া ঠিক নয়। বরং এই খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি ফিরেছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ, মন্তব্য মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari Job Application Fee)
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি চাকরির আবেদন ফি মকুবের সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এতদিন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হত। সাধারণ চাকরিপ্রার্থীদের পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতেও আবেদন ফি দিতে হত। সাধারণ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি তুলনামূলক বেশি ছিল।
এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রেও আবেদন করতে ৫০০ টাকা দিতে হত। এবার থেকে আর সেই টাকা দিতে হবে না। আবেদন সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির নামে টাকা নেওয়া অপরাধ। এটি সংকীর্ণ মানসিকতার পরিচয়।
বিভিন্ন দপ্তরে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগ (Suvendu Adhikari Government Job Recruitment)
এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্বাস্থ্য দপ্তর-সহ একাধিক সরকারি বিভাগে মোট ১০ হাজার ১৪৭ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগও করা হবে।
রাজ্যে মোট এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলেও জানান তিনি। সেই লক্ষ্য পূরণে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
ডিসেম্বরে নিয়োগপত্র পাবেন ১,৩৩১ জন (Suvendu Adhikari Government Job Appointment)
মুখ্যমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি জানুয়ারির মধ্যে আরও কয়েকটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় রাজ্যে দীর্ঘদিন ধরেই নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরির আবেদনে ফি মকুব এবং নতুন নিয়োগের ঘোষণায় চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।











“এক ধাক্কায় ১০ হাজারের বেশি নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য আরও কী ঘোষণা শুভেন্দুর?”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।