Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

যমুনা দূষণে আর রেহাই নয়! রাজ্য থেকে জেলাকে জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের

রণিতা সাহা
Published On: নভেম্বর 17, 2026 4:58 অপরাহ্ন

Supreme Court Yamuna Pollution Fine: নদীর জল কতটা পরিষ্কার, তার হিসাব এবার দিতে হবে প্রশাসনকেই। যমুনার জল যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই এলাকায় জলের গুণমান খারাপ হলে সংশ্লিষ্ট প্রশাসনকে জরিমানা দিতে হবে। নদী দূষণের দায় এড়াতে পারবে না কোনও রাজ্য বা জেলা। যমুনাকে দূষণমুক্ত করতে এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু নির্দেশ দিয়েই থামেনি আদালত। নিকাশি শোধনাগার থেকে শুরু করে শিল্পবর্জ্য, অবৈধ বসতি এবং নদীর ধারের পরিবেশ রক্ষা নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে শীর্ষ আদালত।বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে, কোনও রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা জেলার মধ্যে দিয়ে যাওয়ার সময় যমুনার জলের গুণমান খারাপ হলে সংশ্লিষ্ট প্রশাসনকে দায় নিতে হবে। জরিমানার টাকা জমা পড়বে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে। কত টাকা জরিমানা করা হবে, তার হিসাব তৈরির জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে (CPCB) নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তের পর দূষণকারী ব্যক্তি বা কর্তব্যে গাফিলতি করা আধিকারিকদের কাছ থেকে সেই টাকা আদায় করতে পারবে সংশ্লিষ্ট প্রশাসন।

দিল্লির দূষণ নিয়ে বিশেষ উদ্বেগ (Supreme Court Yamuna Pollution Fine)

আদালতের এই নির্দেশে বিশেষভাবে চাপে পড়তে পারে দিল্লি। কারণ, যমুনার মোট দৈর্ঘ্যের মাত্র ২ শতাংশ দিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত। ওয়াজিরাবাদ থেকে ওখলা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার অংশ দিল্লিতে রয়েছে। অথচ নদীর দূষণের বড় অংশের জন্য এই এলাকাই দায়ী।আদালতের পর্যবেক্ষণ, যমুনার বর্তমান অবস্থা নদীর ধারে থাকা শহর, গ্রাম এবং এলাকার নাগরিক পরিষেবার ব্যর্থতার ছবি তুলে ধরছে। নদীতে প্রায় ৫২০টি নর্দমার জল মিশছে। বিপুল টাকা খরচ করেও দূষণ কমানো যাচ্ছে না। তাই শিল্পবর্জ্য এবং অপরিশোধিত নিকাশি জল নদীতে মেশা বন্ধ করতে হবে। যেখানে তা সম্ভব নয়, সেখানে নিকাশি জল সংগ্রহ করে পরিশোধনের ব্যবস্থা করতে হবে।

শোধনাগারে বসবে বিশেষ মিটার (Supreme Court Yamuna Pollution Fine)

নিকাশি শোধনাগার (STP), শিল্পবর্জ্য শোধনাগার (CETP) এবং সরকারি উদ্যোগে তৈরি বায়োগ্যাস প্ল্যান্টগুলির উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। এক মাসের মধ্যে প্রতিটি কেন্দ্রে বিশেষ স্মার্ট বিদ্যুৎ মিটার বসাতে হবে। STP এবং CETP-তে জলের প্রবেশ ও নির্গমনের পরিমাণ মাপার জন্য আলাদা মিটার এবং সেন্সর বসাতে হবে। জলের pH, BOD, COD, TSS এবং অ্যামোনিয়াক্যাল নাইট্রোজেনের মতো বিভিন্ন উপাদানের মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে। ফিক্যাল কোলিফর্মের মাত্রা প্রতি সপ্তাহে স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করাতে হবে।

এই সমস্ত তথ্য সরাসরি CPCB এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোন শোধনাগার কতক্ষণ কাজ করছে, কত বিদ্যুৎ খরচ হচ্ছে এবং কতটা জল পরিশোধন করা হচ্ছে, সব তথ্য সাধারণ মানুষও দেখতে পারবেন। আদালত আরও জানিয়েছে, কোনও শোধনাগারের তথ্য আপলোড ২৪ ঘণ্টার বেশি বন্ধ থাকলে সেটি কাজ করছে না বলে ধরে নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর অন্য কারণ প্রমাণ করতে পারবে।

তিন মাস অন্তর আচমকা পরিদর্শন (Supreme Court Yamuna Pollution Fine)

CPCB-কে আরও কড়া নজরদারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিটি শোধনাগার, যার ক্ষমতা দৈনিক ৫০ লক্ষ লিটার বা তার বেশি, অন্তত তিন মাস অন্তর আচমকা পরিদর্শন করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে CETP-র ক্ষেত্রেও। IIT, NIT অথবা স্বীকৃত তৃতীয় পক্ষের পরীক্ষাগারের মাধ্যমে এই পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।নিয়ম না মানলে সংশ্লিষ্ট শোধনাগারের মালিক বা পরিচালন সংস্থার কাছ থেকে প্রতিদিনের জন্য পরিবেশগত ক্ষতিপূরণ আদায় করতে হবে। পাশাপাশি নদী এবং বড় নর্দমাগুলিতে জলের গুণমান পরীক্ষা করার জন্য রিয়েল-টাইম মনিটরিং স্টেশন তৈরি করতে হবে।

অবৈধ বসতি ও ডেয়ারি নিয়েও নির্দেশ (Supreme Court Yamuna Pollution Fine)

যমুনার দূষণের অন্যতম কারণ হিসেবে অবৈধ বসতি এবং নিকাশি ব্যবস্থার সমস্যার কথা উল্লেখ করেছে আদালত। নদীর ধারের অবৈধ কলোনি, নর্দমার পাশে থাকা ঝুপড়ি এবং নদীর জমিতে গড়ে ওঠা বসতি সরানোর কথা বলা হয়েছে। তবে যাঁরা পুনর্বাসনের যোগ্য, তাঁদের বিকল্প থাকার ব্যবস্থা করার পরেই এই পদক্ষেপ করতে হবে। দিল্লির অবৈধ এবং হিসাবের বাইরে থাকা ডেয়ারিগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেঞ্চ। আদালতের বক্তব্য, অনুমোদিত ডেয়ারির বর্জ্য সামলানোর জন্য বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হলেও বেআইনি ডেয়ারিগুলির বর্জ্য সমস্যার সমাধান হবে না।

যমুনার সবুজ এলাকা রক্ষার নির্দেশ (Supreme Court Yamuna Pollution Fine)

দিল্লির মাস্টার প্ল্যান ২০৪৭ অনুযায়ী, যমুনার পাশে থাকা ‘জোন ও’ এলাকাকে সবুজ অঞ্চল হিসেবে সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে নদীর উৎস থেকে গঙ্গার সঙ্গে মিলনস্থল পর্যন্ত এই সবুজ অঞ্চল বাড়ানোর কথাও বলেছে আদালত। এলাকায় স্থায়ী নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। শুধুমাত্র পার্ক এবং জরুরি জনপরিকাঠামো তৈরি করা যাবে। সাইকেল চালানো ও হাঁটার রাস্তার মতো সীমিত পরিকাঠামো রাখা যেতে পারে। পুরনো নির্মাণ সরানোর ক্ষেত্রে আইন মেনে পদক্ষেপ করতে হবে। পুনর্বাসনের যোগ্যদের বিকল্প ব্যবস্থা দিতে হবে।

পাঁচ রাজ্যের যৌথ দায়িত্ব (Supreme Court Yamuna Pollution Fine)

যমুনাকে কোনও একটি রাজ্যের নদী হিসেবে দেখলে চলবে না বলে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তাই প্রত্যেকেরই দূষণ রোধের দায়িত্ব রয়েছে। কোন রাজ্য কতটা দূষণ ছড়াচ্ছে এবং সেই সমস্যা সমাধানের ক্ষমতা কতটা, তার ভিত্তিতে দায়িত্ব নির্ধারণ করতে হবে। নদীর জল পরীক্ষা করার জন্য BOD, COD, ফিক্যাল কোলিফর্ম এবং TSS-এর মতো বিভিন্ন উপাদানের তথ্য CPCB-কে জমা দিতে হবে। IIT-র মতো প্রতিষ্ঠানের মাধ্যমে একই সময়ে সংগৃহীত জলের নমুনা পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছে আদালত।

১২৫টি নতুন শোধনাগারের পরিকল্পনা (Supreme Court Yamuna Pollution Fine)

এই নির্দেশের পিছনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন কমিটির তৈরি যমুনা অ্যাকশন প্ল্যান। সেই পরিকল্পনায় ৪,৪০১.৩০ MLD ক্ষমতাসম্পন্ন ১২৫টি নতুন STP তৈরির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২০টি পুরনো STP-র উন্নতি, হরিয়ানায় ১২টি নতুন CETP, ১০টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ২৩টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে।

যমুনা ও তার শাখা নদীতে প্রায় ৯,৬৬৬.৮১ MLD নিকাশি জল ফেলছে ৫২০টি নর্দমা। সেগুলির জল সংগ্রহ করে পরিশোধনের ব্যবস্থাও করা হবে। তবে দিল্লির বর্তমানে চালু ৩৭টি STP-র একটিও সমস্ত নির্ধারিত মান পূরণ করতে পারছে না বলে জানিয়েছে আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, শুধু নতুন শোধনাগার তৈরি করলেই যমুনা দূষণমুক্ত হবে না। গোটা ব্যবস্থায় জবাবদিহি এবং নিয়মিত নজরদারি জরুরি। আগামী ১৩ জানুয়ারি, ২০২৭ এই মামলার পরবর্তী শুনানি।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now