Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

সোনিয়ার বইয়ে ইতিহাসের ভুলের ছড়াছড়ি! ৫৫টি অসঙ্গতি সামনে আসতেই প্রশ্ন

রণিতা সাহা
Published On: নভেম্বর 12, 2026 3:50 অপরাহ্ন

Sonia Gandhi Memoir Factual Errors: বইয়ের পাতায় ভারতের রাষ্ট্রপতি হিসেবে লেখা হয়েছে আর কে নারায়ণের নাম। কোথাও রাজ্যসভার সাংসদদের নির্বাচিত নয়, মনোনীত বলা হয়েছে। আবার কোথাও কার্গিল যুদ্ধের সময়কাল, লোকসভা নির্বাচনের ফল এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার বিবরণেও মিলছে না তথ্য। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা Belonging: A Journey of Love ঘিরে সামনে এসেছে এমনই একাধিক অসঙ্গতি। বইটি খুঁটিয়ে পরীক্ষা করে মোট ৫৫টি তথ্যগত ও প্রেক্ষাপটগত ভুলের সন্ধান মিলেছে। ফলে প্রশ্ন উঠছে, প্রকাশের আগে বইটির তথ্য যাচাই কতটা গুরুত্ব দিয়ে করা হয়েছিল? গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা। ইতালির একটি ছোট শহর থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে ওঠার যাত্রা উঠে এসেছে বইটিতে। রয়েছে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয়, বিয়ে, শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে রাজনীতিতে তাঁর ভূমিকার কথা। ব্যক্তিগত জীবনের নানা আবেগঘন স্মৃতি বইটির অন্যতম আকর্ষণ। তবে রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাগুলির বিবরণে একাধিক ভুল সামনে এসেছে।

রাজ্যসভা নিয়ে মৌলিক ভুল (Sonia Gandhi Memoir Factual Errors)

সোনিয়া গান্ধী দীর্ঘ দু’দশকেরও বেশি সময় সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। অথচ বইয়ে ভারতের সংসদীয় ব্যবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, লোকসভার সদস্যরা নির্বাচিত হন এবং রাজ্যসভার সদস্যরা মনোনীত হন। বাস্তবে রাজ্যসভার ২৩৮ জন সদস্য রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি মনোনীত করেন মাত্র ১২ জনকে। এ ছাড়াও বইয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রতিষ্ঠার সাল ১৯২১ লেখা হয়েছে। অথচ কে বি হেডগেওয়ার নাগপুরে ১৯২৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সোনিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী আহমেদ প্যাটেলের মৃত্যুর সালও ভুল দেওয়া হয়েছে। বইয়ে তাঁর মৃত্যুর বছর ২০২২ বলা হলেও কোভিডে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় তাঁর।

২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রসঙ্গে আহমেদাবাদকে রাজ্যের রাজধানী বলা হয়েছে। অথচ ১৯৭০ সাল থেকেই গান্ধীনগর গুজরাতের রাজধানী। গোধরাকাণ্ডের বিবরণেও ভুল রয়েছে। বইয়ে সবরমতী এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগার কথা বলা হয়েছে। বাস্তবে এস-৬ কামরাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল।

ভোটের ফল ও কার্গিল যুদ্ধের সময়কালেও গরমিল (Sonia Gandhi Memoir Factual Errors)

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল বলে সঠিক তথ্য দেওয়া হলেও এনডিএ-র আসনসংখ্যা ৩৫৩ লেখা হয়েছে। বাস্তবে ওই নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। ৩৫৩টি আসন ছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ-র প্রাপ্তি। আবার ১৯৮৪ সালের নির্বাচনে কংগ্রেসের আসনসংখ্যা এক জায়গায় ৪০৫ এবং অন্য জায়গায় ৪০৪ লেখা হয়েছে। কার্গিল যুদ্ধের বিবরণেও রয়েছে বড় ধরনের অসঙ্গতি। বইয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যখন নওয়াজ শরিফের আতিথেয়তায় ইসলামাবাদে ছিলেন, তখন লাদাখের রাখাল তাশি নামগিয়াল নিয়ন্ত্রণরেখা বরাবর পাক অনুপ্রবেশকারীদের দেখতে পান। বাস্তবে বাজপেয়ী ১৯৯৯ সালের ২০-২১ ফেব্রুয়ারি লাহোর সফরে গিয়েছিলেন। অন্যদিকে, ৩ মে অনুপ্রবেশকারীদের দেখতে পান তাশি। অর্থাৎ দুই ঘটনার মধ্যে দু’মাসেরও বেশি ব্যবধান ছিল।

বইয়ে আরও বলা হয়েছে, পরবর্তী ১০ মাস ধরে ভারতীয় সেনা দখল হয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধার করে। বাস্তবে কার্গিল যুদ্ধ চলে ১৯৯৯ সালের মে থেকে জুলাই পর্যন্ত। ২৬ জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। একই প্রসঙ্গে বাজপেয়ী সরকারের পতনকে অনাস্থা প্রস্তাবে পরাজয় বলা হয়েছে। বাস্তবে ১৯৯৯ সালের এপ্রিলে আস্থা ভোটে এক ভোটে হেরে যায় তাঁর সরকার। ভোটের ফল ছিল ২৬৯-২৭০।

রাহুল গান্ধীর মামলার বিবরণেও ভুল (Sonia Gandhi Memoir Factual Errors)

রাহুল গান্ধীর ফৌজদারি মানহানির মামলার বিবরণেও রয়েছে একাধিক ভুল। সোনিয়া লিখেছেন, ২০২০ সালে করা মন্তব্যের জন্য ২০২৩ সালে মামলা হয়েছিল। বাস্তবে ২০১৯ সালের এপ্রিল মাসে নির্বাচনী প্রচারে ওই মন্তব্য করেছিলেন রাহুল। সেই বছরই মামলা দায়ের হয়।২০২৩ সালের ২৩ মার্চ সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয়। পরে গুজরাত হাইকোর্ট সাজা স্থগিত করেনি। ৪ আগস্ট সুপ্রিম কোর্ট রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার নির্দেশে স্থগিতাদেশ দেয়। এর তিন দিন পর লোকসভার সাংসদ পদ ফিরে পান তিনি। বইয়ে এই আইনি প্রক্রিয়ার বিবরণও সঠিকভাবে তুলে ধরা হয়নি।

আন্তর্জাতিক ঘটনাতেও একাধিক অসঙ্গতি (Sonia Gandhi Memoir Factual Errors)

আন্তর্জাতিক ঘটনাগুলির ক্ষেত্রেও ভুল রয়েছে। নেলসন ম্যান্ডেলার ভারত সফর এবং ভারতরত্ন গ্রহণের সাল ১৯৯১ লেখা হয়েছে। বাস্তবে তিনি ১৯৯০ সালের অক্টোবরে ভারতে এসেছিলেন। ১৯৯৪ সালে ম্যান্ডেলার রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি কে আর নারায়ণন। কিন্তু বইয়ে তাঁর নামের জায়গায় রাষ্ট্রপতি আর কে নারায়ণের নাম লেখা হয়েছে। ১৯৮৫ সালে বাহামার নাসাউয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের বৈঠককে ৪৯তম সম্মেলন বলা হয়েছে। বাস্তবে সেটি ছিল অষ্টম সম্মেলন। আবার ১৯৮৮ সালে রাজীব গান্ধীর চিন সফরের প্রসঙ্গে দেং জিয়াওপিংকে চিনের রাষ্ট্রপতি বলা হয়েছে। অথচ তখন চিনের রাষ্ট্রপতি ছিলেন ইয়াং শাংকুন। দেং ছিলেন চিনের অন্যতম প্রধান ক্ষমতাধর নেতা এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান।

প্রেমের স্মৃতিতেও বয়স নিয়ে প্রশ্ন (Sonia Gandhi Memoir Factual Errors)

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম পরিচয়ের সময় নিজেদের বয়স নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বইয়ে সোনিয়া জানিয়েছেন, কেমব্রিজে প্রথম দেখা হওয়ার সময় তাঁর বয়স ছিল ১৯ এবং রাজীবের ২১। কিন্তু সেই সাক্ষাৎ ১৯৬৫ সালের জুনের আগে এবং জানুয়ারি মাসে হয়েছিল বলে উল্লেখ রয়েছে। সোনিয়ার জন্ম ১৯৪৬ সালের ডিসেম্বরে এবং রাজীবের জন্ম ১৯৪৪ সালের আগস্টে। সেই হিসেবে ১৯৬৫ সালের জানুয়ারিতে সোনিয়ার বয়স হওয়ার কথা ১৮ এবং রাজীবের ২০। এ ছাড়া শাহ বানো মামলার পর ১৯৮৬ সালের মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদের অধিকার সুরক্ষা) আইন নিয়ে সুপ্রিম কোর্টের ২০০১ সালের রায়ের বিবরণও অসম্পূর্ণ বলে অভিযোগ উঠেছে। আদালত আইনটির সাংবিধানিক বৈধতা বজায় রাখলেও বিবাহবিচ্ছিন্ন মহিলার জন্য ইদ্দত পরবর্তী সময়েও ন্যায্য ও পর্যাপ্ত আর্থিক ব্যবস্থার কথা জানিয়েছিল। বইয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্টভাবে উঠে আসেনি।

সব মিলিয়ে ৫৫টি ভুলের তালিকা সামনে আসায় বইটির তথ্য যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই ভুলগুলি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। সোনিয়ার ব্যক্তিগত জীবন, রাজীব ও ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্ক এবং পরিবারের নানা কঠিন সময়ের স্মৃতিগুলি বইটির গুরুত্বপূর্ণ দিক। তবে ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরতে গেলে তথ্যের নির্ভুলতাও জরুরি। প্রকাশের আগে আরও ভালোভাবে তথ্য যাচাই করা হলে এই ধরনের ভুল এড়ানো সম্ভব হত বলেই মনে করছেন সমালোচকরা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now