Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শাশুড়ি ইন্দিরার রাগে কাঁপতেন সনিয়া! শাশুড়ির মেজাজ সামলাতেন কে ?

রণিতা সাহা
Published On: নভেম্বর 10, 2026 1:45 অপরাহ্ন
A rare black-and-white collage featuring Indira Gandhi with Sonia Gandhi and a young Rahul Gandhi in the first photograph, and Indira Gandhi with Rajiv Gandhi, Sanjay Gandhi and other family members in the second.

Sonia Gandhi on Indira Gandhi: ঘরের এক কোণে দেওয়ালের দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কুর্তা-ধুতি পরা ওই ব্যক্তিকে দেখে প্রথমে কিছুই বুঝতে পারেননি সনিয়া গান্ধী। বাড়ির অন্দরমহলে তাঁর এমন অদ্ভুত অবস্থান দেখে মনে হয়েছিল, তিনি হয়তো কংগ্রেসের কোনও প্রবীণ নেতা। কিন্তু প্রায় আধ ঘণ্টা পরেও যখন ফিরে এসে তাঁকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন বিষয়টি আরও অস্বাভাবিক লাগে। পরে জানতে পারেন, শাশুড়ি ইন্দিরা গান্ধীর নির্দেশেই ওই ব্যক্তিকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এমনই এক কঠোর ও রাশভারী স্বভাবের ছবি নিজের স্মৃতিকথায় তুলে ধরেছেন পুত্রবধূ সনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর লেখা ৫৪৪ পাতার স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত এই বইয়ে নিজের জীবন, শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সদস্য হয়ে ওঠা এবং স্বামীর হত্যাকাণ্ডের পাশাপাশি ইন্দিরা গান্ধীকে নিয়েও নানা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। বিশেষ করে শাশুড়ির রাগ, তাঁর আচরণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের নানা অজানা ঘটনা উঠে এসেছে বইয়ে।

ইন্দিরার রাগে অস্বস্তিতে পড়তেন বাড়ির কর্মীরাও (Sonia Gandhi on Indira Gandhi)

স্মৃতিকথায় সনিয়া জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর মাঝে মাঝে প্রচণ্ড রাগ হত। সেই সময় তাঁর সামনে থাকা মানুষজন কার্যত ভয়ে চুপ করে যেতেন। বাড়ির কর্মীরাও তাঁর রাগের মুখে অস্বস্তিতে পড়তেন। এমনই একটি ঘটনার কথা লিখেছেন সনিয়া। একবার বাড়ির এক কর্মী ইন্দিরা গান্ধীকে গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দিতে ভুলে যান। এর আগেও একই ধরনের ভুল হয়েছিল। তাই রেগে গিয়ে ইন্দিরা ওই কর্মীকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখেন। অন্যরা তাঁর পাশ দিয়ে যাতায়াত করলেও কেউ কিছু বলার সাহস পাননি।

আর একটি ঘটনার কথা উল্লেখ করেছেন সনিয়া। একদিন কুর্তা-ধুতি পরা এক ব্যক্তিকে ঘরের কোণে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তখন রাজনৈতিক জগতের অনেককেই ভালো করে চিনতেন না সনিয়া। তাই ওই ব্যক্তির পরিচয়ও বুঝতে পারেননি। অ্যামি কৃষ্ণার সঙ্গে প্রায় আধ ঘণ্টা সময় কাটিয়ে ফিরে এসেও দেখেন, লোকটি একইভাবে দাঁড়িয়ে রয়েছেন। পরে জানতে পারেন, ইন্দিরার নির্দেশেই তাঁকে ওই অবস্থায় থাকতে হয়েছিল। অ্যামি কৃষ্ণা ছিলেন ইন্দিরা গান্ধীর দলের একজন প্রবীণ সদস্য।

1001302807 - শাশুড়ি ইন্দিরার রাগে কাঁপতেন সনিয়া! শাশুড়ির মেজাজ সামলাতেন কে ?

কথা বলা বন্ধ করে দিতেন, খাবার টেবিলেও প্রকাশ পেত রাগ (Sonia Gandhi on Indira Gandhi)

সনিয়ার কথায়, কারও কোনও আচরণে ইন্দিরা ক্ষুব্ধ হলে অনেক সময় তাঁর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিতেন। দিনের পর দিন সেই ব্যক্তিকে উপেক্ষা করতেন। এমনকি সংসদে বিরোধীদের সঙ্গে কোনও অপ্রীতিকর কথোপকথনের পর বাড়ির খাবার টেবিলেও তাঁর রাগের প্রকাশ দেখা যেত।একবার রাগের মাথায় লম্বা ডাইনিং টেবিলের অন্য প্রান্তে নিজের থালা সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা। শাশুড়ির এমন আচরণ সনিয়াকে বিচলিত করে তুলত। তিনি জানিয়েছেন, তাঁর বাবার মধ্যেও রাগের এমন বহিঃপ্রকাশ ছিল। ফলে ইন্দিরার রাগ দেখলে তিনি ভয় পেতেন এবং অস্থির হয়ে পড়তেন।

রাজীবের আশ্বাসেই স্বস্তি পেতেন সনিয়া (Sonia Gandhi on Indira Gandhi)

ইন্দিরার রাগের সময় পরিবারের অন্য সদস্যরাও চুপ করে থাকতেন। সনিয়া লিখেছেন, রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতেন। সেই সময় রাজীব স্ত্রীকে আশ্বস্ত করতেন। তাঁকে বলতেন, এত ভয় পাওয়ার কিছু নেই। মা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবেন।সনিয়ার কথায়, শাশুড়িকে ভালোভাবে চিনে ওঠার আগে পর্যন্ত তিনি তাঁর সামনে বেশ ভয়ে ভয়ে থাকতেন। তবে ইন্দিরা সবসময় একই রকম ছিলেন না। রাগ কমে গেলে অনেক সময় নিজের আচরণের জন্য অনুতপ্ত হতেন। যাঁর উপর রাগ করেছিলেন, তাঁকে নিজের অনুশোচনার কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন।তবে কোনও সহকর্মী যদি তাঁর বিশ্বাস ভঙ্গ করতেন, তা হলে বিষয়টি অন্য রকম হত। তাঁদের সহজে ক্ষমা করতেন না ইন্দিরা। বরং সেই ব্যক্তির সঙ্গে দূরত্ব তৈরি করতেন এবং পরবর্তী সময়ে তাঁর সঙ্গে আর কাজ করতেন না।

পুরনো ছবি ও শাড়ি সাজিয়ে মন ভালো করতেন ইন্দিরা (Sonia Gandhi on Indira Gandhi)

ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবনের আরও একটি দিক তুলে ধরেছেন সনিয়া। তাঁর মতে, রাগ বা মন খারাপ কাটাতে ইন্দিরা অনেক সময় ঘরের কাজকর্মে মন দিতেন। মন অস্থির হলে অ্যামি কৃষ্ণাকে পুরনো ছবির বাক্স নিয়ে আসতে বলতেন। এরপর ছবিগুলি তারিখ অনুযায়ী সাজিয়ে রাখতেন। কখনও আবার নিজের শাড়ির সংগ্রহ নিয়ে বসতেন। একের পর এক শাড়ি বের করে সাজাতেন। প্রতিটি শাড়িতে ট্যাগ লাগিয়ে রাখতেন, যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়। নিজের পরার উপযুক্ত শাড়ি, আত্মীয়দের জন্য রাখা শাড়ি—সব আলাদা করে গুছিয়ে রাখতেন। পুরনো কাশ্মীরি শালের প্রতিও তাঁর বিশেষ ভালোবাসা ছিল। খদ্দরের যুগ শুরু হওয়ার আগের সময়ে নিজের মায়ের ব্যবহৃত বেশ কয়েকটি পুরনো শাড়িও যত্ন করে রেখে দিয়েছিলেন তিনি।

নাতি-নাতনিদের কাছে বদলে যেত ইন্দিরার মেজাজ (Sonia Gandhi on Indira Gandhi)

সনিয়া জানিয়েছেন, ঠাকুমা হওয়ার পর ইন্দিরা গান্ধীর রাগ ও উত্তেজনার মুহূর্ত অনেকটাই কমে গিয়েছিল। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে তিনি খুব ভালোবাসতেন। তাঁরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ইন্দিরার মেজাজ বুঝতে তাঁদেরই পাঠানো হত। নাতি-নাতনিদের মুখের হাসি কিংবা তাঁদের নিষ্পাপ প্রশ্নেই অনেকটা গলে যেতেন ইন্দিরা। তাঁদের সান্নিধ্য তাঁকে আনন্দ দিত এবং মানসিকভাবে স্বস্তি জোগাত।

সব মিলিয়ে সনিয়া গান্ধীর স্মৃতিকথায় উঠে এসেছে ইন্দিরা গান্ধীর এক অন্য পরিচয়। রাজনৈতিক জীবনে দৃঢ় ও কঠোর ব্যক্তিত্বের অধিকারী এই প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনে ছিল রাগ, অভিমান, অনুশোচনা এবং পরিবারের প্রতি গভীর টান। শাশুড়ির সেই নানা রূপই নিজের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেছেন সনিয়া।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now