Sonia Gandhi First Child: জন্মের পর কয়েক ঘণ্টার জন্য কোলে এসেছিল সন্তান। ছোট্ট শিশুটির মুখ, ঘন কালো চুল আর লম্বা সরু আঙুল আজও স্পষ্ট মনে রয়েছে সোনিয়া গান্ধীর। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর প্রথম সন্তানের। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা জীবনের এই গভীর ব্যক্তিগত যন্ত্রণার কথা নিজের নতুন স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেখানে ১৯৬৯ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পাশাপাশি উঠে এসেছে রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর প্রতিক্রিয়াও।
১৯৬৯ সালের জানুয়ারিতে প্রথম সন্তানের জন্ম (Sonia Gandhi First Child)
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা অনুযায়ী, ১৯৬৯ সালের জানুয়ারিতে প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন তিনি ও রাজীব গান্ধী। সেই খবর শুনে গোটা পরিবারেই খুশির পরিবেশ তৈরি হয়েছিল। বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এই খবরে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সাধারণত প্রকাশ্যে আবেগ প্রকাশ করতে দেখা যেত না তাঁকে। কিন্তু সেদিন পুত্রবধূকে জড়িয়ে ধরে নিজের আনন্দ প্রকাশ করেছিলেন তিনি। সোনিয়ার কথায়, ইন্দিরা তাঁকে বলেছিলেন, ‘একটি বড়সড় শিশু আবার একটি শিশুর জন্ম দিতে চলেছে!’ কিন্তু সেই আনন্দের মুহূর্ত দ্রুতই বদলে যায় উদ্বেগে। নির্ধারিত সময়ের প্রায় দু’মাস আগেই প্রসব যন্ত্রণা শুরু হয় সোনিয়ার। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। নির্ধারিত সময়ের আগে জন্ম হলেও প্রথমে শিশুটিকে সুস্থ বলেই মনে হয়েছিল। জন্মের পর ইনকিউবেটরে রাখার সময় শিশুটির প্রথম কান্নাও শুনতে পেয়েছিলেন সোনিয়া।
কয়েক ঘণ্টার মধ্যেই নিভে যায় জীবনের আলো (Sonia Gandhi First Child)
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, পরে রাজীব তাঁকে শিশুটিকে দেখতে নিয়ে গিয়েছিলেন। ছোট্ট শিশুটির ঘন কালো চুল এবং লম্বা সরু আঙুলের কথা আজও মনে রয়েছে তাঁর। সোনিয়ার কথায়, ‘আমরা সঙ্গে সঙ্গেই ওর প্রেমে পড়ে গিয়েছিলাম।’ কিন্তু সেই ভালোবাসার সময় ছিল অত্যন্ত কম। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় শিশুটির।চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, অপরিণত অবস্থায় জন্মানোর কারণে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। পরের দিন সকালে সন্তানের মৃত্যুর খবর পান সোনিয়া ও রাজীব। এই খবর মেনে নিতে পারেননি তাঁরা। সোনিয়া লিখেছেন, বারবার তিনি প্রশ্ন করছিলেন, এটা কীভাবে সম্ভব? কেন এমন হল? দু’জনেই ভেঙে পড়েছিলেন।
স্ত্রীর পাশে কেঁদেছিলেন রাজীব, ছুটে আসেন ইন্দিরা (Sonia Gandhi First Child)
সোনিয়ার স্মৃতিচারণে উঠে এসেছে রাজীব গান্ধীর আবেগের কথাও। তাঁর কথায়, রাজীবকে ছোটবেলা থেকেই নিজের আবেগ চেপে রাখতে শেখানো হয়েছিল। কিন্তু প্রথম সন্তানকে হারানোর পর তিনিও নিজেকে সামলাতে পারেননি। স্ত্রীর পাশে বসে কেঁদেছিলেন রাজীব। দু’জনের কাছেই এই ঘটনা ছিল গভীর মানসিক আঘাত। সেই সময় সরকারি কাজে সফরে ছিলেন ইন্দিরা গান্ধী। ছেলের মৃত্যুর খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দ্রুত হাসপাতালে ফিরে আসেন তিনি। শোকে ভেঙে পড়া ছেলে ও পুত্রবধূকে জড়িয়ে ধরেন। সোনিয়া লিখেছেন, ইন্দিরার চোখও তখন লাল ও ফুলে গিয়েছিল। কিছুক্ষণ তাঁদের সঙ্গে থাকার পর তাঁকে আবার সরকারি দায়িত্বে ফিরতে হয়।
মেহরৌলির খামারবাড়িতে সমাধিস্থ করা হয় শিশুকে (Sonia Gandhi First Child)
সন্তানের শেষকৃত্য কীভাবে করা হবে, তা নিয়েও পরিবারের মধ্যে আলোচনা হয়েছিল। সোনিয়ার স্মৃতিকথা অনুযায়ী, নবজাতকের ক্ষেত্রে প্রচলিত কিছু রীতির কথা ওঠে। সেই আলোচনায় শিশুটির দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রসঙ্গও আসে। কিন্তু তা কোনওভাবেই মেনে নিতে পারেননি সোনিয়া। এর পিছনে ছিল তাঁর একটি পুরনো ভয়াবহ স্মৃতি। দিল্লির ওখলা ব্যারাজের কাছে জলে আটকে থাকা একটি মৃতদেহ দেখেছিলেন তিনি। সেই স্মৃতি তাঁকে তাড়া করত। তাই নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা শুনেই আপত্তি জানান সোনিয়া। তিনি স্পষ্ট করে বলেন, কোনও অবস্থাতেই তাঁদের সন্তানকে নদীতে ফেলে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে শিশুটিকে সমাধিস্থ করা হবে। একটি গোলাপি বোগেনভিলিয়া গাছের নীচে কবর দেওয়া হয় তাকে। রাজীব গান্ধী ও তাঁর ছোট ভাই সঞ্জয় গান্ধী মিলে সেই কাজ করেন। সোনিয়া জানিয়েছেন, পরবর্তী সময়ে যখনই তাঁরা ওই খামারবাড়িতে যেতেন, সন্তানের কবরের উপর একটি করে ফুল রেখে আসতেন।
শোকের পাশাপাশি সহ্য করতে হয়েছিল অপমানও (Sonia Gandhi First Child)
প্রথম সন্তানকে হারানোর শোক থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লেগেছিল সোনিয়ার। কয়েক মাস ধরে অপরাধবোধ ও মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন তিনি। এর মধ্যেই একটি দক্ষিণপন্থী প্রকাশনার আক্রমণাত্মক লেখায় তাঁদের সন্তানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। সেই লেখার ভাষা তাঁকে গভীরভাবে আঘাত করেছিল বলে স্মৃতিকথায় জানিয়েছেন সোনিয়া। তাঁর কথায়, ওই বিষাক্ত মন্তব্য তাঁর হৃদয়ে ক্ষত তৈরি করেছিল। মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
পরের বছর জন্ম রাহুল গান্ধীর (Sonia Gandhi First Child)
প্রথম সন্তানকে হারানোর কয়েক মাস পরেই আবার অন্তঃসত্ত্বা হন সোনিয়া গান্ধী। তবে আগের অভিজ্ঞতার কারণে এবার পরিবারে আনন্দের পাশাপাশি ছিল প্রবল উদ্বেগও। শেষ পর্যন্ত ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুল গান্ধীর। অর্থাৎ রাহুলের জন্মের এক বছরেরও বেশি আগে প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব ও সোনিয়া। সোনিয়া গান্ধীর এই স্মৃতিচারণে রাজনৈতিক জীবনের বাইরের এক ব্যক্তিগত অধ্যায় সামনে এসেছে। গান্ধী পরিবারের ইতিহাসে দীর্ঘদিন প্রায় অনুচ্চারিত থাকা এই ঘটনা তাঁদের জীবনের এক গভীর শোকের স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।











