Sheikh Hasina Return to Bangladesh: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতে রয়েছেন। এরই মধ্যে গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরতে চান। সম্প্রতি তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠানোর খবর সামনে আসতেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
সোমবার লন্ডনের একটি আইনি সংস্থার মাধ্যমে ইমেলে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ওই আবেদন পাঠানো হয়েছে। তবে আবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে না। তাঁকে সাধারণ পাসপোর্ট কিংবা ভ্রমণ নথির মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার।
আওয়ামী লীগের তৎপরতা ও দেশে অশান্তির অভিযোগ (Sheikh Hasina Return to Bangladesh)
২০২৪ সালের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকে দলের বহু নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন। সাবেক মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের একাংশ মানবতাবিরোধী অপরাধ-সহ বিভিন্ন মামলায় কারাবন্দি। জুলাই-অগস্টের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে।
এদিকে, গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে ঢাকা-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি ককটেল বিস্ফোরণ এবং ৩২টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের সংবাদমাধ্যম বিষয়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক কামারুম মুনিরা জানিয়েছেন, এই ঘটনাগুলিতে অন্তত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনাগুলির সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্ত থাকার সূত্রও পাওয়া গিয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁর বক্তব্য, ককটেল বিস্ফোরণের কোনও শব্দ তিনি শোনেননি। তাঁর দাবি, আওয়ামী লীগের উপর যতই দায় চাপানোর চেষ্টা হোক, তাতে দলের প্রতি মানুষের ভালোবাসা কমবে না। অন্যদিকে, গোপালগঞ্জ, মাদারীপুর-সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিলের খবরও সামনে এসেছে।
দেশে ফিরতে পারবেন কি শেখ হাসিনা? (Sheikh Hasina Return to Bangladesh)
শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টিও তাঁর দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, রায়ের পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও শেখ হাসিনা আপিল করেননি। ফলে ভবিষ্যতে তাঁর আপিল করার আইনি সুযোগ নেই বলে তিনি দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরলে আপিলের শুনানি ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি তৈরি হতে পারে।
আওয়ামী লীগের মুখপাত্র মহম্মদ আলী আরাফাত অবশ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এতদিন সরকার বলেছে শেখ হাসিনা দেশে ফিরলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁর বিচার হবে। এখন তিনি দেশে ফিরতে চাইছেন, অথচ সরকার সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে তিনি জানিয়েছেন, এই বিষয়টি বিএনপি সরকারকে চাপে ফেলেনি। সরকার সতর্ক রয়েছে এবং বেআইনি কার্যকলাপ হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি কি সত্যিই চাপে? (Sheikh Hasina Return to Bangladesh)
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট-জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে বিএনপির অন্দরেও ভিন্ন মত রয়েছে। দলের একাংশ মনে করছে, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না; বরং এই তৎপরতার মাধ্যমে সরকারকে চাপে রাখার চেষ্টা হচ্ছে। আবার অন্য অংশের প্রশ্ন, হাইকমিশনে পাঠানো চিঠির বিষয়টি নিয়ে সরকার অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে কি না।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতা ও সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির তরফে নানা ষড়যন্ত্র চলছে। বুধবার সংসদে তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা একদিকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা, অন্যদিকে বিএনপি সরকারকে কিছুটা চাপে রাখার কৌশলও হতে পারে। তবে সাম্প্রতিক অশান্তির ঘটনাগুলি সামলাতে বিএনপি সরকার কতটা প্রস্তুত, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন, নিরাপত্তা পরিস্থিতি এবং বিএনপি সরকারের প্রতিক্রিয়া—সবকিছু বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। তবে শেখ হাসিনা সত্যিই ডিসেম্বর মাসে দেশে ফিরবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা
বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল












“শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর, সতর্ক বিএনপি সরকার”-এ 1-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।